চট্টগ্রামের কর্ণফুলীতে ‘নন-পলাতক’ আওয়ামী লীগের সভাপতি দাবি করা অ্যাডভোকেট কামাল আটক

নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা অ্যাডভোকেট এম কামাল উদ্দিনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সিডিএ মইজ্জারটেক এলাকার একটি ভাড়া বাসা থেকে স্থানীয় জনতা তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
কামাল উদ্দিন চট্টগ্রাম আদালতের সাবেক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ছিলেন। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের বহিষ্কৃত আইনবিষয়ক সম্পাদকও ছিলেন। এর আগে তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্যানেল আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০২৪ সালের ৫ আগস্টের পর পলাতক আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে গত অক্টোবরে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দেন কামাল উদ্দিন। নিজেকে ওই কমিটির সভাপতি পরিচয় দিয়ে দেওয়া তাঁর বক্তব্যের ভিডিও ফেসবুক ও টিকটকে ছড়িয়ে পড়লে তিনি আলোচনায় আসেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে সিডিএ মইজ্জারটেক এলাকার একটি ভাড়া বাসায় অবস্থান করছিলেন কামাল উদ্দিন। তাঁর অবস্থানের খবর পেয়ে স্থানীয় লোকজন বাসাটি ঘেরাও করেন। পরে তাঁকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে নিজেদের হেফাজতে নেয়।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, ‘অ্যাডভোকেট কামাল উদ্দিনকে আটক করা হয়েছে। উনি আমাদের হেফাজতে রয়েছেন।’




