…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ১,৫০০ কোটি টাকার তহবিল বাংলাদেশ ব্যাংকের, ৫ লাখ পর্যন্ত জামানত ছাড়াই ঋণ

নিজস্ব প্রতিবেদক
ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ১,৫০০ কোটি টাকার তহবিল বাংলাদেশ ব্যাংকের, ৫ লাখ পর্যন্ত জামানত ছাড়াই ঋণ
ছবি: সংগৃহীত

জামানত ও প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে ব্যাংকঋণ থেকে বঞ্চিত ক্ষুদ্র উদ্যোক্তা, শিক্ষার্থী এবং স্বল্প আয়ের প্রান্তিক পেশাজীবীদের আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে ১ হাজার ৫০০ কোটি টাকার নতুন পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগ থেকে এ-সংক্রান্ত সার্কুলার জারি করা হয়। এটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে পাঠানো হয়েছে।

নতুন এই তহবিলের আওতায় ব্যক্তিগত পর্যায়ে সর্বোচ্চ ১০ লাখ এবং দলগতভাবে সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। ব্যাংকগুলো ১ শতাংশ সুদে কেন্দ্রীয় ব্যাংক থেকে পুনঃঅর্থায়ন সুবিধা নিয়ে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ বিতরণ করবে। শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোও বার্ষিক সর্বোচ্চ ৭ শতাংশ মুনাফায় এই স্কিমের আওতায় ঋণ দিতে পারবে। বিশেষ এই উদ্যোগে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে কোনো জামানতের প্রয়োজন হবে না।

প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে তাদের জীবনমান উন্নয়নই এই তহবিলের মূল লক্ষ্য। নির্দেশনায় ঋণের যোগ্যতা, পরিমাণ, সুদের হার ও বিতরণপ্রক্রিয়া বিস্তারিতভাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে।

ঋণ পরিশোধের জন্য সর্বোচ্চ পাঁচ বছর বা ৬০ মাস সময় পাওয়া যাবে। এর মধ্যে সর্বোচ্চ ছয় মাসের গ্রেস পিরিয়ড বা কিস্তি পরিশোধে বিরতি থাকবে। গ্রাহক পর্যায়ে ঋণের কিস্তি মাসিক, ত্রৈমাসিক, ছয় মাস অন্তর কিংবা বার্ষিক ভিত্তিতে নির্ধারণের সুযোগ রাখা হয়েছে। এ ছাড়া ৩ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সিআইবি (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো) প্রতিবেদন সংগ্রহের জন্য গ্রাহকের কাছ থেকে কোনো ফি নেওয়া যাবে না।

তহবিলের আওতায় সমাজের পিছিয়ে পড়া বিভিন্ন পেশাজীবী ও শ্রেণিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছেন রিকশাচালক, ভ্যানচালক, জেলে, চর্মকার, স্বর্ণকার, ফেরিওয়ালা, কামার, কুমার, দরজি, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি, প্লাম্বার, ইলেকট্রিক ও ইলেকট্রনিকস যন্ত্র মেরামতকারী, ক্ষুদ্র তাঁতি এবং চা-শ্রমিক।

পাশাপাশি মুদি দোকানি, ভ্রাম্যমাণ কাপড় ও খাবার বিক্রেতা, চা-পান বিক্রেতা, ফুল-ফল ও শাকসবজি বিক্রেতা, হাঁস-মুরগি ও গবাদিপশু পালনকারী, মোবাইল ব্যাংকিং এজেন্ট এবং ফ্রিল্যান্সিং, নার্সারি, কুটির ও হস্তশিল্পের মতো উদ্ভাবনী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও এই ঋণ পাবেন।

কৃষকদের মধ্যে স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষকেরা অগ্রাধিকার পাবেন। তবে স্মার্ট কার্ড না থাকলেও প্রকৃত প্রান্তিক কৃষকেরা যেন বঞ্চিত না হন, সে বিষয়ে ব্যাংকগুলোকে সচেষ্ট থাকতে বলা হয়েছে।

