পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ তিনজন নিহত, আহত আরও পাঁচজন

পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ থ্রি-হুইলারের তিনজন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান। দুর্ঘটনাটি ঘটে বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের কৈকিল্লা দীঘি এলাকায় বোদা-দেবীগঞ্জ সড়কে।
নিহত ব্যক্তিরা হলেন পঞ্চগড় বিসিক শিল্পনগরীর হিসাবরক্ষক মাহমুদা খানম (৩৫), তাঁর আট বছর বয়সী মেয়ে আল আকসা সম্প্রীতি এবং দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের খেলারাম এলাকার বাসিন্দা ও ক্লিনিক কর্মী প্রমীলা রানী (৩০)।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বিকেলে একটি থ্রি-হুইলার যাত্রী নিয়ে বোদা উপজেলার সাকোয়া বাজার এলাকা থেকে উপজেলা শহরের দিকে যাচ্ছিল। বোদা-দেবীগঞ্জ সড়কের কৈকিল্লা দীঘি এলাকায় একই দিক থেকে আসা একটি ট্রাক পেছন থেকে থ্রি-হুইলারটিকে ধাক্কা দেয়। এতে যানটি দুমড়েমুচড়ে যায় এবং আটজন যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সাতজনের অবস্থার অবনতি হলে তাঁদের ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
ঠাকুরগাঁওয়ে মাহমুদা খানম ও তাঁর মেয়ে আল আকসা সম্প্রীতির অবস্থা আরও খারাপ হলে তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত আটটার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মা-মেয়ের মৃত্যু হয়। এর কিছুক্ষণ পর ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেক যাত্রী প্রমীলা রানী মারা যান।
দুর্ঘটনায় আহত বাকি পাঁচ যাত্রী ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল বলেন, ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ থ্রি-হুইলারের তিনজন যাত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার পর চালক ঘাতক ট্রাক নিয়ে পালিয়ে গেলেও পরে ট্রাকটি শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



