মানিকগঞ্জে পাইকারিতে ১৫ টাকার শিম খুচরায় ৮০: হাতবদলেই তিনগুণ হচ্ছে সবজির দাম
শীতের আমেজে বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করলেও তার সুফল পাচ্ছেন না সাধারণ ক্রেতারা। মানিকগঞ্জে পাইকারি বাজারে তুলনামূলক কম দামে বিক্রি হওয়া সবজি খুচরা বাজারে পৌঁছাতে না পৌঁছাতেই কয়েক গুণ দাম বেড়ে যাচ্ছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে মানিকগঞ্জের জাগীর বৃহৎ পাইকারি কাঁচামালের আড়ত ও বাসস্ট্যান্ড এলাকার খুচরা কাঁচাবাজার সরেজমিন ঘুরে এই চিত্র দেখা গেছে। উৎপাদন থেকে খুচরা বিক্রি পর্যন্ত দীর্ঘ বাণিজ্যিক ধাপে লাভের বড় অংশ চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের কাছে—একদিকে ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন প্রান্তিক কৃষক, অন্যদিকে বাড়তি দামে কিনতে গিয়ে চাপে পড়ছেন ক্রেতারা।
জাগীর পাইকারি বাজারে বেশির ভাগ শীতকালীন সবজি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৫ থেকে ২০ টাকায়। সেখানে কাঁচা মরিচ ২০ থেকে ৪০ টাকা, ফুলকপি ১৫ থেকে ২০ টাকা, বাঁধাকপি ১৫ থেকে ২০ টাকা, শিম ১৫ থেকে ২০ টাকা, বেগুন ১৫ থেকে ২০ টাকা, আলু ১৫ থেকে ২০ টাকা এবং মুলা ১০ থেকে ১৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেশি পরিমাণে কিনলে দাম আরও কিছুটা কমে পাওয়া যায় বলেও বাজারে দেখা গেছে।
একই পাইকারি বাজারে করলা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, মিষ্টিকুমড়া ২০ থেকে ২২ টাকা ও টমেটো ৯০ টাকা কেজি দরে। এ ছাড়া শসা ২২ থেকে ২৫ টাকা, ধনেপাতা ৭০ থেকে ৮০ টাকা, পটল ১৮ থেকে ২০ টাকা, গাজর ৫০ থেকে ৬০ টাকা, পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকা, আদা ১৩০ টাকা এবং রসুন ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকায়।
একই দিন মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার খুচরা কাঁচাবাজারে চিত্র একেবারেই ভিন্ন। সেখানে প্রতি কেজি কাঁচা মরিচ ৬০ থেকে ৮০ টাকা, ফুলকপি ৩০ থেকে ৪০ টাকা, পাতাকপি ৫০ থেকে ৬০ টাকা, শসা ৬০ থেকে ৮০ টাকা, টমেটো ১৪০ টাকা, ধনেপাতা ১২০ টাকা, শিম ৬০ থেকে ৮০ টাকা, বেগুন ৪০ থেকে ৫০ টাকা এবং আলু ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
খুচরা বাজারে আরও দেখা গেছে, প্রতি কেজি পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকা, রসুন ১০০ থেকে ১৮০ টাকা, পটল ৬০ টাকা, গাজর ৮০ থেকে ১২০ টাকা, আদা ১৬০ টাকা, মুলা ৩০ টাকা, করলা ৮০ টাকা এবং মিষ্টিকুমড়া ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৬০ টাকায়।
দুই বাজারের তুলনায় সবচেয়ে বড় ব্যবধান দেখা গেছে কাঁচা মরিচ, শিম, গাজর, রসুন, ধনেপাতা ও টমেটোতে। পাইকারিতে ১৫ থেকে ২০ টাকা কেজির শিম খুচরায় ৬০ থেকে ৮০ টাকা, ৫০ থেকে ৬০ টাকার গাজর খুচরায় ৮০ থেকে ১২০ টাকা, আর পাইকারিতে ১৫ থেকে ২০ টাকার লাউ খুচরায় পিসপ্রতি ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে দাম কম থাকায় উৎপাদন খরচ তুলতে না পেরে লোকসানে পড়ছেন কৃষকেরা। প্রায় ১০ বিঘা জমিতে ফুলকপি চাষ করা কৃষক আসলাম বলেন, ‘প্রায় ১০ বিঘা জমিতে ফুলকপি চাষ করতে মোটামুটি পাঁচ লাখ টাকা খরচ হয়েছে। কিন্তু ফলন হয়েছে কম। এখন ক্ষেতের সবজি বিক্রি করে বড়োজোর দুই থেকে আড়াই লাখ টাকা পেতে পারি। বাজারের এমন পরিস্থিতিতে আমাগো আর কিছু করার থাকে না।’
মুলা চাষি জসিম বলেন, ‘আড়াই থেকে তিন বিঘা জমিতে মূলা চাষ করেছি। শ্রমিক, বীজ, কীটনাশক ও সার সব মিলিয়ে খরচ হইছে দুই থেকে আড়াই লাখ টাকা। এক কেজি বীজ কিনতেই খরচ হইছে ছয় হাজার টাকা। সার কিনতেও চরম দুর্ভোগ পোহাতে হইছে। সিরিয়াল ধরে সার আনতে হয়। গেল বছরের তুলনায় এইবার ফলন একটু কম হইছে। ক্ষেতের সবজি বিক্রি করে বড়োজোর এক লাখ টাকা পাওয়া যাইতে পারে। দেড় লাখ টাকার মতো লস হবে।’
খুচরা ব্যবসায়ীরা বলছেন, বেশি দামে কেনা ও পরিবহন খরচের কারণেই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। খুচরা ব্যবসায়ী খোরশেদ আলম জানান, ‘বাজার থেকে সবজি কিনেছি ভালো দামেই। কিন্তু পরিবহন খরচ বেশি হওয়ায় আমাগো বেশি দামে ব্যাচা লাগে। আবার আমাগো একটু লাভ করা লাগে। লাভ না করলে আমরা চলুম কেমনে।’
ক্রেতাদের অসন্তোষও কম নয়। বেসরকারি চাকরিজীবী সাউদ পলাশ বলেন, সবজির দাম মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে যাচ্ছে; বেতন বাজার করতেই শেষ হয়ে যায়, বেতন কম হওয়ায় কম পরিমাণে সবজি কিনতে হয়।
মানিকগঞ্জ জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেছেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামে স্থিতিশীলতা বজায় রাখতে তাঁরা নিয়মিত তদারকি করছেন। কেউ অসাধুভাবে ক্রেতাদের ঠকানোর চেষ্টা করলে ভোক্তা অধিকার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।



