ফোর্বস এশিয়ার ‘পাওয়ার বিজনেসওমেন’ তালিকায় এআই থেকে ব্যাংকিংয়ে নেতৃত্ব দেওয়া ২০ নারী, সবচেয়ে বেশি ভারতের

এশিয়ার নারী ব্যবসায়ীরা প্রযুক্তি খাতে নিজেদের অবস্থান শক্ত করছেন। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ডাক্টর, ডেটা সেন্টার ও প্রযুক্তি অবকাঠামোর মতো খাতগুলোয় এখন নেতৃত্ব দিচ্ছেন তাঁরা। তবে তাঁদের সাফল্য শুধু প্রযুক্তিতেই সীমাবদ্ধ নয়; ব্যাংকিং, আর্থিক সেবা, নবায়নযোগ্য জ্বালানি, প্রসাধনী ও খুচরা বিক্রির মতো ব্যবসাতেও নেতৃত্বের আসনে বসছেন এশিয়ার নারীরা।
এশিয়ার ১২টি দেশ ও অঞ্চলের এমন ২০ জন সফল নারী ব্যবসায়ী ও শীর্ষ নির্বাহীকে নিয়ে ২০২৬ সালের ‘পাওয়ার বিজনেসওমেন’ তালিকা প্রকাশ করেছে ফোর্বস এশিয়া। তালিকায় সবচেয়ে বেশি তিনজন নারী রয়েছেন ভারতের। তাইওয়ান, হংকং, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, চীন ও জাপান থেকে আছেন দুজন করে। একজন করে রয়েছেন ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের।
তালিকায় থাকা নারীদের মধ্যে চারজন এআই অবকাঠামো খাতের ব্যবসায় নেতৃত্ব দিচ্ছেন। সেমিকন্ডাক্টর তৈরির সূক্ষ্ম যন্ত্রাংশ থেকে শুরু করে ডেটা সেন্টারের ফাইবার-অপটিকসহ যন্ত্রাংশ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তাঁরা। অন্যদিকে চারজন প্রসাধনী ও খুচরা বিক্রির ব্যবসাকে দেশ থেকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন।
তাইওয়ানের জেসিকা চ্যাংয়ের প্রতিষ্ঠিত জেপিসি কানেক্টিভিটি এখন এআই ডেটা সেন্টারের যন্ত্রাংশ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এনভিডিয়া, অ্যামাজন ও মাইক্রোসফটের মতো কোম্পানি তাদের কাছ থেকে যন্ত্রাংশ কিনছে। ২০২৬ সালের প্রথমার্ধে তাঁর কোম্পানির নিট মুনাফা বেড়ে ২ কোটি ৬০ লাখ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে কোম্পানিটির আয় বেড়ে হয়েছে ১৩ কোটি ৬৮ লাখ ডলার।
তাইওয়ানের আরেক ব্যবসায়ী অড্রে সাইয়ের নেতৃত্বে আইটিইকিউ এআই ডেটা সেন্টারের জন্য প্রয়োজনীয় সার্কিট বোর্ডের উপকরণ উৎপাদন করছে। কোম্পানিটির বাজারমূল্য বেড়ে ৮৬১ কোটি ডলারে পৌঁছেছে। এ বছরের প্রথম ছয় মাসে প্রতিষ্ঠানটির নিট মুনাফা হয়েছিল ৪ কোটি ৮৭ লাখ ডলার।
চীনের পেং লি ও চেন ওয়েইলিয়াং ২০২০ সালে মেটাএক্স ইন্টিগ্রেটেড সার্কিটস প্রতিষ্ঠা করেন। এআই মডেল পরিচালনার জন্য প্রয়োজনীয় চিপ ও সফটওয়্যার তৈরি করে প্রতিষ্ঠানটি। চলতি বছরের প্রথম ৯ মাসে প্রতিষ্ঠানটির আয় ১২৮ শতাংশ বেড়ে ৪২ কোটি ডলার হয়েছে। একই সময়ে নিট মুনাফা হয়েছে ৯ কোটি ৫৮ লাখ ডলার।
