কিশোরগঞ্জের ইটনায় ১৬ ঘণ্টার অভিযানে ১৭ মামলার আসামি হযরত আলী গ্রেপ্তার
খুন, ডাকাতি, চুরি, অপহরণ ও মারামারিসহ ১৭টি মামলার আসামি হযরত আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা আড়াইটার দিকে কিশোরগঞ্জের ইটনা উপজেলার এলংজুরি ইউনিয়নের কাকটেঙ্গুর গ্রামের একটি পরিত্যক্ত স্থাপনা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, হযরত আলী আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। হাওরাঞ্চলে নৌ-ডাকাতি, চুরি ও ডাকাতির একাধিক ঘটনায় তিনি নেতৃত্ব দিয়ে আসছিলেন।
তাঁর বিরুদ্ধে ইটনা ও মিঠামইন থানায় খুন ও ডাকাতিসহ মোট ১৭টি মামলা রয়েছে। জেলা পুলিশের তালিকায় তিনি মোস্ট ওয়ান্টেড আসামি ছিলেন।
হযরত আলী কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত মগল মিয়ার ছেলে।
তাঁকে গ্রেপ্তারে ইটনা থানা-পুলিশ টানা ১৬ ঘণ্টা অভিযান চালায়।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ খান জানান, গত বর্ষা মৌসুমে হাওরে সংঘটিত একাধিক ডাকাতির ঘটনায় নেতৃত্ব দেন হযরত আলী। তাঁকে গ্রেপ্তারে পুলিশ একাধিকবার অভিযান চালালেও কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন তিনি।
ওসি বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, উপজেলার ছিলনী সেতু এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন হযরত আলী। সেখানে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পাশের কাকটেঙ্গুর গ্রামের দিকে সরে গিয়ে আত্মগোপন করেন।
এরপর রাতভর কাকটেঙ্গুর গ্রামে অভিযান চালায় পুলিশ। রাতে তাঁকে না পেয়ে বৃহস্পতিবার দিনেও অভিযান অব্যাহত রাখা হয়।
অভিযানে ওসি হাবিবুল্লাহ খান নিজে নেতৃত্ব দেন। এ ছাড়া উপপরিদর্শক (এসআই) সজীব কুমার দত্ত, একেএম মোশারফ হোসেন, মো. সালাহ উদ্দিন ও মো. সামছুল আলম সাব্বির এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) আলমগীর ভূইয়া, মোস্তাক হোসেন ও মো. মেহেদী হাসানসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।
হযরত আলীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


