চ্যাম্পিয়ন হতে হলে প্রতিটি ম্যাচই ফাইনাল হিসেবে খেলতে হবে বাংলাদেশকে: আমিনুল হক
বাংলাদেশ সবশেষ ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল; সেবার বাংলাদেশ দলের গোলবার আগলে রেখেছিলেন বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আবার বাংলাদেশে সাফ চ্যাম্পিয়নশিপের আসর বসায় তিনি বলছেন, চ্যাম্পিয়ন হতে হলে বাংলাদেশকে প্রতিটি ম্যাচ ফাইনাল হিসেবে দেখতে হবে।
একটি ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে আমিনুল হক বলেন, ‘আমার কাছে মনে হয় যে প্রতিটি ম্যাচই কিন্তু আমাদের জন্য ফাইনাল। এ কথাটি গতকালকেও আমি আপনাদেরকে বলেছি। কারণ আমার যদি লক্ষ্য চ্যাম্পিয়ন হয়, লক্ষ্য যদি ফাইনাল হয় তাহলে আমাকে প্রতিটি ম্যাচই খেলতে হবে এবং জয় নিয়ে মাঠ ছাড়তে হবে।’
পাকিস্তানের বিপক্ষে কৌশল নিয়ে তিনি বলেন, শ্রীলঙ্কার বিপক্ষে যে কৌশলে দল খেলেছে, সেটা কোচ ভালো বুঝবেন। পাকিস্তানের খেলা ইতিমধ্যে কোচ দেখেছেন, পাকিস্তান শক্তিশালী দল, আর তাদের বিপক্ষে কৌশল ও পরিকল্পনা ম্যাচের দিনই কোচ সিদ্ধান্ত নেবেন বলে তিনি জানান।
দলের চোট সমস্যা নিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ ও এসএ গেমসে স্বর্ণজয়ী সাবেক এই খেলোয়াড় বলেন, দলে চোটের কিছু সমস্যা রয়েছে, তবে ফুটবল খেলতে গেলে চোটের সমস্যা থাকবেই। তাঁর মতে, বিকল্প খেলোয়াড়দের প্রত্যেকেরই সেরা একাদশে খেলার সামর্থ্য রয়েছে, তাই চোটের সমস্যা খুব বেশি সমস্যা হবে না।
এবারের সাফ চ্যাম্পিয়নশিপে ‘এ’ গ্রুপে খেলছে বাংলাদেশ। গ্রুপের দুই ম্যাচে জয় তুলে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ দল।
সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। দুটি সেমিফাইনালই হবে ১৪ নভেম্বর: প্রথম সেমিফাইনালে লড়বে ভারত ও ভুটান, এরপর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।



