ছয় জেব্রার বিনিময়ে চট্টগ্রাম থেকে গাজীপুর সাফারি পার্কে এলো তিনটি বাঘ, মোট বাঘ এখন ১০টি

গাজীপুর সাফারি পার্কে বাঘের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০টিতে। প্রাণী বিনিময় চুক্তির আওতায় শুক্রবার সকালে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে দুটি মাদি ও একটি পুরুষসহ তিনটি বাঘ আনা হয়েছে পার্কটিতে। এর আগে পার্কে বাঘ ছিল মাত্র সাতটি।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক মো. তারেক রহমান জানান, শুক্রবার ভোরে বিশেষ ব্যবস্থাপনায় বাঘ তিনটি চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে সাফারি পার্কে এসে পৌঁছেছে। বাঘ তিনটিকে আলাদা বেষ্টনীতে রাখা হয়েছে এবং এরা স্বাভাবিক খাবার খাচ্ছে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা (চলতি দায়িত্ব) এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী বলেন, আনা তিনটি বাঘের মধ্যে দুটি নারী ও একটি পুরুষ। আপাতত এদের আলাদা বেষ্টনী বা হোম কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। কয়েক দিনের মধ্যে পার্কের নির্দিষ্ট বেষ্টনীতে দেওয়া হবে এবং সেখানে সব দর্শনার্থীর জন্য উন্মুক্ত করা হবে।
পার্কের বন্যপ্রাণী পরিদর্শক মো. রাজু আহমেদ জানান, তিনটি বাঘই শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ। এদের বয়স কম হওয়ায় প্রজননের মাধ্যমে বংশবৃদ্ধির সম্ভাবনা অনেক বেশি বলে তিনি জানান।
বিনিময়ে সাফারি পার্ক থেকে চট্টগ্রাম চিড়িয়াখানাকে ছয়টি জেব্রা দেওয়া হবে। পার্কের কর্মকর্তারা জানান, তিনটি জেব্রা গত বুধবার চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি তিনটি জেব্রা পর্যায়ক্রমে হস্তান্তর করা হবে।
প্রাণী বিনিময় কর্মসূচির মাধ্যমে এর আগেও সাফারি পার্কে প্রাণী আনা হয়েছে। কর্মকর্তাদের দেওয়া তথ্যে, ২০১৮ সালে ঢাকা চিড়িয়াখানায় ছয়টি সিংহ দিয়ে সেখান থেকে দুটি জলহস্তী আনা হয়েছিল।
মোট ৩ হাজার ৬৯০ একর আয়তনের গাজীপুর সাফারি পার্কে বর্তমানে ৬০ প্রজাতির প্রায় তিন হাজার প্রাণী রয়েছে বলে পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে।
খোলা স্থানে বন্যপ্রাণীর অবাধ বিচরণ দেখতে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী পার্কে ভিড় করেন। সাপ্তাহিক ছুটি বা উৎসবের ছুটিতে প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ হাজার দর্শনার্থীও আসে বলে সাফারি পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে।




