গাজীপুরের পুবাইলে এগারসিন্দুরের ইঞ্জিনে আগুন, ঢাকা-চট্টগ্রাম পথে ট্রেন চলাচল ব্যাহত

গাজীপুরের পুবাইলে ঢাকা-চট্টগ্রাম রেলপথে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে।
পুবাইল স্টেশন অতিক্রম করে কিছু দূর যাওয়ার পর ট্রেনটির ইঞ্জিনে আগুন লাগে বলে যাত্রীদের বরাতে জানা গেছে। এ সময় ইঞ্জিন থেকে প্রচুর কালো ধোঁয়া বের হতে থাকে এবং ধোঁয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে ইঞ্জিন বন্ধ করে দেওয়া হলে ধোঁয়া কমে আসে। স্থানীয় বাসিন্দা ও ট্রেনের নিজস্ব ব্যবস্থাপনায় পানি দিয়ে আগুন নেভানো হয়।
ট্রেনচালক বলেন, ‘যখন আমরা আগুন দেখতে পাই তখন এলাকার লোকজন ও ট্রেনের যাত্রী জড়ো হয়। এলাকার লোকজন অনেক সহযোগিতা করছে। কেউ বালতি, কেউ কলস, কেউ পানির মোটরের পাইপ নিয়ে হাজির হয়েছে ট্রেনের আগুন নেভানোর জন্য। পাশেই একটি ড্রেন ছিল, সেখান থেকে পানি এনে দেওয়া হয়েছে, পাশের একটি নির্মাণাধীন বাড়ির পানিও ব্যবহার করা হয়েছে।’
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান বলেন, ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হয়েছিল। তবে সেখানে আগুন ছিল কি না, তা তিনি নিশ্চিত করতে পারেননি।
ওসি আরও জানান, এই ঘটনায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, তবে ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। ঘটনাস্থলে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ দিলিপ বড়ুয়া যাচ্ছেন এবং সেখানে গেলে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।
বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক আনিসুর রহমান জানান, গাজীপুরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। অন্য একটি ইঞ্জিন দিয়ে আটকে পড়া এগারসিন্দুর ট্রেনটি ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।
এই ঘটনা তদন্তে বাংলাদেশ রেলওয়ে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বলে আনিসুর রহমান জানিয়েছেন।