নদীভাঙন, ঘূর্ণিঝড়, বন্যা বা অগ্নিকাণ্ডের মতো দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, উপকূলীয় ও হাওর এলাকার বাসিন্দা, প্রবাসী কর্মী ও রেমিট্যান্স সুবিধাভোগী পরিবার এবং বিশেষ চাহিদাসম্পন্ন ও তৃতীয় লিঙ্গের মানুষও এই সুবিধার আওতায় অগ্রাধিকার পাবেন। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এই তহবিলের মোট ঋণের অন্তত ২৫ শতাংশ তাদের জন্য বরাদ্দ রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

শিক্ষার্থীদের জন্যও এই স্কিমে বিশেষ সুযোগ রাখা হয়েছে। শিক্ষাজীবন থেকে ঝরে পড়া শিক্ষার্থীসহ সুবিধাবঞ্চিত ও অসচ্ছল ২৫ বছর বয়স পর্যন্ত স্টুডেন্ট ব্যাংকিং হিসাবধারীরা বৃত্তিমূলক, কারিগরি ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন প্রশিক্ষণের জন্য ঋণ নিতে পারবেন। পাশাপাশি এমবিবিএস, বিডিএস ও প্রকৌশলসহ উচ্চশিক্ষার ব্যয় নির্বাহ এবং প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী কেনার জন্যও ঋণ দেওয়া হবে। তবে উভয় ক্ষেত্রেই অভিভাবকের পরিশোধের নিশ্চয়তা থাকতে হবে।

ঋণ গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, একজন একক উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ পাবেন। তবে দুই থেকে পাঁচ সদস্যের দল গঠন করলে দলগতভাবে সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে। এ ক্ষেত্রে সদস্যরা ব্যক্তিগত ও যৌথভাবে দায়বদ্ধ থাকবেন।

ঋণ পেতে গ্রাহকের ১০, ৫০ বা ১০০ টাকার ব্যাংক হিসাব থাকতে হবে। ব্যাংকগুলো নিজেদের শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে এই ঋণ বিতরণ করতে পারবে। তবে নির্ধারিত চার্জের বাইরে প্রসেসিং ফি বাবদ গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত কোনো অর্থ নেওয়া যাবে না। এ ছাড়া প্রতি তিন মাস পরপর ঋণের তদারকি প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

মূল্যস্ফীতি কিছুটা কমিয়েছি, আরও কমানোর চেষ্টা চলছে: গভর্নর

মূল্যস্ফীতি কিছুটা কমানো গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তবে ভবিষ্যতে তা আরও কমানোর চেষ্টা চলবে বলেও জানান তিনি। শনি…

আদানির বিদ্যুতের খরচ কমাতে আলোচনা চলছে, গ্যারান্টি বাতিলের সুযোগ নেই: বিদ্যুৎমন্ত্রী
অর্থনীতি ও ব্যবসা

আদানির বিদ্যুতের খরচ কমাতে আলোচনা চলছে, গ্যারান্টি বাতিলের সুযোগ নেই: বিদ্যুৎমন্ত্রী

আদানির বিদ্যুতের খরচ কমানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, একটি প্রতিনিধিদল ভারতে গি…

কক্সবাজারে কাল শুরু হচ্ছে দেশের প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন
অর্থনীতি ও ব্যবসা

কক্সবাজারে কাল শুরু হচ্ছে দেশের প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন

সরকারি ঋণ ব্যবস্থাপনায় সংস্কার, বিদেশি বিনিয়োগকারীদের জন্য দেশের বন্ড বাজার উন্মুক্ত করা এবং ঋণ নেওয়ার নতুন উৎস তৈরির কৌশল নিয়ে দেশে প্রথমবারের মত…

কোনো বন্ধ কারখানা অব্যবহৃত ফেলে রাখা যাবে না, ব্যাংকারদের বললেন গভর্নর মোস্তাকুর রহমান
অর্থনীতি ও ব্যবসা

কোনো বন্ধ কারখানা অব্যবহৃত ফেলে রাখা যাবে না, ব্যাংকারদের বললেন গভর্নর মোস্তাকুর রহমান

দেশের কোনো বন্ধ কলকারখানা বা জাতীয় সম্পদ অব্যবহৃত ফেলে রাখা যাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। ব্যাংকারদের উদ্দেশে তিনি…