বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার পেসার নরকিয়া
বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট মাঠে গড়াবে জোহানেসবার্গে। সেই টেস্ট থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার গতিময় পেসার এনরিখ নরকিয়া।
দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ সিরিজের দলে ছিলেন নরকিয়া। তবে ১৫ নভেম্বর থেকে জোহানেসবার্গে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে তার খেলা হচ্ছে না।
সর্বশেষ অস্ট্রেলিয়া সিরিজে দ্বিতীয় টেস্টের শুরুতে তিনি চোটে পড়ায় পুরো ম্যাচ খেলতে পারেননি।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রোটিয়া দলের প্রধান কোচ শুকরি কনরাড। সংবাদ সম্মেলনে কনরাড বলেছেন, ‘টেস্ট চলাকালে সে সেন্ট জর্জেসে স্ক্যান করিয়েছিল। তাতে উদ্বেগজনক কিছু পাওয়া যায়নি। শুরুতে যতটা গুরুতর ধারণা করা হয়েছিল, চোট ততটা খারাপ ছিল না। বিশেষ কোনো চিকিৎসারও প্রয়োজন হয়নি। শুধু কিছুদিন বিশ্রাম এবং এরপর পুনর্বাসন প্রক্রিয়া।’
কনরাড বলছেন, ‘এখানকার টেস্টগুলোর যেকোনো একটিতে, বিশেষ করে দ্বিতীয় টেস্টে, তাকে পাওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে তার কোনো সমস্যা ছিল না এবং সে ভালোভাবেই সেরে উঠেছে। যথেষ্ট আগেই অনুশীলন শুরু করেছে। এখন ধীরে ধীরে অনুশীলনের চাপ বাড়াচ্ছে। দ্বিতীয় টেস্টের মধ্যে তার খেলার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে ওঠার কথা।’
সেঞ্চুরিয়ানে ২৩ নভেম্বর থেকে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। ওই ম্যাচে ৩২ বছর বয়সী পেসার নরকিয়াকে পাওয়ার আশা করছে স্বাগতিকরা।
এর বাইরে দক্ষিণ আফ্রিকার ১৫ সদস্যের দলে পেস অপশন পর্যাপ্ত আছে বলা যায়। কাগিসো রাবাদা, মার্কো জানসেন, ডেন প্যাটারসন, উইয়ান মুল্ডার ও করবিন বশ আছেন দলে।
তবে দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে বিশেষজ্ঞ কোনো স্পিনার রাখা হয়নি।



