…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

সাফ ম্যাচের পর জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের ওপর পুলিশের হামলা, শাস্তি চায় তিন সংগঠন

নিজস্ব প্রতিবেদক
সাফ ম্যাচের পর জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের ওপর পুলিশের হামলা, শাস্তি চায় তিন সংগঠন
ছবি: সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ শেষে জাতীয় স্টেডিয়ামের মিক্সড জোনে দায়িত্ব পালনকালে ক্রীড়া সাংবাদিকদের ওপর পুলিশের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেশের ক্রীড়া সাংবাদিকদের তিনটি সংগঠন।

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ), বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি (বিএসজেসি) হামলায় জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং কর্মক্ষেত্রে ক্রীড়া সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

বৃহস্পতিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বরাবর পাঠানো এক যৌথ প্রতিবাদলিপিতে এসব দাবি জানায় সংগঠন তিনটি।

প্রতিবাদলিপিতে বলা হয়, বুধবার বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ শেষে জাতীয় স্টেডিয়ামের নির্ধারিত মিক্সড জোনে পেশাগত দায়িত্ব পালন করছিলেন একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার নাহিয়ান বিন জসীম, স্পোর্টস রিপোর্টার হাসান সজিবসহ অন্য সাংবাদিকেরা। এ সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাঁদের কাজে বাধা দেন।

সাংবাদিকেরা নিজেদের পরিচয় ও অ্যাক্রিডিটেশন কার্ড দেখানোর পরও পরিস্থিতির উন্নতি হয়নি। একপর্যায়ে ২০ থেকে ২৫ জন পুলিশ সদস্য তাঁদের ওপর হামলা চালান বলে সংগঠনগুলো অভিযোগ করেছে।

এ ঘটনায় একাত্তর টেলিভিশনের স্পোর্টস রিপোর্টার হাসান সজিব গুরুতর আহত হন। তাঁর পায়ে আঘাত লাগে এবং কান থেকে রক্তক্ষরণ হয়। একই টেলিভিশনের ক্যামেরাপার্সন কে এম মিজানের কনুই রক্তাক্ত হয় এবং এ সময় তাঁর ক্যামেরাও ভাঙচুর করা হয়। সিনিয়র রিপোর্টার নাহিয়ান বিন জসীমও শারীরিক লাঞ্ছনার শিকার হন।

যৌথ প্রতিবাদলিপিতে তিনটি দাবি জানানো হয়েছে। প্রথমত, ঘটনার নিরপেক্ষ তদন্তে কমিটি গঠন করে হামলায় জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করতে হবে এবং তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয়ত, সাফ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দায়িত্ব পালনে অবহেলা, টুর্নামেন্ট আয়োজনের অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতার তদন্ত করতে হবে। তৃতীয়ত, দেশের সব স্টেডিয়াম ও ক্রীড়া ভেন্যুতে সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের জন্য স্থায়ী ও কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। তাদের নিয়োগ করা ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান টিএসএ স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট, আর সহযোগী হিসেবে কাজ করছে বাফুফে। আয়োজনের বিভিন্ন ক্ষেত্রে অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতার পাশাপাশি সংবাদকর্মীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগও তুলেছে সংগঠন তিনটি।

যৌথ প্রতিবাদলিপিতে স্বাক্ষর করেছেন বিএসপিএর সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ, বিএসজেএর সাধারণ সম্পাদক এসএম সুমন এবং বিএসজেসির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

শ্রাবণের ভুলে জিতেও সহমর্মী পাকিস্তান কোচ সোলানো, হামজাকে আটকানোই ছিল তাঁদের ছক
খেলা

শ্রাবণের ভুলে জিতেও সহমর্মী পাকিস্তান কোচ সোলানো, হামজাকে আটকানোই ছিল তাঁদের ছক

ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত মেহেদী হাসান শ্রাবণই ছিলেন বাংলাদেশের রক্ষণের শেষ ভরসা। আলী উজাইর, আদিল নবী কিংবা আলী খানের নিশ্চিত গোলমুখী শট ফিরিয়ে দিয়ে …

‘খেলোয়াড়রা রোবট নয়’—চাপেই ভাঙল বাংলাদেশ, সমর্থন চালিয়ে যেতে বললেন পাকিস্তান কোচ
খেলা

‘খেলোয়াড়রা রোবট নয়’—চাপেই ভাঙল বাংলাদেশ, সমর্থন চালিয়ে যেতে বললেন পাকিস্তান কোচ

জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে তখনো বিষাদের ছায়া, ড্রেসিংরুমে পিনপতন নীরবতা। দীর্ঘ ২১ বছরের অপেক্ষা ঘুচিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন …

খেলা

অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে ভুটানকে ৪-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় অনুষ্ঠিত ম্যাচে বড় …

শেষ মুহূর্তের গোলে সাফের ফাইনালের স্বপ্ন ভাঙল বাংলাদেশের, গ্যালারিতে আগুন
খেলা

শেষ মুহূর্তের গোলে সাফের ফাইনালের স্বপ্ন ভাঙল বাংলাদেশের, গ্যালারিতে আগুন

ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ ফুটবলের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে ফাইনালের স্বপ্ন ভেঙেছে বাংলাদেশের। ম্যাচের ৮৬ মিনিটে পাকিস্তানের মিডফি…