চীনের গুয়াংডং ডিটেক টেকনোলজির প্রতিষ্ঠাতা ওয়াং সিনও এআই প্রযুক্তির খাতে ভালো করছেন। প্রতিষ্ঠানটি এআই চিপ বসানো ও সার্কিট বোর্ড তৈরির জন্য প্রয়োজনীয় সূক্ষ্ম ড্রিল বিট উৎপাদন করে। ২০২৬ সালের প্রথম ৯ মাসে তাদের নিট মুনাফা চার গুণের বেশি বেড়ে ১৬ কোটি ৫০ লাখ ডলার হয়েছে। একই সময়ে কোম্পানিটির আয় বেড়েছে প্রায় ১৫০ শতাংশ।
ফিলিপাইনের ইউনিয়ন ব্যাংকের নেতৃত্বে আছেন আনা মারিয়া আবোইতিজ ডেলগাদো। ২০২৫ সালের জানুয়ারিতে তিনি ব্যাংকটির দায়িত্ব নেন। তাঁর ব্যাংক ২০২২ সালে ১৩০ কোটি ডলার দিয়ে সিটিব্যাংকের ফিলিপাইনের ভোক্তা ব্যাংকিং ব্যবসা অধিগ্রহণ করে। ইউনিয়ন ব্যাংকের গ্রাহকসংখ্যা ১ কোটি ৯৫ লাখ এবং সম্পদের মূল্য ১ হাজার ৮৯০ কোটি ডলার। এ বছরের প্রথম ৯ মাসে ব্যাংকটির নিট মুনাফা আগের বছরের একই সময়ের চেয়ে ৫৩ শতাংশ বেড়ে ১৫ কোটি ৫৪ লাখ ডলারে উন্নীত হয়েছে।
ভারতের উদ্যোক্তা অনন্যা বিড়লা দেশটির দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান স্বতন্ত্র মাইক্রোফিনের প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনায় থাকা সম্পদের পরিমাণ ২২৫ কোটি ডলার। তাদের গ্রাহকসংখ্যা ৪৩ লাখ, যাঁদের অধিকাংশই গ্রামীণ নারী। প্রতিষ্ঠানটি এখন শেয়ারবাজারে তালিকাভুক্তির মাধ্যমে ৩২ কোটি ডলার সংগ্রহের পরিকল্পনা হাতে নিয়েছে।
ইন্দোনেশিয়ার বিসিএ ডিজিটালের প্রধান নির্বাহী ল্যানি বুদিয়াতির নেতৃত্বে প্রতিষ্ঠানটির নিট মুনাফা ২০২৫ সালে বেড়ে হয়েছে প্রায় ১ কোটি ১৮ লাখ ডলার। ব্যাংকটির ঋণ বিতরণও বেড়েছে। তাদের গ্রাহকসংখ্যা ৩১ লাখ।
জাপানের মনেক্স গ্রুপের প্রধান নির্বাহী ইউকো সেইমেইও আর্থিক প্রযুক্তি ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনায় থাকা সম্পদের পরিমাণ ১ হাজার ২৬০ কোটি ডলার। ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ কয়েনচেকের ব্যবসা সম্প্রসারণেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। প্রতিষ্ঠানটিতে জাপানের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান কেডিডিআই ৬ কোটি ৫০ লাখ ডলারে ১৫ শতাংশ শেয়ার কিনেছে।
সিঙ্গাপুরের এআইএ ইনস্যুরেন্সের প্রধান নির্বাহীর নেতৃত্বে ২০২৫ সালে প্রতিষ্ঠানটির কর-পরবর্তী পরিচালন মুনাফা বেড়ে ৫৬ কোটি ৩০ লাখ ডলারে পৌঁছেছে। নতুন বিমা পলিসি থেকে প্রত্যাশিত মুনাফার পরিমাণও বেড়েছে ১৪ শতাংশ। থাইল্যান্ডের গুনকুল ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান নির্বাহী নারুচন ধুমরংপিয়াওয়াত নবায়নযোগ্য জ্বালানি খাতে ব্যবসা করছেন। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির আয় ছিল ২৫ কোটি ২০ লাখ ডলার। চারটি দেশে তারা সৌর ও বায়ুবিদ্যুৎ উৎপাদন করছে, তাদের বিদ্যুৎ সক্ষমতা ১ হাজার ৬২৯ মেগাওয়াট। ২০৩০ সাল পর্যন্ত এ খাতে ১১৯ কোটি থেকে ১৪৮ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা আছে তাদের।




