খাজার দাবি ‘সম্পূর্ণ মিথ্যা’ বললেন সাবেক কোচ হিক, তাঁর নিয়োগ নিয়ে প্রশ্ন ওয়ার্নারের
আট বছর আগের ‘স্যান্ডপেপারগেট’ কেলেঙ্কারি নিয়ে সাবেক ওপেনার উসমান খাজার দাবিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটিং কোচ গ্রায়েম হিক। এরপর উল্টো হিকের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন ডেভিড ওয়ার্নার।
খাজার আত্মজীবনী ‘সবর’-এ দাবি করা হয়েছে, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনা সম্পর্কে পুরো সফরকারী দল জানত। খাজা দাবি করেছেন, কেপটাউনের আগের টেস্টেও স্যান্ডপেপার ব্যবহার করা হয়েছিল।
খাজার এই বক্তব্যের বিরোধিতা করা অস্ট্রেলিয়ার কোচিং স্টাফের দ্বিতীয় সদস্য হিক। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম ‘দ্য সিডনি মর্নিং হেরাল্ড’কে তিনি বলেন, কোচদের নিয়ে বিভিন্ন বক্তব্য তিনি দেখেছেন এবং এসব বক্তব্যের সামগ্রিক ধরন তাঁকে খুব হতাশ করেছে।
হিক বলেন, ‘খাজা বিষয়টি খুব সহজভাবে বলেছেন—“আমরা সবাই জড়িত ছিলাম। শুধু ব্যাটাররা নয়, শুধু বোলাররা নয়, শুধু স্টাফরাও নয়। আমরা সবাই।” আমার কাছে খাজার এই ইঙ্গিত সম্পূর্ণ মিথ্যা।’
স্যান্ডপেপার ব্যবহারের বিষয় আগে থেকে জানতেন না বলে হিক বলেন, ‘পোর্ট এলিজাবেথ কিংবা কেপটাউনে বল বিকৃতি নিয়ে যে আলোচনা হয়েছিল, সে বিষয়ে আমি সত্যি করে বলতে পারি, কিছুই শুনিনি বা জানতাম না। এ বিষয়ে প্রথম জানতে পারি কেপটাউনের বড় পর্দায় ঘটনাটি দেখানোর সময়। তখন আমি বাইরের বারান্দায় বসে ছিলাম।’
নিজের বইতে খাজা আরও দাবি করেন, কেপটাউন টেস্টের এক বিরতিতে কোচিং স্টাফের একজন সদস্য ক্যামেরন ব্যানক্রফটকে স্যান্ডপেপার ব্যবহারে উৎসাহিত করেছিলেন। তবে ওই কোচ কে ছিলেন, তা তিনি প্রকাশ করেননি। অস্ট্রেলিয়ার তৎকালীন প্রধান কোচ ড্যারেন লেহম্যান এবং হিক—দুজনেই এমন ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন।
এদিকে হিকের মন্তব্যের পর দীর্ঘদিন খাজার ওপেনিং সঙ্গী ও বন্ধু ডেভিড ওয়ার্নার উল্টো কোচের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ওয়াইড ওয়ার্ল্ড অব স্পোর্টসের একটি পোস্টের জবাবে ওয়ার্নার লিখেছেন, ‘চলুন তথ্যগুলো স্পষ্ট করি। গ্রায়েম হিককে নিয়োগ দেওয়া হয়েছিল শুধু এ কারণে যে, মাইকেল ডি ভেনুটোকে তার প্রাপ্য পারিশ্রমিক দিতে ক্রিকেট অস্ট্রেলিয়া রাজি ছিল না।’
ওয়ার্নার আরও লেখেন, খেলোয়াড় হিসেবে মাইকেল ডি ভেনুটোকে তাঁরা এতটাই মূল্যায়ন করতেন যে, তাঁকে ধরে রাখতে নিজেদের বেতন থেকে অর্থ দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন। ২০১৭ সালে নিউজিল্যান্ড সফরের সময় এসব আলোচনা হয়েছিল। তাঁর ভাষ্য, বিষয়টি থেকেই বোঝা যায় তাঁরা ডি ভেনুটোকে কতটা সম্মান করতেন এবং দলের সঙ্গে রাখতে কতটা আগ্রহী ছিলেন, আর গ্রায়েম হিক কেন কথা বলছেন, সেটির পেছনেও এটি একটি কারণ।
ওয়ার্নারের এই মন্তব্য নিয়ে হিকের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও তিনি কথা বলতে চাননি।



