অভিনয়ে নামছেন ক্রিস্টিয়ানো রোনালদো, আসছে ফুটবলভিত্তিক টিভি সিরিজ ‘ডে ওয়ানস’
ফুটবল মাঠের পর এবার অভিনয়ে পা রাখতে চলেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ম্যাথু ভনের সঙ্গে যৌথভাবে ‘ইউআর মার্ভ স্টুডিওস’-এর ব্যানারে ‘ডে ওয়ানস’ নামের একটি নতুন টিভি সিরিজ নিয়ে আসছেন তিনি।
এই সিরিজে রোনালদো অভিনয়ের পাশাপাশি নির্বাহী প্রযোজক হিসেবেও থাকছেন।
সিরিজটি মূলত ব্রিটিশ ফুটবলের পেছনের গল্প, দলবদলের বাজারের বাণিজ্য এবং খেলোয়াড়দের এজেন্টদের প্রতিযোগিতাপূর্ণ দুনিয়াকে কেন্দ্র করে তৈরি হচ্ছে।
সিরিজের প্রধান চরিত্র ‘স্ট্যানলি ডাল্টন’ নামের এক ব্রিটিশ এজেন্টের ভূমিকায় অভিনয় করবেন জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা ড্যামিয়ান লুইস।
সিরিজে ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার থিয়েরি অঁরিও রয়েছেন। এ ছাড়া ব্রিটিশ র্যাপার সান্তান ডেভ এই সিরিজে যুক্ত রয়েছেন।
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এই প্রকল্পের শুটিং শুরুর খবর নিশ্চিত করে রোনালদো লিখেছেন, ‘দারুণ খবর! আমার প্রথম টিভি শো ‘ডে ওয়ানস’-এর নির্মাণকাজ সবে শুরু হয়েছে। আরও অনেক কিছু আসছে!’
শুটিংয়ের প্রাথমিক সেট হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রেন্টফোর্ডের ড্রেসিংরুম ব্যবহার করা হয়েছে।



