শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, গাজীপুরে দুই ঘণ্টা অবরোধের পর যান চলাচল স্বাভাবিক

শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিজিবি। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানিয়েছে, যেকোনো ধরনের অপ্রীতিকর বা অস্থিতিশীল পরিস্থিতি তাৎক্ষণিকভাবে প্রতিহত করতে সদস্যরা মাঠে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।
ঢাকা জেলার অন্তর্গত সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, জিরানী ও জামগড়া এলাকার শিল্পাঞ্চলে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
নারায়ণগঞ্জ জেলার শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এলাকায় নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।
গাজীপুর জেলার চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, ভোগড়া বাইপাস, গাছা, সালনা, নাওজোর ও কাশিমপুরসহ প্রতিটি সংবেদনশীল কারখানাবহুল এলাকায় বিজিবি মোতায়েন রয়েছে।
বিজিবি জানায়, স্থানীয় বেসামরিক প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রেখে সদস্যরা নিরাপত্তা দায়িত্ব পালন করছেন।
মাঠপর্যায়ের কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরে প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালু রাখা হয়েছে। বিজিবি সদর দপ্তরের কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে ড্রোন, টহল সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা এবং উন্নত ডিভাইসের মাধ্যমে সংগৃহীত সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে মাঠপর্যায়ের কার্যক্রম নিয়ন্ত্রণ করা হচ্ছে।
এই মোতায়েনের দিন সকালেই গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সকাল পৌনে ১০টার দিকে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ৮ থেকে ১০টি কারখানার শ্রমিকরা কাজে যোগ দেন। পরে হাজিরা দিয়ে তাঁরা কারখানা থেকে বেরিয়ে আসেন।
কয়েক দিন আগে শ্রমিক আন্দোলনের সময় এপেক্স কারখানার এক নারী শ্রমিক আহত হওয়ার পর তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এই গুজব এবং বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে সাধারণ মানুষের ভোগান্তি কমানো এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে।
একপর্যায়ে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। একই সঙ্গে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচলও স্বাভাবিক হয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ৮ থেকে ১০টি কারখানার শ্রমিকরা হাজিরা দিয়ে কারখানা থেকে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। প্রথমে তাঁদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিজিবি জানিয়েছে, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতে এই নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।




