…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

কেউ নিচ্ছে না তাঁকে: জামালপুরের পাথরের চর সীমান্তের শূন্যরেখায় চার দিন ধরে খোলা আকাশের নিচে এক নারী

নিজস্ব প্রতিবেদক
কেউ নিচ্ছে না তাঁকে: জামালপুরের পাথরের চর সীমান্তের শূন্যরেখায় চার দিন ধরে খোলা আকাশের নিচে এক নারী
ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখায় খোলা আকাশের নিচে খড়কুটোর ওপর একটি পাতলা কম্বল নিয়ে চার দিন ধরে অবস্থান করছেন এক নারী। দুই প্রান্তে কঠোর অবস্থানে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং ভারতের বিএসএফ। সীমান্তবর্তী জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তে ঘটছে এই ঘটনা।

জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে সীমান্তের শূন্যরেখায় আটকে আছেন ওই নারী। তাঁকে নিজের নাগরিক হিসেবে গ্রহণ করছে না বাংলাদেশ কিংবা ভারত—কোনো দেশই। ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে; সামাজিক মাধ্যম ও স্থানীয় গণমাধ্যমে ওই নারীকে নিয়ে পোস্ট দিতে দেখা গেছে অনেককে।

বিজিবি অভিযোগ করেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জোর করে ওই নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছিল। তাঁর অবৈধভাবে বাংলাদেশে প্রবেশে বাধা দিয়েছিল ওই এলাকার স্থানীয় বাসিন্দা এবং বিজিবি। এরপর থেকেই দুই দেশের সীমান্তের শূন্যরেখায় আটকে আছেন তিনি। চার দিন পেরিয়ে গেলেও ওই নারীর দায়িত্ব নিতে রাজি নয় কোনো দেশই।

এই ঘটনার সমাধানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অনানুষ্ঠানিক যোগাযোগ হলেও সমাধান মেলেনি। শুক্রবার বিকেল পর্যন্ত দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় রয়েছে বলে জানা গেছে। ফলে বাধ্য হয়ে খোলা মাঠে, আকাশের নিচেই দিনের পর দিন অবস্থান করছেন ওই নারী।

শূন্যরেখায় চার দিন ধরে অবস্থান করলেও ওই নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি বাংলাদেশের নাগরিক নাকি ভারতের—এ নিয়ে বিজিবি ও বিএসএফ পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে, কিন্তু কোনো পক্ষই তাঁকে নিজ ভূখণ্ডে প্রবেশ করতে দিচ্ছে না।

শুক্রবার বিকেলে পাথরের চর সীমান্তসংলগ্ন এলাকার বাসিন্দারা জানান, ঘটনার পর থেকে গত কয়েক দিন ওই নারীর কাছে ভাত, বিস্কুট ও পাউরুটির মতো খাবার পৌঁছে দিয়েছিলেন তাঁরা। কিন্তু শুক্রবার সেটিও আর সম্ভব হয়নি। অর্থাৎ চার দিন ধরে খোলা জায়গায় রোদ আর ঠান্ডা সহ্য করে তাঁর মানবেতর অবস্থা তৈরি হয়েছে।

দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে ওই নারীর সঙ্গে কথা বলেছিলেন স্থানীয় কয়েকজন গণমাধ্যমকর্মী। তাঁদেরই একজন, জামালপুরের জি এম ফাতিউল হাফিজ বাবু জানান, ওই নারী নিশ্চিত করে তাঁর ঠিকানা বলতে পারছেন না। বাবু বলেন, ‘তিনি নিজের নাম বলেছেন ফুজি বেগম, বাবার নাম হানিফ, বয়স আনুমানিক ত্রিশ। একবার বলেছেন তাঁর বাড়ি বাংলাদেশের পিরোজপুর জেলায়, আবার বলেন ঝালকাঠি, আরেকবার বলেন বরিশাল।’ ওই নারীর কথায় অসঙ্গতি রয়েছে বলেও দাবি করেন বাবু। তিনি বলেন, ‘তাঁকে দেখে ও কথা বলে অ্যাবনরমাল মনে হয়েছে। শূন্যরেখায় মানবেতর জীবনযাপন করছেন; ওদিকে গেলে বিএসএফ বাধা দেয়, এদিকে আসলে বিজিবি বাধা দেয়।’

স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার শুরুর কয়েক দিন ওই নারীকে কিছু শুকনো খাবার পৌঁছে দেওয়া সম্ভব হলেও শুক্রবার সেটিও বন্ধ হয়ে গেছে। ওই এলাকার একজন বাসিন্দা বলেন, ‘অনেকেই বর্ডারে ওই নারীরে দ্যাখতে আইতাছেন। কিন্তু গত কয়দিন একটু কাছে যাওয়া গেলেও আইজগ্যা আর দেহন যাই নাই, খাবারও দিতে পারছি না।’

বিজিবির সঙ্গে কথা বলে স্থানীয়রা গত কয়েক দিন ওই নারীকে কিছু শুকনো খাবার ও পানির বোতল পৌঁছে দিতে পারলেও শুক্রবার বিএসএফ তাতে আপত্তি জানিয়েছে বলে দাবি করেন স্থানীয় গণমাধ্যমকর্মী ফরহাদ রেজা। তিনি বলেন, ‘গণমাধ্যমকর্মীরা গত কয়দিন কাছ থেকেই রিপোর্টিংয়ের প্রয়োজনে ফুটেজ নিতে পারছি, কিন্তু আজ (শুক্রবার) অবস্থা একদমই বেগতিক। তারা কাছেই যেতে দেয়নি।’

