ময়মনসিংহে মেয়েকে কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে আটকে আছে আদৃতার প্রতিস্থাপন
ময়মনসিংহে কিডনির জটিল রোগে আক্রান্ত কলেজছাত্রী আদৃতা দাসকে বাঁচাতে নিজের একটি কিডনি দিতে প্রস্তুত তার মা শিল্পী দাস। পরিবারের ভাষ্য অনুযায়ী, চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় মায়ের কিডনি মেয়েকে দেওয়ার উপযোগী বলা হয়েছে। কিন্তু প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করতে না পারায় চিকিৎসা আটকে আছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ নগরের গিরীশ চক্রবর্তী রোডের একটি ভাড়া বাসায় গিয়ে দেখা যায়, বিছানায় শুয়ে আছে আদৃতা। একই সময়ে তার শিক্ষাপ্রতিষ্ঠান আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজে চলছিল নবীনবরণ অনুষ্ঠান। সহপাঠীরা যখন নতুন কলেজজীবন শুরু করছে, অসুস্থতার কারণে আদৃতাকে থাকতে হয়েছে বাসায়।
আদৃতা ২০২৬ সালে ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পাস করে। তার স্বপ্ন ছিল চিকিৎসক হওয়ার। কিন্তু শারীরিক প্রতিবন্ধকতার কারণে বিজ্ঞান বিভাগে পড়াশোনা চালিয়ে যেতে পারেনি সে। পরে মানবিক বিভাগে আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজে ভর্তি হয়। কিডনির জটিলতা বেড়ে যাওয়ায় তার নিয়মিত পড়াশোনাও এখন অনিশ্চিত হয়ে পড়েছে।
আদৃতার বাবা কমল দাস ময়মনসিংহের মেছুয়া বাজারের একটি মুদি দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন। তার বেতনে চলে চার সদস্যের সংসার। মা শিল্পী দাস গৃহিণী। দুই মেয়ের মধ্যে আদৃতা বড়; ছোট মেয়ে স্বস্তিকা দাস বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
পরিবারটির স্থায়ী ঠিকানা নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মাঘান-সিয়াধার ইউনিয়নের খুরশিমুল গ্রামে। বর্তমানে তারা ময়মনসিংহ নগরের গিরীশ চক্রবর্তী রোডে প্রয়াত কানাই লাল মজুমদারের বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকেন।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০২৪ সালে আদৃতার শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি ধরা পড়ে। প্রায় এক বছর সেই সমস্যার চিকিৎসা চললেও তার শারীরিক দুর্বলতা কাটেনি। ২০২৫ সালের শুরুর দিকে পরীক্ষা-নিরীক্ষায় তার দুই কিডনির সমস্যা ধরা পড়ে। কিডনি দিয়ে অতিরিক্ত প্রোটিন বেরিয়ে যাওয়ার পাশাপাশি তার উচ্চ রক্তচাপও ছিল।
প্রথমে ময়মনসিংহের একজন কিডনি বিশেষজ্ঞের অধীনে আদৃতার চিকিৎসা শুরু হয়। পরে তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল) নেওয়া হলে চিকিৎসকেরা কিডনি বায়োপসির পরামর্শ দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে তাকে কয়েক ধরনের ওষুধ দেওয়া হয়। বায়োপসি করার সময় আদৃতার খিঁচুনি হয় এবং সে ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। এরপর সে পরিবারের কাছে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করানোর আকুতি জানায়।
আত্মীয়স্বজন, বন্ধু ও প্রতিবেশীদের সহযোগিতায় গত বছরের জুলাইয়ে প্রথমবার ভারতের বেঙ্গালুরুতে নেওয়া হয় আদৃতাকে। সেখানে পরীক্ষা-নিরীক্ষা ও বায়োপসির পর চিকিৎসকেরা জানান, তার কিডনির প্রায় ৫০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। চলতি বছরের আগস্টে দ্বিতীয়বার চিকিৎসার জন্য ভারতের কলকাতায় নেওয়া হলে কিডনির অবস্থার আরও অবনতির বিষয়টি সামনে আসে। পরিবারের ভাষ্য অনুযায়ী, তখন তার ক্রিয়েটিনিনের মাত্রা ছিল প্রায় ৭, পরে তা বেড়ে ৯-এ পৌঁছায়।
ভারতের চিকিৎসকেরা দ্রুত কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। পরিবারের দাবি, সেখানে চিকিৎসার ব্যয় হিসেবে প্রায় ৫০ লাখ ভারতীয় রুপির কথা জানানো হয়েছিল। দেশে ফিরে বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করতে পারেনি পরিবারটি। বাবা কমল দাস বলেন, কিডনি প্রতিস্থাপনের জন্য যে ১০ থেকে ১৫ লাখ টাকা প্রয়োজন, তা জোগাড় করার সামর্থ্য তাদের নেই।
মা শিল্পী দাস বলেন, ‘আমার মেয়েটা আগে অনেক দুর্বল ছিল। স্কুল থেকে এসে বলত, মা, শরীরটা অনেক খারাপ লাগছে। প্রথমে বুঝতে পারিনি এত বড় সমস্যা হয়েছে। এক বছর হিমোগ্লোবিনের চিকিৎসা করিয়েছি। পরে জানতে পারি, দুই কিডনিতেই সমস্যা।’ কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের সহযোগিতায় দুইবার মেয়েকে ভারতে চিকিৎসার জন্য নিয়েছেন, চিকিৎসকেরা দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে বলেছেন এবং তার কিডনি মেয়ের সঙ্গে মিলেছে, কিন্তু প্রতিস্থাপনের টাকা তার কাছে নেই।
আদৃতার অসুস্থতার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় কয়েকজন বাসিন্দা ও সমাজকর্মী সহযোগিতায় এগিয়ে আসেন। তাদের একজন শ্যামল কান্তি পাল জানান, আদৃতার চিকিৎসার জন্য ইতোমধ্যে প্রায় আড়াই লাখ টাকা সংগ্রহ হয়েছে। তিনি বলেন, চিকিৎসার জন্য ন্যূনতম ১০ থেকে ১২ লাখ টাকা প্রয়োজন বলে তাদের জানানো হয়েছে এবং এখনো আরও প্রায় ৮ থেকে ৯ লাখ টাকা প্রয়োজন।
প্রায় নয় বছর ধরে আদৃতার পরিবারের সঙ্গে পরিচয় স্থানীয় বাসিন্দা বিউটি পালের; আদৃতার ছোট বোন স্বস্তিকা তার মেয়ের সহপাঠী ও বন্ধু। বিউটি পাল বলেন, অসুস্থতার শুরু থেকেই তারা পাশে থাকার চেষ্টা করেছেন এবং বন্ধু-বান্ধব মিলে সহযোগিতা করে আদৃতাকে ভারতে পাঠিয়েছেন, কিন্তু এখন চিকিৎসার জন্য অনেক বড় অঙ্কের টাকা প্রয়োজন, যা তাদের একার পক্ষে দেওয়া সম্ভব নয়।
আদৃতা বলে, ‘আমার স্বপ্ন ছিল ডাক্তার হব। কিন্তু অসুস্থতার কারণে আমার স্বপ্নটা থেমে গেছে। সবাই যদি সহযোগিতা করেন, তাহলে সুস্থ হয়ে আবার পড়াশোনা করতে চাই।’ পরিবার ও স্থানীয় সহযোগীরা সরকারের সংশ্লিষ্ট দপ্তর, জনপ্রতিনিধি, প্রবাসী বাংলাদেশি এবং সমাজের সামর্থ্যবান মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন।


