খুলনার রূপসায় দোকানে বসা অবস্থায় গুলি, ছাত্রদল নেতার বড় ভাই জাকির হোসেন নিহত

খুলনার রূপসা উপজেলায় মো. জাকির হোসেনকে (৪৩) গুলি করে হত্যা করা হয়েছে। তিনি রূপসা উপজেলা সদর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ও উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আবু সাইদের বড় ভাই।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে এসে গুলি করে তাঁকে হত্যা করে। নিহত জাকির হোসেন স্বল্পবাহিরদিয়া গ্রামের জলিল শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে জাকির হোসেন স্থানীয় স্বল্পবাহিরদিয়া এলাকায় হিরকের দোকানে বসা ছিলেন। সে সময় হেলমেট পরা দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে এসে তাঁকে গুলি করে পালিয়ে যায়।
আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।



