সোনারগাঁয়ে ঘুমন্ত কিশোরীর শরীরে গরম পানি ঢালার ৪৯ দিন পর মৃত্যু, মামলা হবে হত্যার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও কান্দাপাড়া গ্রামের ১৩ বছরের কিশোরী আফরিন আক্তার মারা গেছে। ঘুমন্ত অবস্থায় তার শরীরে গরম পানি ঢেলে দেওয়ার ঘটনার ৪৯ দিন পর শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়।
অভিযোগ অনুযায়ী, গত ২৫ সেপ্টেম্বর দুপুরে রওশন আরা ও পরিবারের অন্য সদস্যরা বাড়ির বাইরে ছিলেন। এ সময় বাড়িতে একা ঘুমিয়ে ছিল আফরিন। সেই সুযোগে তার মামি সোনিয়া আক্তার ঘরে ঢুকে তার শরীরে গরম পানি ঢেলে দেন। এতে কোমরসহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ঝলসে যায়।
আফরিনের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। প্রায় এক মাস সেখানে চিকিৎসা নেওয়ার পর গত সপ্তাহে তাকে বাড়িতে আনা হয়। কিন্তু বাড়িতে ফিরলেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। শেষ পর্যন্ত শুক্রবার বিকেলে সে মারা যায়।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলেরগাঁও কান্দাপাড়া গ্রামের রওশন আরার সঙ্গে তাঁর ছোট ভাই জাকির হোসেনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। রওশন আরার অভিযোগ, তাঁর ভাইয়ের স্ত্রী সোনিয়া আক্তার বিভিন্ন সময় তাঁদের প্রাণনাশের হুমকি দিতেন।
আফরিনের মা রওশন আরা বলেন, জমিজমা ও একটি মুঠোফোন হারানোকে কেন্দ্র করে তাঁর ভাই জাকির ও ভাবি সোনিয়ার সঙ্গে তাঁদের পরিবারের বিরোধ তৈরি হয়েছিল। এসব বিরোধের জেরেই তাঁর মেয়ের শরীরে গরম পানি ঢেলে দেওয়া হয়। মেয়ের মৃত্যুর ঘটনায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি।
এ ঘটনায় আফরিনের মা রওশন আরা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন। মামলার এজাহারভুক্ত তিন আসামি বর্তমানে কারাগারে আছেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, কিশোরীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে এবং তাঁরা কারাগারে আছেন। আফরিনের মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। অন্য আসামিদের গ্রেপ্তারে দ্রুত অভিযান চালানো হবে।




