যশোর বোর্ডে এইচএসসি পুনঃপরীক্ষা ১ ডিসেম্বর, ফরম পূরণ করেছে ৩৯ হাজার ২২৭ শিক্ষার্থী
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় এক ও দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা শুরু হচ্ছে আগামী ১ ডিসেম্বর। এ পরীক্ষায় অংশ নিতে খুলনা বিভাগের ১০ জেলার মোট ৩৯ হাজার ২২৭ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছে।
ইতোমধ্যে পরীক্ষার আয়োজন ও কেন্দ্র নির্ধারণের প্রস্তুতি সম্পন্ন করেছে বোর্ড কর্তৃপক্ষ।
বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর যশোর শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ১২ হাজার ৭৯১ জন শিক্ষার্থী। প্রকাশিত ফলে উত্তীর্ণ হয় ৫০ হাজার ৬৬৮ জন।
অন্যদিকে, অকৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে এক ও দুই বিষয়ে অকৃতকার্য ৩৯ হাজার ২২৭ জন পুনঃপরীক্ষায় অংশ নেওয়ার জন্য নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ করেছে।
জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, পুনঃপরীক্ষায় সবচেয়ে বেশি শিক্ষার্থী অংশ নেবে খুলনা জেলা থেকে। এ জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ৪৯৪ জন। এ ছাড়া যশোরে ৬ হাজার ২৭৫ জন, ঝিনাইদহে ৫ হাজার ১০৬ জন, কুষ্টিয়ায় ৪ হাজার ৯৪৯ জন, সাতক্ষীরায় ৪ হাজার ২৯২ জন, বাগেরহাটে ৩ হাজার ৪৫ জন, মাগুরায় ২ হাজার ৬৭৬ জন, চুয়াডাঙ্গায় ২ হাজার ২৪৪ জন, নড়াইলে ১ হাজার ৮১৩ জন এবং মেহেরপুরে ১ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।
পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী জানান, নির্ধারিত সময়ের মধ্যে অধিকাংশ শিক্ষার্থীর ফরম পূরণ সম্পন্ন হয়েছে। এমনকি বৃহস্পতিবারও নতুন করে কয়েকজন শিক্ষার্থীর ফরম পূরণ করা হয়েছে।
তিনি বলেন, পুনঃপরীক্ষা আয়োজনের প্রয়োজনীয় প্রশাসনিক ও দাপ্তরিক প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
পরীক্ষাকেন্দ্রের বিষয়ে তিনি জানান, খুলনা বিভাগের ১০ জেলার প্রতিটি উপজেলায় এইচএসসি পুনঃপরীক্ষার কেন্দ্র স্থাপন করা হবে। প্রতি ৩০০ থেকে ৫০০ জন পরীক্ষার্থীর জন্য একটি করে কেন্দ্র নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ কারণে যেসব উপজেলা ও জেলায় পরীক্ষার্থীর সংখ্যা বেশি, সেখানে একাধিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

