রাজধানীর বাজারে সবজি-মুরগি-ডিমে স্বস্তি, চাল-তেল-মাছের চড়া দামে চাপে ক্রেতা
রাজধানীর বাজারে শীতের আগাম সবজি আসতে শুরু করায় কয়েকটি পণ্যের দাম কমেছে, তবে চাল, চিনি, ভোজ্যতেল আর মাছ-মাংসের চড়া দামে ক্রেতাদের চাপ কমেনি। শুক্রবার (১৩ নভেম্বর) নয়াবাজার, দক্ষিণ বনশ্রী কাঁচাবাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল ও আগারগাঁও তালতলা বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে মোটা চালের দাম কেজিতে ৩ টাকা বেড়ে ৫০ থেকে ৫৮ টাকায় উঠেছে। চিনির দাম কেজিতে ২ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১১০ থেকে ১১৫ টাকা।
বাজারে খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে লিটারপ্রতি ১৯০ টাকায়, আর বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম ২০৪ টাকা। কয়েকটি দোকানে বোতলের গায়ে লেখা দামের চেয়ে বেশি, এমনকি ২১০ টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ করেছেন ক্রেতারা।
সবজির বাজারে চিত্রটি ভিন্ন। দুই সপ্তাহ আগে বড় আকারের একটি ফুলকপি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হলেও এখন তা পাওয়া যাচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। নতুন আলুর দাম কেজিতে প্রায় ৩০ টাকা কমে ১২০ টাকায় নেমেছে, আর পুরোনো আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকায়।
কাঁচা মরিচের দাম কেজিতে প্রায় ৪০ টাকা কমে ৬০ থেকে ৮০ টাকায় দাঁড়িয়েছে। নতুন দেশি টমেটো ১২০ থেকে ১৩০ টাকা ও আমদানি করা টমেটো ১১০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গাজরের দাম ১০০ থেকে ১৪০ টাকা।
এছাড়া গোল বেগুন ১০০ টাকা, লম্বা বেগুন ৬০ থেকে ৮০ টাকা, করলা ৭০ থেকে ১০০ টাকা, শিম ৮০ থেকে ১২০ টাকা, শসা ১০০ টাকা ও ঢেঁড়স ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পটল ৫০ থেকে ৬০ টাকা, ঝিঙে ও চিচিঙ্গা ৬০ টাকা, মুলা ৫০ থেকে ৬০ টাকা এবং পেঁপে ৩০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।
সবজি বিক্রেতা মো. সুমন মিয়া বলেন, শীতের সবজি বাজারে আসতে শুরু করেছে এবং আগের তুলনায় কিছু সবজির দাম কমেছে। সরবরাহ আরও বাড়লে দাম আরও কমতে পারে বলে তিনি জানান। তবে পাইকারি মূল্য, পরিবহন ও অন্যান্য খরচ বিবেচনায় রেখেই খুচরা দামে বিক্রি করতে হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
চালের বাজারে মোটা চাল প্রতি কেজি ৫০ থেকে ৫৫ টাকা, আটাশ চাল মানভেদে ৫৬ থেকে ৬০ টাকা এবং সরু চাল ৭০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। পোলাওয়ের চাল খোলা বাজারে ১৭০ টাকা এবং প্যাকেটজাত ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজ ৫০ টাকা, রসুন ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী মো. রাকিবুল ইসলাম বলেন, সবজির দাম কিছুটা কমেছে, এটি ভালো দিক। কিন্তু তেল, চাল ও মাছসহ অন্যান্য পণ্যের দাম কমছে না। একদিকে সবজি কিনে কিছু টাকা বাঁচলেও অন্য পণ্য কিনতে গিয়ে সেই টাকা আবার খরচ হয়ে যাচ্ছে বলে তিনি জানান।
মাছের বাজারে স্বস্তি নেই। তেলাপিয়া ও চাষের কই ১৮০ থেকে ২২০ টাকা, পাঙাশ ১৬০ থেকে ২৭০ টাকা, সিলভার কার্প ১৮০ থেকে ৩৫০ টাকা এবং রুই ২৮০ থেকে ৩৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাতলা আকারভেদে ৩৫০ থেকে ৬৫০ টাকা, পাবদা ৩৮০ থেকে ৪৫০ টাকা এবং মিরর কার্প ৩৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
চাষের চিংড়ি কেজিপ্রতি প্রায় ৯০০ টাকা এবং বড় গলদা চিংড়ি ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট ইলিশ ৮০০ থেকে ১ হাজার টাকা, মাঝারি ইলিশ ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৬০০ টাকা এবং বড় ইলিশ ২ হাজার টাকার বেশি দামে বিক্রি হচ্ছে।
মাছ বিক্রেতা আবদুল আলিম বলেন, মাছের দাম মূলত পাইকারি বাজারের ওপর নির্ভর করে। সায়েদাবাদ আড়ত থেকে বেশি দামে কিনতে হলে খুচরা বাজারেও বেশি দামে বিক্রি করতে হয়। বড় মাছ ও ইলিশের দাম বেশি হওয়ায় সাধারণ ক্রেতারা আগের মতো কিনতে পারছেন না বলে তিনি জানান।
মুরগি ও ডিমের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। কয়েক মাস ধরে ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৯০ থেকে ২০০ টাকায় বিক্রি হলেও গত দুই সপ্তাহে দাম কমে ১৭০ থেকে ১৯০ টাকায় নেমেছে। সোনালি মুরগি ২৪০ থেকে ৩৩০ টাকা এবং লেয়ার মুরগি ৩৫০ থেকে ৩৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ফার্মের বাদামি ডিমের দাম ডজনে প্রায় ১০ টাকা কমে ১৫০ টাকায় নেমেছে। শুক্রবার বাজারে লাল ডিমের ডজন ১৪৫ থেকে ১৫০ টাকা এবং সাদা ডিম ১৩০ থেকে ১৩৫ টাকায় বিক্রি হয়েছে। তবে গরুর মাংসের দাম এখনো কেজিতে ৮০০ থেকে ৮৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৫০ টাকায় রয়ে গেছে।
বাজারে আসা ক্রেতা নাঈম বলেন, অনেক সবজির দাম কিছুটা কমলেও সব পণ্য কেনার সামর্থ্য হচ্ছে না। মাছ কিনতে গিয়েও শেষ পর্যন্ত ফিরে আসতে হয়েছে বলে তিনি জানান। বিক্রেতাদের আশা, আগামী এক সপ্তাহে শীতের সবজির সরবরাহ আরও বাড়লে দাম আরও কমবে।



