অধিনায়ক আহরারের অপরাজিত ১৩১ রানে এনসিএল দ্বিতীয় একাদশের ফাইনালে চালকের আসনে ঢাকা

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় একাদশের ফাইনালে ব্যাট হাতে দাপট দেখিয়েছে ঢাকা দ্বিতীয় একাদশ। অধিনায়ক আহরার আমিন পিয়ানের অপরাজিত সেঞ্চুরি ও রিফাত বেগের ৮৭ রানের ইনিংসে ভর করে প্রথম ইনিংসে বড় লিডের পথে এগিয়ে গেছে ঢাকা।
খুলনা দ্বিতীয় একাদশের ১৩৭ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ২৯০ রান করেছে ঢাকা। এতে প্রথম ইনিংসে ১৫৩ রানের লিড পেয়েছে তারা।
নারায়ণগঞ্জের পূর্বাচলে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে ফাইনালের প্রথম দিন টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠান ঢাকা অধিনায়ক আহরার। ইয়াসিন হোসেনের পাঁচ উইকেটে প্রথম ইনিংসে মাত্র ১৩৭ রানেই গুটিয়ে যায় খুলনা। জবাবে দিন শেষে বিনা উইকেটে ১৫ রান তুলেছিল ঢাকা।
বৃহস্পতিবার দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকার। ২৯ রানের মধ্যেই দুই ওপেনারের উইকেট হারায় তারা। ঋত্বিক রায় ১২ এবং আইচ মোল্লা করেন ২ রান।
এরপর রিফাত বেগকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক আহরার। তৃতীয় উইকেটে দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় ঢাকা।
১৯৩ বলে ১১টি চারে ৮৭ রান করে রবিউল ইসলাম রবির শিকার হন রিফাত। এরপর দেবাশীষ সরকার ২৯ ও শাকিল হোসেন ১২ রান করে অধিনায়ককে সঙ্গ দেন।
এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন আহরার। দিন শেষে ২২৭ বলে ৯টি চার ও ৭টি ছক্কায় ১৩১ রান নিয়ে অপরাজিত আছেন ঢাকা অধিনায়ক।
৮৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ঢাকার সংগ্রহ ২৯০ রান। হাতে চার উইকেট রেখে ১৫৩ রানের লিড নিয়ে ফাইনালে শক্ত অবস্থানে রয়েছে ঢাকা। খুলনার হয়ে ৩৮ ওভারে ১০৭ রান দিয়ে চারটি উইকেট নিয়েছেন রবিউল ইসলাম রবি।




