তালেবানের সঙ্গে বাণিজ্য বাড়াতে ৭০ সদস্যের প্রতিনিধিদল নিয়ে কাবুলে রুশ উপপ্রধানমন্ত্রী
পরিবহন, পণ্য সরবরাহ, কৃষি ও ওষুধশিল্পের মতো খাতে ব্যবসায়িক চুক্তির নতুন সম্ভাবনা খতিয়ে দেখতে আফগানিস্তানের তালেবান প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেছে মস্কো।
এ লক্ষ্যে ৭০ সদস্যের একটি ব্যবসায়িক প্রতিনিধিদল নিয়ে বৃহস্পতিবার কাবুলে পৌঁছান রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সেই ওভারচুক।
আফগান কর্মকর্তারা জানান, কাবুলে পৌঁছালে ওভারচুককে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার দিয়ে অভ্যর্থনা জানানো হয়।
সফরকালে ওভারচুক তালেবান সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ হাসান আখুন্দ, অর্থনৈতিকবিষয়ক উপপ্রধানমন্ত্রী আবদুল গনি বারাদার এবং পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করেন।
ওভারচুকের দেওয়া হিসাব অনুযায়ী, ২০২৬ সালের প্রথম আট মাসেই রাশিয়া ও আফগানিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ দ্বিগুণের বেশি বেড়ে ৩৪ কোটি ৯০ লাখ ডলার ছাড়িয়েছে।
রুশ সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, সফররত দলটিতে এমন সব কোম্পানির প্রতিনিধিরা রয়েছেন, যারা ইতোমধ্যে আফগানিস্তানে ব্যবসা পরিচালনা করছে বলে জানিয়েছেন ওভারচুক।
এর বাইরে আরও বহু রুশ প্রতিষ্ঠান দেশটিতে নতুন করে কার্যক্রম শুরু করতে আগ্রহী। প্রতিনিধিদলের প্রতিষ্ঠানগুলো পরিবহন, পণ্য সরবরাহ, কৃষি ও ওষুধ খাতের সঙ্গে সংশ্লিষ্ট।
আফগান সরকার রাশিয়ার রাসায়নিক সার আমদানি এবং আফগানিস্তানের মাটিতে সার উৎপাদনের কারখানা স্থাপনের বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে।
আফগান সরকারের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে আবদুল গনি বারাদার রুশ প্রতিনিধিদলের সামনে দেশটির অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগের সম্ভাবনাময় ক্ষেত্রগুলো তুলে ধরেন।
এ সময় বারাদার আফগানিস্তানের কৌশলগত ভৌগোলিক অবস্থান, অফুরন্ত প্রাকৃতিক সম্পদ এবং ২ কোটি ৪০ লাখ কর্মক্ষম জনশক্তির কথা বিশেষভাবে উল্লেখ করেন।
বৈঠকে কৃষি, খনিজ সম্পদ, সড়ক ও রেল অবকাঠামো নির্মাণ এবং শিল্পকারখানা স্থাপনে রুশ প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগের আহ্বান জানান বারাদার।
পাশাপাশি দেশটিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রস্তাব দেওয়ার পাশাপাশি রাশিয়ার বাজারে আফগান কৃষিপণ্যের রপ্তানি বাড়ানোর আগ্রহ ব্যক্ত করেন তিনি।
রুশ বাজারে আফগান পণ্যের প্রবেশের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং পরিবহন ও পণ্য ট্রানজিট ব্যয় কমাতে মস্কোর সহযোগিতা কামনা করেন বারাদার।
প্রসঙ্গত, ২০২১ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানের শাসনক্ষমতা দখল করে তালেবান। এরপর ২০২৫ সালের জুলাইয়ে প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র দেশ হিসেবে তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় রাশিয়া।
বিশ্বের অন্য কোনো রাষ্ট্র এখনো আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও বিভিন্ন দেশের সঙ্গে উচ্চপর্যায়ের সংলাপ চালিয়ে যাচ্ছে তালেবান কর্তৃপক্ষ এবং কয়েকটি সরকারের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে।



