…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

কিশোরগঞ্জের বিদ্যালয়ে কাগজে ৬০ শিক্ষার্থী, ক্লাসে মাত্র ৪ জন

নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের বিদ্যালয়ে কাগজে ৬০ শিক্ষার্থী, ক্লাসে মাত্র ৪ জন
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি কুঁড়েরপাড় নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কাগজে-কলমে শিক্ষার্থী ৬০ জন, কিন্তু বাস্তবে ক্লাসে উপস্থিত পাওয়া গেছে মাত্র চারজনকে। এই চার শিক্ষার্থীর জন্যই বিদ্যালয়ে আটজন শিক্ষক রয়েছেন, আর আয়া-দপ্তরিসহ মোট ১৪ জন নিয়মিত বেতন-ভাতা তুলছেন।

বৃহস্পতিবার সকালে বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায়, চারদিকে সুনসান নীরবতা, শিক্ষার্থীদের কোনো কোলাহল নেই। অফিসকক্ষে শিক্ষার্থীদের জন্য দেওয়া বই স্তূপ করে রাখা হয়েছে, সেখানে কয়েকজন শিক্ষক বসে গল্পগুজব করছিলেন।

শ্রেণিকক্ষগুলো ঘুরে দেখা যায়, ষষ্ঠ শ্রেণির কক্ষে দুজন শিক্ষার্থী খেলা করছে, সপ্তম শ্রেণিতে একজন শিক্ষার্থী বসে আছে, আর অষ্টম শ্রেণির কক্ষে একজন শিক্ষার্থীর ক্লাস নিচ্ছেন একজন শিক্ষক। বিদ্যালয়ের হাজিরা খাতায় গত আগস্টের পর থেকে এখন পর্যন্ত কারও হাজিরা নেই।

স্থানীয়রা বলছেন, বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্টদের উদাসীনতার কারণেই শিক্ষার্থী কমে গেছে। তাঁদের মতে, স্কুলে পড়াশোনার মান ভালো হলে শিক্ষার্থীর সংখ্যা বাড়ত। করোনার আগে প্রতি ক্লাসে ২০ জনের বেশি শিক্ষার্থী নিয়মিত ক্লাস করত বলে এলাকাবাসী জানিয়েছেন।

এলাকাবাসীর ভাষ্য, কয়েক বছর ধরে বিদ্যালয়টিতে শিক্ষার্থীর হার কমছে। কয়েকজন শিক্ষক অবসরে যাওয়ার পর বিদ্যালয়ে আর ঠিকমতো পড়াশোনা হয় না, তাই নতুন শিক্ষার্থী ভর্তিও নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, তাঁর বাড়ির পাশেই বিদ্যালয়টি, তবু তিনি কয়েক কিলোমিটার দূরের একটি স্কুলে মেয়েকে ভর্তি করিয়েছেন, কারণ সেখানে লেখাপড়ার মান এই বিদ্যালয় থেকে অনেক ভালো। তিনি আরও বলেন, এই স্কুলে অষ্টম শ্রেণি পাস করার পর অন্য স্কুলে যেতেই হবে, তাই আগে থেকেই অন্য বিদ্যালয়ে ভর্তি করে রেখেছেন।

১৯৮৬ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির প্রধান শিক্ষক মাহফুজুল আলম বলেন, এক কিলোমিটারের মধ্যে তিনটি বিদ্যালয় ও কওমি মাদরাসা থাকায় ছাত্রী কমে গেছে। এ ছাড়া অনেকেই কিন্ডারগার্টেনে লেখাপড়া করায় এ বছর সমস্যা বেশি হয়েছে। তাঁর ভাষ্য, বিদ্যালয়টি অষ্টম শ্রেণি পর্যন্ত হওয়ায় অষ্টম শ্রেণি পাসের পর অন্য স্কুলে যেতে হয় বলে অভিভাবকেরা প্রথম থেকেই অন্য স্কুলে ভর্তি করিয়ে দেন। অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে শিক্ষার্থী পাওয়ার চেষ্টা চলছে বলেও তিনি জানান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ওমর ফারুক ভূঞা বলেন, শিক্ষার্থী বাড়ানোর জন্য শিক্ষকদের বারবার তাগিদ দেওয়া হচ্ছে, তাঁরা নিজেরাও বিদ্যালয়ে গিয়েছেন। তাঁর অভিযোগ, আশপাশের কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের দেখিয়ে বিদ্যালয় পরিচালনা করছে স্কুল কর্তৃপক্ষ।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপম দাস বলেন, বিষয়টি তিনি সংবাদমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছেন। বিদ্যালয়টির বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বলবেন এবং পরবর্তী পদক্ষেপ তিনি নিজে তদারক করবেন।

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, শিক্ষক আছেন কিন্তু শিক্ষার্থী নেই—এমন পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়। এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা প্রশাসনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলবেন বলে তিনি জানান।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

ঝিনাইদহে আল-কলম মডেল মাদ্রাসায় শিক্ষার্থীদের ক্লে-ক্রাফট প্রদর্শনী, ১৭ স্টলে সাড়ে ৩৫০ শিল্পকর্ম

ঝিনাইদহ শহরের আদর্শপাড়ার আল-কলম মডেল মাদ্রাসায় শিক্ষার্থীদের ক্লে ও ক্রাফটের শিল্পকর্মের ব্যতিক্রমী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের হাতে তৈ…

শিক্ষা

র‍্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও যৌন হয়রানির দায়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৭ শিক্ষার্থী বহিষ্কার

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‍্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও যৌন হয়রানির দায়ে ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে র‍্যা…

শিক্ষা

ঠাকুরগাঁওয়ে ছয় স্কুলের শিক্ষার্থীদের হাতে বই, বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির সম্প্রসারণ

ঠাকুরগাঁও জেলায় সম্প্রসারণ করা হয়েছে বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে পরিচালিত বইপড়া কর্মসূচি। স্কুলশিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গ…

জার্মানিতে শিক্ষার্থী ভিসা সহজ হচ্ছে: ১ জানুয়ারি থেকে ডিজিটাল পোর্টালে আবেদন
শিক্ষা

জার্মানিতে শিক্ষার্থী ভিসা সহজ হচ্ছে: ১ জানুয়ারি থেকে ডিজিটাল পোর্টালে আবেদন

জার্মানিতে উচ্চশিক্ষা নিতে বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ দিন দিন বাড়ছে। ভিসার অ্যাপয়েন্টমেন্ট পেতে দীর্ঘ অপেক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদন প্রক…