…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › লাইফস্টাইল › খবর
লাইফস্টাইল

৭০ পেরোলেও শীতে ত্বক থাকবে কোমল, যত্ন নেবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক
৭০ পেরোলেও শীতে ত্বক থাকবে কোমল, যত্ন নেবেন যেভাবে
ছবি: সংগৃহীত

বয়স এখন কেবল একটি সংখ্যা মাত্র। সত্তরের কোঠায় পা রাখলেও নিজেকে পরিপাটি ও সতেজ রাখার ইচ্ছা এখন প্রতিটি মানুষের। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের প্রাকৃতিক তেল ও আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা কমতে থাকে।

পাশাপাশি বার্ধক্যজনিত বিভিন্ন অসুখের কারণেও ত্বকে নানা সমস্যা দেখা দিতে পারে। ফলে ত্বক পাতলা, শুষ্ক ও সংবেদনশীল হয়ে পড়ে। এর ওপর শীতের আগমনী আভাসে বাতাসে আর্দ্রতা কমে যায়, যা বয়স্কদের ত্বকে টানটান ভাব, খসখসেভাব এবং চুলকানির মতো সমস্যা বাড়িয়ে তোলে। তাই শীত পুরোপুরি জেঁকে বসার আগেই প্রয়োজন বাড়তি সতর্কতা ও সঠিক যত্ন।

শীতের আমেজ শুরু হতেই অনেকেই বেশ গরম পানিতে গোসল করতে পছন্দ করেন। কিন্তু গরম পানি ত্বকের প্রাকৃতিক তেল শুষে নিয়ে ত্বককে আরও রুক্ষ করে তোলে। তাই গোসলের জন্য একেবারেই হালকা কুসুম গরম পানি ব্যবহার করতে হবে এবং গোসলের সময় ৫ থেকে ১০ মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। গোসল শেষে তোয়ালে দিয়ে ত্বক জোরে না ঘষে আলতো করে চেপে মুছে নিতে হবে।

সাধারণ ক্ষারযুক্ত সাবান বয়োজ্যেষ্ঠদের সংবেদনশীল ত্বকের জন্য ক্ষতিকর। সুগন্ধিযুক্ত ও কড়া সাবান পরিহার করে সাবানমুক্ত, সুগন্ধহীন ও মৃদু ময়শ্চারাইজিং ক্লিনজার বা বডি ওয়াশ ব্যবহার করতে হবে। প্রতিদিন পুরো শরীরে ক্লিনজার ব্যবহারের প্রয়োজন নেই; কেবল শরীরের ভাঁজযুক্ত স্থান, হাত ও পায়ে ক্লিনজার ব্যবহার করে বাকি শরীর পানি দিয়ে ধুয়ে নিলেই যথেষ্ট।

ত্বকের আর্দ্রতা ধরে রাখার সবচেয়ে কার্যকর উপায় হলো গোসল বা মুখ ধোয়ার পর ত্বক হালকা ভেজা থাকা অবস্থাতেই ময়শ্চারাইজার লাগানো। এই বয়সে সাধারণ লোশনের চেয়ে ঘন ক্রিম বা অয়েন্টমেন্ট বেশি কার্যকর। সেরামাইড, গ্লিসারিন বা হায়ালুরোনিক অ্যাসিডসমৃদ্ধ ময়শ্চারাইজার ত্বকের সুরক্ষা স্তর মজবুত রাখে। কনুই, হাঁটু, পায়ের গোড়ালি এবং পিঠে একটু বেশি পরিমাণে ক্রিম লাগাতে হবে।

শীতের মিষ্টি রোদ আরামদায়ক হলেও সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের ক্ষতি করতে পারে। বয়স ৭০ হলেও রোদে বের হওয়ার আগে অন্তত এসপিএফ ৩০ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করা জরুরি। এটি ত্বককে রোদে পোড়া ও শুষ্কতা থেকে রক্ষা করবে।

শীতের শুরুতে সবার আগে ঠোঁট ও পায়ের গোড়ালি ফাটতে শুরু করে। ঠোঁটের সুরক্ষায় পেট্রোলিয়াম জেলি বা ভালো মানের লিপ বাম ব্যবহার করা যায়। রাতে ঘুমানোর আগে পায়ে পুরু করে পেট্রোলিয়াম জেলি বা ফুট ক্রিম লাগিয়ে সুতির মোজা পরে ঘুমানো যেতে পারে। এ ছাড়া ঘরের কাজ বা বাগান করার সময় হাতে গ্লাভস পরার অভ্যাস করলে ত্বক রাসায়নিক ও শুষ্কতা থেকে বাঁচবে।

আবহাওয়া ঠান্ডা হতে শুরু করলে পানি পানের তৃষ্ণা কমে যায়, যা শরীরে পানিশূন্যতা তৈরি করে এবং ত্বককে নিষ্প্রভ করে তোলে। তাই পিপাসা না লাগলেও নিয়ম করে পর্যাপ্ত পানি পান করতে হবে। পাশাপাশি প্রতিদিনের খাদ্যতালিকায় ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ খাবার—যেমন সামুদ্রিক মাছ, বাদাম, সবুজ শাকসবজি ও মৌসুমি ফল—রাখতে হবে।

৭০ বছর বয়সে ত্বকের যত্ন নেওয়া কোনো বিলাসিতা নয়, বরং সুস্থ ও আরামদায়ক জীবনযাপনেরই একটি অংশ। শীত আসার আগেই প্রতিদিনের রুটিনে সামান্য এই পরিবর্তনগুলো আনতে পারলে পুরো শীতকাল জুড়ে ত্বক থাকবে সতেজ, কোমল ও প্রাণবন্ত। তবে ত্বকে অতিরিক্ত চুলকানি, র‍্যাশ বা কোনো অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে দেরি না করে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

লাইফস্টাইল বিভাগের আরও খবর

চট্টগ্রামে রোদ উঠলেই শেষ তিন ঘণ্টার বাজার, সকাল ৭টা থেকে ১০টার কেনাবেচা জামালখান ও ডিসি হিলে
লাইফস্টাইল

চট্টগ্রামে রোদ উঠলেই শেষ তিন ঘণ্টার বাজার, সকাল ৭টা থেকে ১০টার কেনাবেচা জামালখান ও ডিসি হিলে

চট্টগ্রাম নগরের জামালখান ও ডিসি হিল সড়কে ভোরের আলো ফোটার পর শুরু হয় একটি বাজার, আর রোদ ওঠার পরই তার কেনাবেচা শেষ হয়ে যায়। মাত্র তিন ঘণ্টার এই বাজা…