কলকাতার হোটেলে আগুনে ৭ বাংলাদেশিসহ ৯ জন নিহত: ৯০ দিনে ৩৫০ পৃষ্ঠার চার্জশিট, অভিযুক্ত মালিকসহ তিনজন
কলকাতার নিউ মার্কেট এলাকার আবাসিক হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)। ওই আগুনে সাত বাংলাদেশিসহ মোট নয়জন নিহত হয়েছিলেন।
কলকাতার ব্যাঙ্কশাল আদালতে হোটেলের মালিক বীরেশ্বর মিত্র, ইজারাদার আবু জাফর এবং তার স্ত্রী সাবা জাফরের বিরুদ্ধে এই চার্জশিট জমা দেন লালবাজারের গোয়েন্দারা।
গত ১৯ আগস্ট ভোররাতে নিউ মার্কেট এলাকার ১৯এইচ, মির্জা গালিব স্ট্রিটের হোটেলটির তৃতীয় তলায় আগুন লাগে। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশিসহ মোট নয়জন নিহত হন। নিহতদের মধ্যে একটি শিশুও ছিল।
ঘটনার ৯০ দিনের মধ্যেই আদালতে চার্জশিট জমা দিল পুলিশ। প্রায় ৩৫০ পৃষ্ঠার চার্জশিটে ৯০ জনের সাক্ষ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
অভিযুক্তদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড, অনিচ্ছাকৃত হত্যাচেষ্টা, মানুষকে বিপদের মুখে ঠেলে দেওয়া এবং ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি আদালতে জমা দেওয়া হয়েছে ফরেনসিক প্রতিবেদনও।
লালবাজার সূত্রে জানা গেছে, চার্জশিটে হোটেলের কক্ষগুলোর বেহাল অবস্থার কথা তুলে ধরা হয়েছে। অভিযোগ, মূল কক্ষগুলো ভেঙে ছোট ছোট ঘর তৈরি করা হয়েছিল।
নিয়ম না মেনে প্রতিটি ঘরে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বসানোয় বিদ্যুতের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়। এর ফলে বৈদ্যুতিক বোর্ড থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা হোটেলের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে।
চার্জশিটে আরও বলা হয়েছে, আবাসিক ভবনটিকে বেআইনিভাবে হোটেলে রূপান্তর করা হয়েছিল। প্রয়োজনীয় অনুমতি ছাড়াই কোনো নিয়মকানুনের তোয়াক্কা না করে হোটেলটি পরিচালিত হচ্ছিল। পুলিশের ধারণা, এসব অনিয়মই ভয়াবহ অগ্নিকাণ্ডের অন্যতম কারণ।
ঘটনার পর কলকাতা পুলিশ, দমকল বিভাগ ও কলকাতা পৌরসভা যৌথভাবে তদন্ত শুরু করে। তদন্তে বিভিন্ন অনিয়মের অভিযোগ সামনে আসে।
এরপর নিয়ম ভঙ্গের অভিযোগে নিউ মার্কেট এলাকার একাধিক আবাসিক হোটেল ও অতিথিশালা বন্ধ করে দেওয়া হয়। এতে ভোগান্তিতে পড়েন পর্যটকেরা। পরে নিয়ম মেনে চলার শর্তে কয়েকটি হোটেল আবার খুলে দেওয়া হয়।



