…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

উলিপুরে বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও দুই বছর ধরে বেতন তোলার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে, তদন্ত শুরু

নিজস্ব প্রতিবেদক
উলিপুরে বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও দুই বছর ধরে বেতন তোলার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে, তদন্ত শুরু
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ভবেশ আদর্শ উচ্চবিদ্যালয়ের অফিস সহায়ক ও নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে।

অভিভাবক ও এলাকাবাসীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস তদন্ত শুরু করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২২ সালের শুরুতে অফিস সহায়ক পদে হাতিয়া ভবেশ আদর্শ উচ্চবিদ্যালয়ে যোগ দেন নজরুল ইসলাম। একই বছরের নভেম্বরে তিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি হন।

অভিযোগ রয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেন।

অভিযোগকারীদের ভাষ্য, তাঁর মামা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঈদুল ইসলাম অনুপস্থিতির বিষয়টি গোপন রেখে হাজিরা খাতায় তাঁকে নিয়মিত উপস্থিত দেখিয়ে আসছেন। এর ফলে নজরুল ইসলাম নিয়মিত সরকারি বেতন-ভাতা উত্তোলন করতে পারছেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

বিদ্যালয়ের জমিদাতা ও শিক্ষার্থীর অভিভাবক শাহ আলম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।

এর পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সাজ্জাদ হোসেন। পরিদর্শনকালে অফিস সহায়ক নজরুল ইসলামকে বিদ্যালয়ে অনুপস্থিত পাওয়া যায়।

এ সময় শিক্ষার্থীরা জানায়, গণ-অভ্যুত্থানের পর থেকে নজরুল ইসলামকে আর বিদ্যালয়ে আসতে দেখেনি তারা।

এনামুল হক, মাঈদুল, হারুন, সিরাজুল, শাহজামাল, নান্নু ও মানিক মিয়াসহ স্থানীয় লোকজনের অভিযোগ, প্রধান শিক্ষক মাঈদুল ইসলাম বিদ্যালয়টিকে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছেন। তাঁদের ভাষ্য, তাঁর স্বজনদের মধ্যে সহকারী শিক্ষক, অফিস সহায়ক, আয়া, পরিচ্ছন্নতাকর্মী ও নৈশপ্রহরীসহ মোট ছয়জন কর্মরত রয়েছেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী বলেন, নজরুল ইসলাম আগে মাঝেমধ্যে বিদ্যালয়ে আসতেন। তবে কিছুদিন ধরে তাঁকে আর দেখা যাচ্ছে না।

অভিযোগকারী শাহ আলম বলেন, নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে আসেন না। অথচ প্রধান শিক্ষকের সহযোগিতায় হাজিরা খাতায় নিয়মিত উপস্থিতি দেখিয়ে বেতন-ভাতা উত্তোলন করছেন। বিষয়টির সুষ্ঠু তদন্ত ও প্রতিকার চেয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

আত্মগোপনে থাকায় অভিযোগের বিষয়ে অফিস সহায়ক নজরুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।

প্রধান শিক্ষক মাঈদুল ইসলাম বলেন, নজরুল ইসলাম আগে নিয়মিত বিদ্যালয়ে আসতেন। তবে চলতি নভেম্বর মাসে তিনি অনুপস্থিত রয়েছেন। কেন অনুপস্থিত জানতে চাইলে তিনি বলেন, নজরুল ছুটিতে আছেন। ছুটির আবেদনের কপি দেখতে চাইলে তিনি জানান, সেটি বাড়িতে রয়েছে।

বিদ্যালয়ে তাঁর আত্মীয়স্বজনের ছয়জন কর্মরত থাকার বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক কোনো সদুত্তর দিতে পারেননি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সাজ্জাদ হোসেন বলেন, অভিযোগ পেয়ে বিদ্যালয় পরিদর্শন করে অফিস সহায়ক নজরুল ইসলামকে পাওয়া যায়নি। হাজিরা খাতা, ছুটির আবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র বিদ্যালয় থেকে সংগ্রহ করা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই কোনো মন্তব্য করা ঠিক হবে না। তদন্ত শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত প্রতিবেদন পাঠানো হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম. আরিফ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

ঝিনাইদহে আল-কলম মডেল মাদ্রাসায় শিক্ষার্থীদের ক্লে-ক্রাফট প্রদর্শনী, ১৭ স্টলে সাড়ে ৩৫০ শিল্পকর্ম

ঝিনাইদহ শহরের আদর্শপাড়ার আল-কলম মডেল মাদ্রাসায় শিক্ষার্থীদের ক্লে ও ক্রাফটের শিল্পকর্মের ব্যতিক্রমী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের হাতে তৈ…

শিক্ষা

র‍্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও যৌন হয়রানির দায়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৭ শিক্ষার্থী বহিষ্কার

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‍্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও যৌন হয়রানির দায়ে ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে র‍্যা…

শিক্ষা

ঠাকুরগাঁওয়ে ছয় স্কুলের শিক্ষার্থীদের হাতে বই, বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির সম্প্রসারণ

ঠাকুরগাঁও জেলায় সম্প্রসারণ করা হয়েছে বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে পরিচালিত বইপড়া কর্মসূচি। স্কুলশিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গ…

জার্মানিতে শিক্ষার্থী ভিসা সহজ হচ্ছে: ১ জানুয়ারি থেকে ডিজিটাল পোর্টালে আবেদন
শিক্ষা

জার্মানিতে শিক্ষার্থী ভিসা সহজ হচ্ছে: ১ জানুয়ারি থেকে ডিজিটাল পোর্টালে আবেদন

জার্মানিতে উচ্চশিক্ষা নিতে বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ দিন দিন বাড়ছে। ভিসার অ্যাপয়েন্টমেন্ট পেতে দীর্ঘ অপেক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদন প্রক…