…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › কৃষি › খবর
কৃষি

রাণীশংকৈলে বিসিআইসি সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন

নিজস্ব প্রতিবেদক
রাণীশংকৈলে বিসিআইসি সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিসিআইসি সার ডিলার নিয়োগে অনিয়ম ও শর্ত ভঙ্গের অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে সদ্য নিয়োগ পাওয়া নন্দুয়ার ইউনিয়নের ডিলার রবিউল ইসলাম রনির বিরুদ্ধে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে জেলা প্রশাসক ও জেলা সার-বীজ মনিটরিং কমিটির সভাপতির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন একই ইউনিয়নের বনগাঁও গ্রামের বাসিন্দা সাদিয়া নাসরিন। তিনি ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা রাসেদুল ইসলামের মেয়ে।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, বর্তমান সরকারের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী সার ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর স্থানীয়ভাবে ডিলার নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়। পরে রাণীশংকৈল উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি এবং পীরগঞ্জ উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদারের স্বাক্ষরে উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে তিনজন করে আবেদনকারীর নামের তালিকা জেলা প্রশাসক ও জেলা সার-বীজ মনিটরিং কমিটির কাছে পাঠানো হয়।

ওই তালিকায় নন্দুয়ার ইউনিয়নের গাজীরহাট এলাকার হাসমত আলীর ছেলে মেসার্স রনি ট্রেডার্সের স্বত্বাধিকারী রবিউল ইসলাম রনির নাম রয়েছে। অভিযোগকারীর দাবি, রনি ট্রেডার্স উপজেলা কৃষি অফিসের তালিকাভুক্ত খুচরা সার বিক্রেতা।

জেলা প্রশাসক ও জেলা সার-বীজ মনিটরিং কমিটির সভাপতি মোহাম্মদ রফিকুল হকের স্বাক্ষরিত ডিলার নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আবেদনকারী কিংবা তাঁর পরিবারের কোনো সদস্য খুচরা সার বিক্রেতা হলে তিনি ডিলার নিয়োগের জন্য অযোগ্য বিবেচিত হবেন। অভিযোগকারীর দাবি, এই শর্ত থাকা সত্ত্বেও খুচরা সার বিক্রেতা রবিউল ইসলাম ডিলারশিপ পেয়েছেন।

সরেজমিনে দেখা যায়, নন্দুয়ার ইউনিয়নের গাজীরহাট বাজারে সড়কের পাশে অবস্থিত রনি ট্রেডার্সে খুচরা সার বিক্রি করছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক আল মামুন। সেখানে সার ছাড়াও ফিড, সিমেন্টসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে। তিনি পাশের একটি গুদাম দেখিয়ে বলেন, সেখানে আপাতত সিমেন্ট ও ফিড রাখা আছে; এগুলো সরিয়ে সেখানে সার রাখা হতে পারে। তাঁদের অন্য কোনো গুদাম নেই বলেও তিনি জানান।

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে রবিউল ইসলাম প্রথমে খুচরা সার বিক্রির বিষয়টি অস্বীকার করেন। পরে তাঁর দোকানে খুচরা সার বিক্রি হচ্ছে—এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, এলাকার বিসিআইসি সার ডিলার মণ্ডল এন্টারপ্রাইজের কাছ থেকে সার নিয়ে তিনি বিক্রি করেন।

তবে উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমানের স্বাক্ষরিত খুচরা সার বিক্রেতাদের তালিকায় রবিউল ইসলামের নাম পাওয়া গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বলেন, তিনি উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যসচিব হলেও ডিলার নিয়োগের তালিকা চূড়ান্ত করার বিষয়ে সভাপতি ইউএনও গোলাম রব্বানী সরদার তাঁর সঙ্গে কোনো পরামর্শ বা আলোচনা করেননি। ইউএনও নিজের সিদ্ধান্তে কাজ করেছেন। এ কারণে এ বিষয়ে তাঁর কোনো বক্তব্য নেই।

এ বিষয়ে জানতে চাইলে রাণীশংকৈল উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পীরগঞ্জের ইউএনও গোলাম রব্বানী সরদার কথা বলতে রাজি হননি।

অন্যদিকে ঠাকুরগাঁও জেলা সার-বীজ মনিটরিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

কৃষি বিভাগের আরও খবর

কুয়াকাটায় জেলের জালে ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ, নিলামে বিক্রি ৮ হাজার ৫১০ টাকায়
কৃষি

কুয়াকাটায় জেলের জালে ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ, নিলামে বিক্রি ৮ হাজার ৫১০ টাকায়

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে নামা এক জেলের জালে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ধরা পড়েছে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি ইলিশ। তীরে ভিড়তেই মাছটি আড়তদার…

সুনামগঞ্জে এক মণ ধান বিক্রি করে মিলছে মাত্র এক কেজি বীজ, বোরো আবাদ নিয়ে বিপাকে হাওরের কৃষকেরা
কৃষি

সুনামগঞ্জে এক মণ ধান বিক্রি করে মিলছে মাত্র এক কেজি বীজ, বোরো আবাদ নিয়ে বিপাকে হাওরের কৃষকেরা

সুনামগঞ্জে মাঝারি মানের ধান বিক্রি হচ্ছে মণপ্রতি ৬০০ থেকে ৭০০ টাকা দরে। এর বিপরীতে এক কেজি ভালো জাতের ধানের বীজের দাম ৬০০ টাকা। অর্থাৎ এক মণ ধান বিক্র…

কৃষি

নাটোর সুগার মিলে আখ মাড়াইয়ের ৪৩তম মৌসুম শুরু, হুইপ দুলু বললেন কৃষক বাঁচলেই বাংলাদেশ বাঁচবে

নাটোর সুগার মিলসে ২০২৬-২০২৭ আখ মাড়াইয়ের ৪৩তম মৌসুমের উদ্বোধন হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে নাটোর সদর উপজেলার হুগোলবাড়িয়ায় মিলের কেইন ক্যার…

২৭ দিন বন্ধের পর আনোয়ারায় সিইউএফএলে আবার ইউরিয়া উৎপাদন, দিনে সাড়ে চার কোটি টাকার সার
কৃষি

২৭ দিন বন্ধের পর আনোয়ারায় সিইউএফএলে আবার ইউরিয়া উৎপাদন, দিনে সাড়ে চার কোটি টাকার সার

যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল…