রুমার জুমে তিল তোলার প্রস্তুতি, বড় বৃষ্টি না হলে বাম্পার ফলনের আশা চাষিদের
বান্দরবানের রুমা উপজেলায় পাহাড়ের জুমে তিল তোলার প্রস্তুতি চলছে। তিলের ফলন উত্তোলনের প্রস্তুতি হিসেবে চাষিরা তিলগাছের ডাল কেটে বোঁধা (আঁটি) বাঁধার কাজে ব্যস্ত সময় পার করছেন। রোদে শুকিয়ে এক সপ্তাহের মধ্যে বোঁধা থেকে তিলের ফলন ঘরে তোলা হবে।
চাষিরা জানান, গত বছর পাহাড়ি জুমে তিলগাছ ভালো হলেও ফলন তোলার সময় অতিরিক্ত বৃষ্টি হওয়ায় ফলন তেমন ভালো হয়নি। যেটুকু ঘরে তোলা হয়েছিল, মানের দিক থেকে খারাপ হওয়ায় মণপ্রতি মাত্র চার হাজার টাকা দরে বিক্রি করতে বাধ্য হয়েছিলেন তারা।
রুমা সদর ইউনিয়নের বটতলীপাড়ার বাসিন্দা মেলান মার্মা বলেন, এবার এখনো বড় বৃষ্টি হয়নি। তাই তিলের ভালো ফলন ঘরে তোলা সম্ভব হবে এবং ভালো দামে বিক্রি করতে পারবেন বলে আশা করছেন জুমের তিলচাষিরা।
উপজেলা কৃষি অফিসের সংশ্লিষ্টরা জানান, চলতি বছরে পাহাড়ি জুমে প্রায় ৬০০ পরিবার জুমচাষি তাদের জুমে জুমধানসহ মারফা, ভুট্টা, চালকুমড়া, মিষ্টি কুমড়া ও নানা জাতীয় সবজির সাথী ফসল হিসেবে তিল চাষ করছেন। আবহাওয়া অনুকূল থাকায় খরিফ মৌসুমে এই তিলের বাম্পার ফলনের সম্ভাবনা সবচেয়ে বেশি।
উপজেলা কৃষি কর্মকর্তা একেএম ফরিদুল হক জানিয়েছেন, আগামী ১৫ দিনের মধ্যে বড় ধরনের কোনো বৃষ্টি না হলে তিলের বাম্পার ফলন চাষিদের জন্য সৌভাগ্যের বিষয় হবে। তিল সঠিক সময়ে ঘরে তুলতে পারলে তা বিক্রি করে কৃষকেরা আর্থিকভাবে লাভবান হবেন বলে জানিয়েছেন তিনি।
রুমা বাজারের মোহাম্মদ খলিলুর রহমান ও কাঁচামাল ব্যবসায়ীরা জানান, সাদা তিল বর্তমানে মণপ্রতি চার থেকে পাঁচ হাজার টাকা এবং কালো তিল মণপ্রতি তিন থেকে চার হাজার টাকা দরে কেনার প্রস্তুতি নিচ্ছেন তারা।
তবে নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী জানিয়েছেন, তিনি সাদা তিল মান দেখে ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা দরে কেনা শুরু করেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে কালো তিল পাঁচ হাজার টাকা দরে নেবেন তিনি।
ব্যবসায়ীরা বলেছেন, আবহাওয়া প্রতিকূল হলে দাম কমতে পারে। কারণ বৃষ্টিতে তিলের মান কমে যায়, তাই বেশি দামে কিনলে লোকসান হবে বলে জানিয়েছেন তারা।


