পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর, বসবে শ্রম অধিদপ্তরে

পোশাকশিল্প খাতের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম মজুরির হার সুপারিশ করার লক্ষ্যে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আগামী সোমবার ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার ১২ নভেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখা থেকে এ সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়েছে।
বোর্ড জানিয়েছে, ১৬ নভেম্বর সকাল ১১টায় বোর্ডের চেয়ারম্যান ও জেলা জজ সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে।
সভাটি আগে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বোর্ডের নিজস্ব কার্যালয়ে হওয়ার কথা ছিল। তবে সভাকক্ষে স্থান সংকুলান না হওয়ায় এবং শ্রমিক ও সংবাদকর্মীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সভার স্থান পরিবর্তন করা হয়েছে।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী সভাটি শ্রম অধিদপ্তরে অনুষ্ঠিত হবে বলে বোর্ড জানিয়েছে।
সভার আলোচ্যসূচিতে রয়েছে পোশাকশিল্পের মালিকপক্ষের প্রতিনিধির পক্ষ থেকে মজুরি হারের লিখিত প্রস্তাব দাখিল এবং এই খাতে নিযুক্ত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম মজুরি হারের সুপারিশ প্রণয়ন নিয়ে আলোচনা।




