…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

শৈশবে দেখা সিডরের স্মৃতি নিয়ে তুরস্কে কপ-৩১ মঞ্চে বরগুনার তরুণ মুন্না

নিজস্ব প্রতিবেদক
শৈশবে দেখা সিডরের স্মৃতি নিয়ে তুরস্কে কপ-৩১ মঞ্চে বরগুনার তরুণ মুন্না
ছবি: সংগৃহীত

শৈশবে চোখের সামনে দেখেছেন প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের ধ্বংসযজ্ঞ। সেই স্মৃতি থেকেই উপকূলের মানুষের দুর্ভোগ ও জলবায়ু সংকট নিয়ে কাজের অনুপ্রেরণা পেয়েছেন। এবার তুরস্কে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর বিশ্বমঞ্চে উপকূলবাসীর কথা তুলে ধরতে চান বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের সন্তান মো. খায়রুল ইসলাম মুন্না।

২০০৭ সালের ১৫ নভেম্বর প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে তছনছ হয়ে যায় বাংলাদেশের দক্ষিণ উপকূল। মুহূর্তেই লন্ডভন্ড হয়ে পড়ে জনপদ, বিপর্যস্ত হয় মানুষের জীবন ও জীবিকা। বরগুনাও সিডরের ভয়াবহতা থেকে রেহাই পায়নি। ঘূর্ণিঝড়ের ধ্বংসযজ্ঞ, মানুষের আহাজারি আর বেঁচে থাকার সংগ্রাম শৈশবেই কাছ থেকে দেখেছিলেন মুন্না; সেই দৃশ্য গভীরভাবে দাগ কাটে তাঁর মনে।

সময় গড়িয়েছে, মুন্না এখন তরুণ। কিন্তু সিডরের স্মৃতি আজও তাঁকে তাড়িত করে। সেই অভিজ্ঞতা ধীরে ধীরে রূপ নিয়েছে উপকূলের মানুষের প্রতি দায়বদ্ধতায়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে থাকা উপকূলীয় জনপদের মানুষের সংকট, অধিকার ও প্রত্যাশার কথা বৃহত্তর পরিসরে তুলে ধরার স্বপ্নের অংশ হিসেবে এবার তিনি যুক্ত হয়েছেন আন্তর্জাতিক অঙ্গনে।

গত ৮ নভেম্বর থেকে সম্মেলনকেন্দ্রিক বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছেন মুন্না। আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় উপকূলের মানুষের বাস্তব অভিজ্ঞতা ও সংকট তুলে ধরা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরাই তাঁর লক্ষ্য।

মুন্নার বাবা মো. সিদ্দিকুর রহমান একজন ব্যবসায়ী এবং মা খাদিজা আক্তার বেবী গৃহিণী। তাঁর ছোট ভাই আরিফুল ইসলাম মান্নাও পড়াশোনার পাশাপাশি স্বেচ্ছাসেবামূলক ও জলবায়ুবিষয়ক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।

ছোট ভাই আরিফুল ইসলাম মান্না বলেন, শৈশবে সিডরের ভয়াবহতা প্রত্যক্ষ করার পর থেকেই মুন্না উপলব্ধি করতে শুরু করেন, উপকূলের মানুষের সংকট শুধু ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে নিরাপদ পানির সংকট, জীবিকার অনিশ্চয়তা, স্বাস্থ্যঝুঁকি, শিক্ষার প্রতিবন্ধকতা, পরিবেশ বিপর্যয় ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার প্রশ্ন।

তৃণমূল পর্যায়ে তরুণদের সংগঠিত করা, স্থানীয় সমস্যা চিহ্নিত করা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে শুরু হয় মুন্নার পথচলা। তবে একটি উপজেলা থেকে বৃহত্তর পরিসরে তরুণদের সম্পৃক্ত করার এই যাত্রা সহজ ছিল না; সীমিত সুযোগ-সুবিধা, নানা প্রতিকূলতা ও মানুষের আস্থা অর্জনের চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হয়েছে তাঁকে।

দীর্ঘমেয়াদি সামাজিক পরিবর্তনে সংগঠিত উদ্যোগের প্রয়োজনীয়তা উপলব্ধি করে মুন্না প্রতিষ্ঠা করেন 'গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি'। বর্তমানে তিনি সংগঠনটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক। জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ, যুব নেতৃত্বের বিকাশ এবং শিশু, কিশোরী ও নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সংগঠনটি।

