পুলিশের নজরদারির পর ঢাকায় ‘রহস্যময়’ ভিডিও করতে আর দেখা যাচ্ছে না চীনা নাগরিকদের

ঢাকার উত্তরাসহ বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ক্যামেরা হাতে ঘুরে ঘুরে ভিডিও করতেন একদল চীনা নাগরিক। দীর্ঘদিন ধরে তাঁরা উত্তরার ১২ নম্বর সেক্টর, টেকপাড়াসহ আশপাশের এলাকায় ভিডিও ধারণ করে আসছিলেন। তবে গত ৭ নভেম্বর থেকে তাঁদের আর ভিডিও করতে দেখা যাচ্ছে না।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দেড় শতাধিক চীনা নাগরিক এভাবে অলিগলিতে ভিডিও ধারণ করতেন। তাঁরা সেখানকার সড়ক, বাড়িঘর ও বিভিন্ন স্থানের দৃশ্য ধারণ করতেন; কখনো কখনো মানুষের বাড়িঘরের ভেতরে ঢুকেও ভিডিও করতেন। তাঁদের ভিডিও করার ধরন দেখে মনে হতো, তাঁরা সাংবাদিক—ঘটনাস্থল থেকে সরাসরি সম্প্রচারে গিয়ে মাঠপর্যায়ের পরিস্থিতি তুলে ধরছেন। তবে এই ভিডিও কোথায় প্রকাশিত হয়, ভিডিওতে কী বলা হচ্ছে—এসব কিছুই জানেন না স্থানীয় লোকজন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সরেজমিনে উত্তরার ১২ নম্বর সেক্টর, টেকপাড়া ও আশপাশের এলাকা ঘুরে চীনা নাগরিকদের ভিডিও ধারণ করতে দেখা যায়নি। স্থানীয় বাসিন্দারাও জানিয়েছেন, কয়েক দিন ধরে তাঁদের এলাকায় এসব বিদেশি নাগরিকের আনাগোনা চোখে পড়ছে না।
টেকপাড়া এলাকার এক বাসিন্দা বলেন, অসুস্থতার কারণে দুই দিন ধরে তিনি বাসায় আছেন; এই সময়ে চীনা নাগরিকদের আসতে দেখেননি। অথচ আগে দিনের মধ্যে কতজন চীনা ছেলে-মেয়ে এসে ভিডিও করত, তার হিসাব ছিল না।
উত্তরায় চীনা নাগরিকদের ভিডিও ধারণ ও মন্তব্য নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি আলোচনায় আসে। এরপর পুলিশি নজরদারি জোরদার করা হয়। উত্তরা পশ্চিম থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে চীনা নাগরিকদের বিষয়ে নজরদারি বাড়ানো হয়; পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তাঁদের কার্যক্রম পর্যবেক্ষণ শুরু করেন।
এ সময় তাঁদের ভিসা ও পাসপোর্ট দেখতে চাওয়া হয়। পর্যটক ভিসায় এসে কেন এ ধরনের কর্মকাণ্ড করছেন, সে বিষয়েও জানতে চাওয়া হয়। পাশাপাশি ভ্রমণের মেয়াদ শেষ হলে তাঁদের দেশে ফিরে যেতে বলা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, বিষয়টি নিয়ে পুলিশ তৎপর রয়েছে। বিদেশি নাগরিকদের চলাফেরা পর্যবেক্ষণের পাশাপাশি তাঁদের ভিসা ও পাসপোর্ট যাচাই করা হয়েছে। পর্যটক ভিসায় এসে কী ধরনের কর্মকাণ্ড করছেন, সে বিষয়েও তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
ওসি মোহাম্মদ খালিদ মনসুর আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় চীনা নাগরিকদের এমন কর্মকাণ্ড কমে এসেছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তাঁদের ওপর নজরদারি করছেন, বিভিন্ন সংস্থার মাধ্যমে তাঁদের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।
এদিকে রাজধানীর বিভিন্ন বস্তি এলাকার ভিডিও ধারণ করে সেগুলোকে ভারতের রাজধানী নয়াদিল্লির দৃশ্য হিসেবে প্রচারের বিষয়টি ভারতের নজরে এসেছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাস ধরে চীনা নাগরিকেরা ঢাকার বিভিন্ন বস্তি এলাকায় ভিডিও ধারণ করছেন। পরে চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের সময় এসব এলাকাকে নয়াদিল্লির বিভিন্ন স্থান হিসেবে উপস্থাপন করছেন বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ বিষয়ে বক্তব্য দেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন তাঁরা দেখেছেন। কোনো দেশের বিকৃত চিত্র তুলে ধরার এ ধরনের প্রচেষ্টা দুর্ভাগ্যজনক।
রণধীর জয়সওয়াল আরও বলেন, ঢাকাকে দিল্লি হিসেবে দেখানোর জন্য বিদেশি ব্যক্তিদের অর্থের বিনিময়ে ব্যবহার করার যে প্রচেষ্টা চলছে, তাতে মিথ্যা বয়ান প্রচারকারীদের পাশাপাশি এর পেছনে যারা রয়েছে, তাদের বিশ্বাসযোগ্যতাও ক্ষুণ্ন হচ্ছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।




