মনিরামপুরে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা সাবেক ইউপি সদস্য সুরত আলী মোটরসাইকেলের ধাক্কায় নিহত

যশোরের মনিরামপুরে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় সুরত আলী (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে রাজগঞ্জ-ত্রিমোহনী সড়কের শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুরত আলী শাহাপুর গ্রামের মৃত মহাতাব মোড়লের ছেলে। তিনি মশ্বিমনগর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের (রামপুর, শাহাপুর ও হাকিমপুর) সাবেক সদস্য ছিলেন।
শাহাপুর মোড়ের সার ব্যবসায়ী শাহজাহান কবীর জানান, সুরত আলী নিজের মোটরসাইকেল নিয়ে বাড়ির সামনের মোড়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ত্রিমোহনীর দিক থেকে দুই তরুণ একটি মোটরসাইকেলে করে আসছিলেন।
শাহজাহান কবীর বলেন, দ্রুতগতির মোটরসাইকেলটি পেছন থেকে সুরত আলীকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
শাহজাহান কবীর আরও জানান, দুর্ঘটনার সময় মোটরসাইকেলে থাকা দুই তরুণও পড়ে গিয়ে কিছুটা আহত হন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ক্ষুব্ধ জনতা তাঁদের আটকে রাখেন। খবর পেয়ে রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে যায়।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ বলেন, ‘শাহাপুর মোড়ে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক এক ইউপি সদস্য মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’



