…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

পোশাকশ্রমিকদের ৩২ হাজার টাকার দাবি, সোমবার মজুরি বোর্ডে প্রস্তাব দেবে মালিকপক্ষ

নিজস্ব প্রতিবেদক
পোশাকশ্রমিকদের ৩২ হাজার টাকার দাবি, সোমবার মজুরি বোর্ডে প্রস্তাব দেবে মালিকপক্ষ
ছবি: সংগৃহীত

পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে আবারও মুখোমুখি অবস্থানে শ্রমিক ও মালিকপক্ষ। শ্রমিক আন্দোলনের মুখে সরকার গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছেন। আগামী সোমবার বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হবে; ওই সভায় মালিকপক্ষের প্রতিনিধি প্রস্তাব দেবেন।

পোশাকশিল্পের শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন। মজুরি বোর্ডের আলোচনা শুরু হওয়ায় শিল্পাঞ্চলের পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও তা পুরোপুরি শান্ত হয়নি। গত সপ্তাহে সব দিনই সাভার–আশুলিয়া এলাকায় শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে; এতে প্রতিদিনই বেশ কিছু কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে। গত বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিন গাজীপুর ছিল মোটামুটি শান্ত। চলতি মাসের প্রথম সপ্তাহে দুই দিন নারায়ণগঞ্জে শ্রম অসন্তোষ হলেও তারপর পরিস্থিতি শান্ত রয়েছে।

মালিকপক্ষ এখনো তাদের মজুরি প্রস্তাব চূড়ান্ত করেনি। তবে কয়েকজন মালিকের তথ্য অনুযায়ী, মজুরি প্রস্তাবে পুরোনো কৌশলেই হাঁটবেন মালিকেরা—অর্থাৎ কম মজুরি প্রস্তাব দিয়েই আলোচনা শুরু করবেন তাঁরা। বরাবরের মতো ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের কম সক্ষমতার বিষয়টি সামনে আনা হবে; এখানে শ্রমিকদের জীবনযাপনের জন্য প্রয়োজনীয় চাহিদার বিষয়টি অনেকটা গৌণ থাকবে।

এর আগের দুই দফাতেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। ২০১৩ সালের সেপ্টেম্বরে নিম্নতম মজুরি বোর্ডে মালিকপক্ষ ন্যূনতম মজুরি ৬০০ টাকা বাড়ানোর প্রস্তাব দেয়। এত কম বৃদ্ধির প্রস্তাবে ক্ষুব্ধ হয়ে সব শিল্পাঞ্চলের শ্রমিকেরা রাস্তায় নেমে বিক্ষোভ করেন। কারখানা ও যানবাহন ভাঙচুর ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। গাজীপুরে আনসার ক্যাম্পে হামলা চালিয়ে চারটি রাইফেল ছিনিয়ে নিয়ে পুড়িয়ে দেন তাঁরা। পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হন শতাধিক শ্রমিক।

সে সময় আন্দোলনরত বহু শ্রমিক বলেছিলেন, ঘরভাড়া আর খাওয়ার খরচেই বেতনের সব টাকা চলে যায়; অমানবিক পরিশ্রমের পর এই বেতন কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। তাঁদের ভাষায়, ৬০০ টাকা বৃদ্ধির প্রস্তাব করে বিজিএমইএ শ্রমিকদের সঙ্গে ঠাট্টা করেছে।

ওই বছর টানা কয়েক দিন চলা আন্দোলন–বিক্ষোভের মুখে মজুরি বাড়াতে রাজি হয় মালিকপক্ষ। শেষ পর্যন্ত ওই মজুরি বোর্ডে পাঁচ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ হয়। রানা প্লাজা ধসের পর পোশাকশ্রমিকদের কম মজুরি নিয়ে দেশে–বিদেশে সমালোচনা হলে মজুরি বৃদ্ধির জন্য নির্ধারিত সময়ের আগেই মজুরি বোর্ড গঠন করেছিল সরকার।

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য ২০১৮ সালের জানুয়ারিতে আবার নিম্নতম মজুরি বোর্ড গঠিত হয়। তার আগে থেকে বিভিন্ন শ্রমিক সংগঠন ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণের জন্য আন্দোলন করে আসছিল। শ্রমিক সংগঠনের দাবি উপেক্ষা করে মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি ১২ হাজার ২০ টাকা মজুরি প্রস্তাব দিয়ে সমালোচনার জন্ম দেন। অন্যদিকে মালিকপক্ষ ৬ হাজার ৩৬০ টাকা প্রস্তাব দিয়ে বিতর্কিত হয়। শেষ পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে ন্যূনতম মজুরি আট হাজার টাকা নির্ধারণ করা হয়। ২৫ নভেম্বর নতুন মজুরিকাঠামোর প্রজ্ঞাপন জারি করে শ্রম মন্ত্রণালয়; ডিসেম্বরে তা কার্যকর হয়।