বরগুনাকে কেন্দ্র করে যাত্রা শুরু হলেও বর্তমানে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও ঢাকায় বিস্তৃত হয়েছে সংগঠনটির কার্যক্রম। এর সঙ্গে যুক্ত রয়েছেন এক হাজারের বেশি তরুণ স্বেচ্ছাসেবক। তাঁরা জলবায়ু ও পরিবেশ সংরক্ষণের পাশাপাশি নিরাপদ পানি, কিশোরী ও নারীদের স্বাস্থ্যসুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে কাজ করছেন।

তৃণমূলের অভিজ্ঞতাকে জাতীয় ও আন্তর্জাতিক নীতিনির্ধারণী আলোচনার সঙ্গে যুক্ত করতেও সক্রিয় মুন্না। ২০২৬ সালে লোকাল কনফারেন্স অব ইয়ুথ বাংলাদেশের যোগাযোগ ও গণমাধ্যমবিষয়ক নেতৃত্বের দায়িত্বে রয়েছেন তিনি। পাশাপাশি ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরিশাল বিভাগের সভাপতি, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ইয়ুথ অ্যাডভাইজরি প্যানেলের সদস্য এবং কান্ট্রি ম্যানেজমেন্ট টিমে যুব প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়নের শিক্ষার্থী হিসেবেও মাঠপর্যায়ের বাস্তবতা ও ক্ষতিগ্রস্ত মানুষের অভিজ্ঞতা গণমাধ্যমের মাধ্যমে তুলে ধরতে আগ্রহী তিনি।

কপ-৩১-এ অংশগ্রহণের লক্ষ্য সম্পর্কে মুন্না বলেন, 'তুরস্কে অনুষ্ঠেয় কপ-৩১ সম্মেলনে জলবায়ু অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলার বিষয় দুটিকে বিশেষ গুরুত্ব দিতে চাই। আন্তর্জাতিক আলোচনায় উপকূলের মানুষের বাস্তবতা তুলে ধরাই আমার অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিভিন্ন দেশের তরুণ, জলবায়ুকর্মী ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র তৈরি করতে চাই।'

বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ বলেন, উপকূলীয় এলাকার একজন তরুণ হিসেবে জলবায়ু পরিবর্তন নিয়ে মুন্নার কাজ এবং আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ এলাকার জন্য গর্বের বিষয়। ছোটবেলা থেকে উপকূলের নানা সমস্যা দেখে বড় হয়েছেন তিনি; এখন সেই এলাকার মানুষের কথা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার সুযোগ পাচ্ছেন। তাঁর আশা, মুন্না বিশ্বমঞ্চে বরগুনাসহ পুরো উপকূলের মানুষের দুর্ভোগ, প্রত্যাশা ও অধিকার তুলে ধরবেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

আবহাওয়া ও পরিবেশ

দক্ষিণ বঙ্গোপসাগরের লঘুচাপ এখন সুস্পষ্ট, ৪৮-৭২ ঘণ্টায় ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, সিস্টেম…

আবহাওয়া ও পরিবেশ

নারী যাত্রীদের জন্য ১০০টি পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস কিনছে সরকার, বরাদ্দ ৪০০ কোটি টাকা

নারী যাত্রীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনতে যাচ্ছে সরকার।…

জলবায়ু ন্যায়বিচারের দাবিতে ঢাকায় সাইকেল র‍্যালি, অংশ নিল ৩৫ সংগঠন
আবহাওয়া ও পরিবেশ

জলবায়ু ন্যায়বিচারের দাবিতে ঢাকায় সাইকেল র‍্যালি, অংশ নিল ৩৫ সংগঠন

জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীর জন্য ঐতিহাসিক দায়ের ভিত্তিতে ন্যায্য ক্ষতিপূরণ এবং জলবায়ু ন্যায়বিচারের দাবিতে শনিবার (১৪ নভেম্…

৫২ বছর পর পঞ্চগড়ের সীমান্তে বুনো ময়ূরের দল, সাতটি ময়ূর নেমে এল বাংলাদেশের মাটিতে
আবহাওয়া ও পরিবেশ

৫২ বছর পর পঞ্চগড়ের সীমান্তে বুনো ময়ূরের দল, সাতটি ময়ূর নেমে এল বাংলাদেশের মাটিতে

পঞ্চগড়ের সীমান্তঘেঁষা এলাকায় বুনো ময়ূরের একটি দলের দেখা মিলেছে। বাংলাদেশে সরকারিভাবে ‘বিলুপ্ত’ ঘোষিত এই পাখির সন্ধানে গিয়ে একটি জরিপ দল প্রথমে চার…