দক্ষ চালক গড়তে ২০ হাজার জনকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, রোববার থেকে শুরু প্রথম পর্যায়
পেশাদার দক্ষ চালক তৈরি করতে নতুন কর্মসূচি নিচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। সড়ক পরিবহন প্রকল্পের আওতায় ২০ হাজার চালককে পেশাদার ও দক্ষ হিসেবে গড়ে তোলা হবে। আগামী রোববার থেকে এই পদক্ষেপের প্রথম পর্যায় শুরু হতে যাচ্ছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বিআরটিসির তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মসূচির প্রথম পর্যায়ের উদ্বোধন করবেন। প্রথম পর্যায়ে দেশের বিভিন্ন স্থানে বিআরটিসির ২৭টি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও কেন্দ্রে পেশাদার চালকদের পাঁচ দিনব্যাপী সড়ক নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে।
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যে সরকার এই উদ্যোগ নিয়েছে। এই রিফ্রেশার প্রশিক্ষণ বিআরটিসির চলমান বৃহত্তর চালক প্রশিক্ষণ কর্মসূচিরই অংশ।
বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত বিআরএসপি এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (সিসিপ) নামের দুটি প্রকল্পের আওতায় মোট ৬৮ হাজার নতুন ও পেশাদার চালককে প্রশিক্ষণ দেওয়া হবে।
বিআরটিসির মহাব্যবস্থাপক (আইডব্লিউসিএস ও প্রশিক্ষণ) প্রকৌশলী ফাতেমা বেগম জানিয়েছেন, বিআরটিসির বিভিন্ন প্রকল্পের আওতায় বিপুলসংখ্যক নারীও প্রশিক্ষণ নিচ্ছেন। তিনি বলেন, শুরুতে নতুন নারী প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণের হার কম থাকলেও দিন দিন তাঁদের আগ্রহ বাড়ছে এবং এরই মধ্যে দুটি প্রকল্পের আওতায় বিপুলসংখ্যক নারী হালকা যানবাহন চালানোর প্রশিক্ষণ নিয়েছেন।
রিফ্রেশার প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে ফাতেমা বেগম বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, পেশাদার চালকদের ট্রাফিক আইন ও বিধিবিধান সম্পর্কে জ্ঞান, নিরাপদ ও প্রতিরক্ষামূলক গাড়ি চালানোর দক্ষতা বৃদ্ধি এবং সড়কে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি জানান, বিআরএসপি প্রকল্পের আওতায় সম্পূর্ণ নতুন পেশাদার চালক তৈরির জন্য চার মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে। অন্যদিকে বিদ্যমান পেশাদার চালকদের মধ্যে সচেতনতা বাড়াতে পাঁচ দিনব্যাপী এই রিফ্রেশার প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
ফাতেমা বেগম আরও বলেন, এসব কর্মসূচির মাধ্যমে চালকদের নিরাপদে গাড়ি চালানোর অভ্যাস গড়ে তুলতে, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করতে এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে উৎসাহিত করা হবে। পাশাপাশি যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে চালকদের নিজেদের দায়িত্ববোধ আরও জোরদার করার ওপরও গুরুত্ব দেওয়া হবে।


