রায়পুরে দুধের কৌটা থেকে উদ্ধার ১১টি শক্তিশালী বোমা নিষ্ক্রিয় করল ডিএমপির দল
লক্ষ্মীপুরের রায়পুরে মাটির নিচে পুঁতে রাখা দুটি বিদেশি দুধের কৌটা থেকে উদ্ধার হওয়া বড় ৬টি ও ছোট ৫টিসহ মোট ১১টি শক্তিশালী আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বোমা নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চর কাচিয়া গ্রামে বিল্লাল ব্যাপারীর খেয়াঘাটের উত্তর পাশে ফসলি জমির একটি খালি জায়গায় বিশেষজ্ঞ দলের সদস্যরা বোমাগুলো নিষ্ক্রিয় করেন।
এর আগে বুধবার রাতে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ সেলের চার সদস্যের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে কৌটাগুলোর ভেতরে একাধিক শক্তিশালী আইইডি বোমার অস্তিত্ব নিশ্চিত করে।
গত মঙ্গলবার বিকেলে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের মৃত আবু তাহের সিকদারের ভাড়া দেওয়া বাড়ির উঠোনের মাটির নিচে খোঁড়া গর্ত থেকে দুধের কৌটা দুটি উদ্ধার করা হয়।
কৌটাগুলোতে বিস্ফোরক থাকার আশঙ্কায় দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থলে সার্বক্ষণিক পুলিশি পাহারা বসানো হয়েছিল। পরে আদালতের নির্দেশে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ সেলকে বিষয়টি জানানো হয়।
পুলিশ জানায়, গত ৩ নভেম্বর খাসেরহাট বাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি এবং তিনজনকে ছুরিকাঘাতের ঘটনায় ভোলা সদর উপজেলার বাসিন্দা সাইফুল ইসলাম সুজন নামে এক ব্যক্তির সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তিনি ওই বাড়িতে ভাড়া থাকতেন।
গত সোমবার তাঁর ভাড়া নেওয়া ঘরের একটি কক্ষ থেকে বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁঞা জানান, বিদেশি দুধের কৌটা দুটিতে একাধিক শক্তিশালী আইইডি বোমা রয়েছে বলে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা প্রাথমিকভাবে নিশ্চিত করেছিলেন এবং বৃহস্পতিবার দুপুরে বিশেষজ্ঞ দল সেগুলো সফলভাবে নিষ্ক্রিয় করেছে।