এদিকে ওই নারীর পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি বিজিবিও। তাদের দাবি, সুনির্দিষ্ট কোনো পরিচয় ওই নারী এখনো দিতে পারেননি। জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, ‘তিনি তো কংক্রিট কোনো অ্যাড্রেস (ঠিকানা) দিতে পারছেন না আমাদেরকে। অসম্পূর্ণ কিছু তথ্য দিচ্ছেন। আর উনি কিছুটা... স্বাভাবিক কথাবার্তা চালানো মুশকিল।’

শুক্রবার বিকেলে হাসানুর রহমান জানান, শূন্যরেখায় আটকে থাকা ওই নারীর বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ চলছে; তাঁকে যেন বিএসএফ ফিরিয়ে নেয়, সে বিষয়ে চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, ‘সীমান্তে বিএসএফ আছে, বিজিবি আছে, ওই মহিলা আগের মতোই শূন্যরেখায় বসে আছেন, কোনো ডিসপোজাল নাই।’ বিএসএফ যে ওই নারীকে জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে, সেই প্রমাণ বিজিবির কাছে আছে বলেও দাবি করেন তিনি। তিনি বলেন, ‘ওরা (বিএসএফ) বলে বাংলাদেশের মানুষ; আমরা (বিজিবি) বলছি ইন্ডিয়া থেকে তারা পুশ করেছে। তারা যে পুশ করেছে, এর প্রমাণ আমাদের কাছে আছে। কিন্তু ওরা সেটা স্বীকার করতে চায় না।’ এ ইস্যুতে প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি—‘বিজিবি-বিএসএফ সবসময়ই কমিউনিকেশন হচ্ছে। আমাদের অথরিটি লেভেলে যোগাযোগ আছে।’

তবে চার দিন ধরে মানবেতর অবস্থায় শূন্যরেখায় থাকা এই নারীর বিষয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের কোনো সম্ভাবনা আছে কি না, সে বিষয়ে কিছুই জানানো হয়নি। ফলে ওই নারীকে সীমান্ত থেকে সরিয়ে নেওয়ার বিষয়টি এখনো অনিশ্চয়তার মধ্যেই রয়েছে।

এর আগেও এমন ঘটনা ঘটেছে। চলতি বছরের জুন মাসে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশ ইনের শিকার হওয়া দুই শিশুসহ এক পরিবারের চারজনকে ৯৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছিল। এ ছাড়া জামালপুরের কামালপুর সীমান্ত দিয়ে ষষ্ঠী চন্দ্র বর্মন নামে এক ব্যক্তি এবং একই জেলার ঝাওডাংগা সীমান্ত দিয়ে এক যুবককে পুশ ইনের ঘটনাও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

২০২৪ সালে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে প্রতিবেশী দুই দেশের সম্পর্কে অবনতি দেখা গেছে। তখন থেকে সীমান্ত এলাকার নানা ঘটনায় মাঝেমধ্যেই দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। বিশেষ করে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের ঘটনায় বেশ কয়েকবার মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। বাংলাদেশ বিভিন্ন সময় ভারতের বিরুদ্ধে বাংলাদেশি নাগরিক দাবি করে জোর করে অনুপ্রবেশ করানো বা পুশ ইনের অভিযোগ তুলেছে, যদিও এই অভিযোগ বরাবরই অস্বীকার করেছে বিএসএফ। বাংলাদেশের জাতীয় সংসদেও এ নিয়ে আলোচনা হয়েছে; একাধিকবার বিরোধী দলের প্রশ্নের মুখে পড়েছে সরকার।

সম্প্রতি জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, সরকারের নির্দেশনায় সীমান্তরক্ষী বাহিনীর কঠোর অবস্থানের কারণে আগের সময়ের তুলনায় পার্শ্ববর্তী দেশ থেকে পুশ ইনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। তিনি বলেন, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ভারত থেকে ২ হাজার ৪৮২ জনকে পুশ ইন করা হয়েছিল। কিন্তু এরপর থেকে চলতি বছরের ৮ নভেম্বর পর্যন্ত পুশ ইনকৃত ব্যক্তির সংখ্যা ৩৭ জন। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যার সংখ্যাও কমেছে বলে দাবি করেন তিনি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

ত্রিশালে ৬০ বছরের মেজবান: ১,৩২৪ কেজি গরুর মাংস আর ৭০০ লাউয়ের ডালে খেলেন প্রায় ১০ হাজার মানুষ
জাতীয়

ত্রিশালে ৬০ বছরের মেজবান: ১,৩২৪ কেজি গরুর মাংস আর ৭০০ লাউয়ের ডালে খেলেন প্রায় ১০ হাজার মানুষ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা দক্ষিণ ভাটিপাড়া গ্রামে শনিবার আয়োজিত এক মেজবানে একসঙ্গে খেয়েছেন প্রায় ১০ হাজার মানুষ। নুরুদ্দীন খান ওয়েলফেয়…

জাতীয়

কলকাতার হোটেলে আগুনে ৭ বাংলাদেশিসহ ৯ জন নিহত: ৯০ দিনে ৩৫০ পৃষ্ঠার চার্জশিট, অভিযুক্ত মালিকসহ তিনজন

কলকাতার নিউ মার্কেট এলাকার আবাসিক হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকার…

জাতীয়

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও হামিদা হোসেন

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)…

আট মাস পর বাবাকে ফিরে পেল পরিবার, শেরপুরে আঙুলের ছাপে শনাক্ত হলেন শাহজাহান আলী
জাতীয়

আট মাস পর বাবাকে ফিরে পেল পরিবার, শেরপুরে আঙুলের ছাপে শনাক্ত হলেন শাহজাহান আলী

প্রায় আট মাস আগে নিখোঁজ হওয়া মানসিক ভারসাম্যহীন মো. শাহজাহান আলীকে (৭০) অবশেষে ফিরে পেয়েছে তাঁর পরিবার। আজ শনিবার দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে…