টানা পঞ্চম দফায় কমল সোনার দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

টানা পাঁচ দফায় দেশের বাজারে কমানো হয়েছে সোনার দাম। এবার ভরিতে দাম কমানো হয়েছে ২ হাজার ২১৬ টাকা।
এর ফলে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গয়নার দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা।
শনিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমায় সোনার দাম কমানো হয়েছে এবং শনিবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
এদিন বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাজুসের নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বাজুসের মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের রুপার গয়নার প্রতি ভরির দাম ৩ হাজার ৪৯৯ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার গয়নার প্রতি ভরির দাম ২ হাজার ২১৬ টাকা।
বাজুস জানিয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। সোনা ও রুপার গয়নার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।




