‘বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই’ — পূর্ণাঙ্গ সিরিজের আগে সতর্ক প্রোটিয়া ক্রিকেটাররা
একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। এই সফরে থাকছে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ। শক্তিমত্ত্বার বিচারে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে থাকলেও টাইগারদের নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন প্রোটিয়া ক্রিকেটাররা।
সুপারস্পোর্টকে দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ বলেছেন, ‘বাংলাদেশ অনেক ভালো ক্রিকেট খেলছে। তারা এমন একটি দল, যারা সবসময় সাদা বলের ক্রিকেটে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করে আসছে। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করেছে তারা, যেমনটা লম্বা সময় ধরে তারা করতে পারেনি।’
মহারাজ আরও বলেন, ‘দারুণ কিছু ফাস্ট বোলার আছে তাদের। সেই সঙ্গে তরুণ কিছু ক্রিকেটারও উঠে আসছে। সাথে ব্যাটিংয়েও দারুণ ভারসাম্য রয়েছে তাদের।’
বাংলাদেশের স্পিন শক্তির কথাও তুলে ধরেন মহারাজ। তিনি বলেন, ‘বিশ্বমানের কিছু স্পিনারও রয়েছে। তারা এমন কোনো দল নয়, যাদের হালকাভাবে নেওয়া যাবে। এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে আমার মনে হয় না কোনো দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ আছে। কারণ এখানে পয়েন্টের অনেক ব্যাপার রয়েছে। বাংলাদেশ দলটি ট্রানজিশনের মধ্যে রয়েছে, সঙ্গে তারা এখানে আসার আগে অনেক ক্রিকেটও খেলেছে।’
দক্ষিণ আফ্রিকার বোলিং অলরাউন্ডার সিমোন হার্মারও টাইগারদের হালকাভাবে দেখছেন না। তিনি বলেন, ‘বাংলাদেশ দল হিসেবে বেশ উন্নতি করেছে। তাদের দলে দারুণ কিছু বোলার রয়েছে, যারা বেশ জোরে বল করতে পারে। ভালো কিছু স্পিনারের সাথে দারুণ কিছু ব্যাটারও রয়েছে।’
হার্মার বলেন, ‘আমাদের জন্য বেশ সিরিয়াস টেস্ট হতে যাচ্ছে। এই দলটা আমরা যতগুলো বাংলাদেশ দলকে মোকাবেলা করেছি, তার মধ্যে সবচেয়ে কঠিন দল হতে যাচ্ছে। আমি নিশ্চিত, আমরা কেউ তাদের হালকাভাবে নেব না। আমরা জানি তাদের সামর্থ্য কতখানি।’
এইডেন মারক্রামও বাংলাদেশকে নিয়ে বেশ সতর্ক। তিনি বলেন, ‘তারা (বাংলাদেশ) স্বাভাবিকভাবেই স্পিনে খুব ভালো খেলে। সাথে দলে দারুণ কিছু স্পিনারও রয়েছে। তাদের ব্যাটাররাও এখন প্রমাণ করছেন যে তারা পেস ও বাউন্স সামলাতে পারেন।’
মারক্রাম আরও বলেন, পেস-সহায়ক কন্ডিশনে জোরে ও ভালো জায়গায় বল করতে পারার মতো দারুণ কিছু বোলার রয়েছে বাংলাদেশ দলে। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়াতে তারা প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। আমার কোনো সন্দেহ নেই, তারা এখানেও একই ইনটেনশন নিয়ে আসবে।’



