বাংলাদেশকে কঠিনতম প্রতিপক্ষ বলছেন মার্করাম ও হার্মার, ঘরের মাঠেও সতর্ক দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকার মাটিতে আসন্ন সিরিজে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ হিসেবেই দেখছেন প্রোটিয়া ব্যাটার এইডেন মার্করাম। তাঁর মতে, আগের তুলনায় অনেক বেশি পরিণত ও ভারসাম্যপূর্ণ দল হয়ে উঠেছে বাংলাদেশ, তাই ঘরের মাঠে খেললেও টাইগারদের বিপক্ষে সতর্ক থাকতে হচ্ছে স্বাগতিকদের।
একসময় স্পিননির্ভর দল হিসেবে পরিচিত ছিল বাংলাদেশ। তবে সাম্প্রতিক সময়ে পেস ও বাউন্স সামলানোর দক্ষতা বেড়েছে ব্যাটারদের, পাশাপাশি পেস আক্রমণেও এসেছে উল্লেখযোগ্য উন্নতি। বাংলাদেশের এই পরিবর্তনকেই গুরুত্ব দিচ্ছেন মার্করাম।
সুপারস্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে মার্করাম বলেন, বাংলাদেশ স্বাভাবিকভাবেই স্পিনে খুব ভালো খেলে এবং তাদের দলে দারুণ কিছু স্পিনার রয়েছে। তবে ব্যাটাররাও এখন পেস ও বাউন্স সামলানোর সামর্থ্য প্রমাণ করছে, আর পেস সহায়ক কন্ডিশনে জোরে ও সঠিক জায়গায় বল করতে পারে এমন বোলারও রয়েছে তাদের।
মার্করাম আরও বলেন, সব মিলিয়ে বাংলাদেশ এখন অনেক বেশি ভারসাম্যপূর্ণ দল, অস্ট্রেলিয়ায় তারা সেটি প্রমাণ করেছে। তাঁর সন্দেহ নেই, একই মানসিকতা নিয়েই তারা দক্ষিণ আফ্রিকায় আসবে। নিজেদের সেরাটা দিতে হবে জানিয়ে তিনি কঠিন সিরিজের প্রত্যাশা করছেন।
বাংলাদেশের উন্নতি নিয়ে সতর্ক দক্ষিণ আফ্রিকার স্পিনার সাইমন হার্মারও। তাঁর চোখে, এখন পর্যন্ত যেসব বাংলাদেশ দলের বিপক্ষে তিনি খেলেছেন, সেগুলোর মধ্যে বর্তমান দলটিই সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হতে পারে।
হার্মারের মতে, বাংলাদেশের দলে ভালো মানের পেসার, স্পিনার ও ব্যাটার রয়েছেন। ফলে প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই।
দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ এখন দক্ষিণ আফ্রিকায় আছে। প্রোটিয়াদের কন্ডিশনে এই সিরিজ বাংলাদেশের জন্য বড় পরীক্ষা।
বিশেষ করে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো করার চ্যালেঞ্জ থাকবে নাজমুল হোসেন শান্তর দলের সামনে।