প্রজ্ঞাপন জারির পর প্রথমে নারায়ণগঞ্জ এবং পরে গাজীপুর ও আশুলিয়ার শতাধিক কারখানার শ্রমিকেরা আন্দোলনে নামেন। কারণ, নিম্নতম বা সপ্তম গ্রেডের মজুরি ২ হাজার ৭০০ টাকা বৃদ্ধি হলেও ওপরের গ্রেডে (৩, ৪ ও ৫ গ্রেড) শ্রমিকেরা প্রতিবছর ৫ শতাংশ ইনক্রিমেন্ট পেয়ে আগেই তার কাছাকাছি মজুরি পেতেন; ফলে নতুন কাঠামোতে পুরোনো শ্রমিকের ভাগ্যের উন্নতি খুব একটা হয়নি।

২০২৩ সালের এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে শ্রম মন্ত্রণালয় মজুরি বোর্ড গঠন করে সরকার। পরের ছয় মাসে বোর্ডের তিনটি সভা হলেও কোনো পক্ষ প্রস্তাব দেয়নি। সমালোচনার পর ২২ অক্টোবর অনুষ্ঠিত চতুর্থ সভায় শ্রমিক ও মালিক দুই পক্ষই মজুরি প্রস্তাব দেয়। শ্রমিকপক্ষের প্রতিনিধি ২০ হাজার ৩৯৩ টাকা ন্যূনতম মজুরি দাবি করে প্রস্তাব দেন; তার বিপরীতে মালিকপক্ষ প্রায় অর্ধেক, অর্থাৎ ১০ হাজার ৪০০ টাকার মজুরি প্রস্তাব দেয়।

মালিকদের এই কম প্রস্তাব দেওয়ার পরদিন থেকেই আন্দোলন শুরু করেন পোশাকশ্রমিকেরা। মিরপুর, নারায়ণগঞ্জ, সাভার–আশুলিয়া ও গাজীপুরে আন্দোলন ছড়িয়ে পড়ে। ৩০ অক্টোবর গাজীপুরে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ায় আহত রাসেল হাওলাদার নামের এক শ্রমিক মারা যান। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে একটি কারখানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরবর্তী সময়ে ২০০ কারখানা বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন মালিকেরা।

মজুরি নিয়ে শ্রমিকদের তিন সপ্তাহের আন্দোলনে রাসেল হাওলাদার ছাড়াও ইমরান, জালাল উদ্দিন ও আঞ্জুয়ারা খাতুন নামের তিনজন পোশাকশ্রমিক মারা যান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মালিকপক্ষ নতুন করে প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নেয়। ৭ নভেম্বর মালিকপক্ষ আগের প্রস্তাবের চেয়ে ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা মজুরির প্রস্তাব দেয়। সেটিই পরে চূড়ান্ত হয়; ১ ডিসেম্বর নতুন এই মজুরি কাঠামো কার্যকর হয়।

এবারের চিত্রও আগের দফাগুলোর সঙ্গে মিলে যাচ্ছে—শ্রমিকদের প্রত্যাশার তুলনায় মালিকপক্ষের প্রস্তাব প্রতিবারই ছিল অনেক কম, এবং সেই প্রস্তাবই বড় আন্দোলন উসকে দিয়েছে। উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে মালিকেরা শেষ পর্যন্ত কম মজুরি প্রস্তাব দিলে ২০১৩ বা ২০২৩ সালের পুনরাবৃত্তি ঘটলে অবাক হওয়ার কিছু থাকবে না।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, গাজীপুরে দুই ঘণ্টা অবরোধের পর যান চলাচল স্বাভাবিক
জাতীয়

শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, গাজীপুরে দুই ঘণ্টা অবরোধের পর যান চলাচল স্বাভাবিক

শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৪ প্লাটুন বর্ডার গা…

গাজীপুরের রাজেন্দ্রপুরে ট্রেন আটকে বিক্ষোভ, সকালজুড়ে বিঘ্ন ঢাকা-ময়মনসিংহ রেলপথে
জাতীয়

গাজীপুরের রাজেন্দ্রপুরে ট্রেন আটকে বিক্ষোভ, সকালজুড়ে বিঘ্ন ঢাকা-ময়মনসিংহ রেলপথে

গাজীপুরের রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে যমুনা ও হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে শনিবার সকালে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। বিক্ষ…

মজুরির দাবিতে উত্তাল গাজীপুর–আশুলিয়া: ১৭ কারখানায় ছুটি, নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক
জাতীয়

মজুরির দাবিতে উত্তাল গাজীপুর–আশুলিয়া: ১৭ কারখানায় ছুটি, নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষে উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুর ও আশুলিয়ার শিল্পাঞ্চল। শনিবার (১৪ নভেম্বর) শ্রমিক বিক্ষোভের মুখে দুই শিল্পাঞ্…

গাজীপুরের পুবাইলে এগারসিন্দুরের ইঞ্জিনে আগুন, ঢাকা-চট্টগ্রাম পথে ট্রেন চলাচল ব্যাহত
জাতীয়

গাজীপুরের পুবাইলে এগারসিন্দুরের ইঞ্জিনে আগুন, ঢাকা-চট্টগ্রাম পথে ট্রেন চলাচল ব্যাহত

গাজীপুরের পুবাইলে ঢাকা-চট্টগ্রাম রেলপথে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এই ঘ…