ব্রেক্সিটে লাভের চেয়ে ক্ষতিই বেশি হয়েছে, বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহাম

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার পর যুক্তরাজ্য ‘লাভের চেয়ে বেশি হারিয়েছে’ বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। ব্রেক্সিটের সমালোচনা করে সম্প্রতি তিনি ধারাবাহিকভাবে যেসব মন্তব্য করেছেন, এটি তারই সর্বশেষটি।
ব্রাসেলসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার আকাঙ্ক্ষা তুলে ধরে বার্নহাম অভিযোগ করেন, ব্রেক্সিটের পর কনজারভেটিভ পার্টি ইইউর সঙ্গে যুক্তরাজ্যের ‘সব সেতুই পুড়িয়ে দিয়েছে’। তিনি বলেন, আগামী সপ্তাহে ইইউর সঙ্গে তিনি যে নতুন চুক্তি নিশ্চিত করতে চান, তা ‘খাদ্যের দাম কমাবে’ এবং ব্রিটিশ রপ্তানিকারকদের হাতে আরও অর্থ পৌঁছে দেবে।
আগামী সপ্তাহে একটি শীর্ষ সম্মেলনে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে খাদ্য ও কৃষি, নির্গমন বাণিজ্য এবং যুব গতিশীলতা প্রকল্পসহ যেসব চুক্তি তিনি নিশ্চিত করতে চান, সেগুলো দেশের জিডিপি শূন্য দশমিক ৪ শতাংশ—প্রায় ১ হাজার ৭০০ কোটি পাউন্ড—বাড়াতে পারে বলে তিনি জানিয়েছেন। ব্রাসেলসের সঙ্গে ভিন্ন ধরনের দীর্ঘমেয়াদি সম্পর্কের ‘বিকল্পগুলো খতিয়ে দেখার’ কথাও বলেছেন তিনি।
শনিবার ওয়েলশ লেবার সম্মেলনে বার্নহাম বলেন, ‘জীবনযাত্রার ব্যয় কমাতে আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে প্রস্তুত থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘এ কারণেই কয়েক দিনের মধ্যে আমি পরবর্তী যুক্তরাজ্য-ইইউ শীর্ষ সম্মেলনে যাব এবং সেখানে পৌঁছানোর আগে যুক্তরাজ্য ও ইইউর মধ্যে খাদ্য ও কৃষি নিয়ে একটি নতুন চুক্তিতে পৌঁছাতে কঠোর পরিশ্রম করব। কেন আমি এটা করছি? কারণ আমি ওয়েলশ ব্যবসায়ীদের সাহায্য করতে চাই।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, গত ১০ বছরে আমরা লাভের চেয়ে বেশি হারিয়েছি। আর আমি মনে করি, ২০১৬ সালে ভোট দেওয়ার সময় মানুষ যা পাবেন বলে ভেবেছিলেন, কনজারভেটিভরা ব্রিটেনকে তার চেয়ে কঠোর ও কঠিন ব্রেক্সিট দিয়েছে, কারণ এরপর তারা ইইউর সঙ্গে আমাদের সব সেতু পুড়িয়ে দিয়েছিল। তাই প্রধানমন্ত্রী হিসেবে এই ইস্যুতে আমি নেতৃত্ব দেব এবং ওয়েলসের জন্য, এখানকার যারা উপকৃত হতে পারেন—ওয়েলশ কৃষক, ওয়েলশ শেলফিশ ও ভেড়ার মাংস রপ্তানিকারকদের জন্য—সেরা চুক্তিটি পেতে চেষ্টা করব।’
বার্নহাম সম্প্রতি বলেছেন, একক বাজারে ফেরা, শুল্ক ইউনিয়নে ফেরা কিংবা ‘পুরোপুরি এগিয়ে’ ইইউতে পুনরায় যোগ দেওয়ার বিষয়েও তিনি খোলা মনের। তবে শনিবার তিনি বলেন, যেকোনো পরিবর্তনের ক্ষেত্রে শেষ পর্যন্ত ভোটাররাই ‘কর্তা’ হবেন।
তিনি লেবার পার্টির নির্বাচনী ইশতেহারের ‘লাল রেখা’গুলোর প্রতি তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন—যেগুলো শুল্ক ইউনিয়ন, একক বাজার কিংবা মুক্ত চলাচলে ফেরার পথ বন্ধ রেখেছে। তিনি বলেন, গণভোটের ফলাফলকে সম্মান জানিয়েই তিনি এগিয়ে যাবেন।
ব্রাসেলসের সঙ্গে দেশটিকে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করতে সরকার ইতিমধ্যে কয়েকটি ঘোষণা দিয়েছে। চলতি মাসের শুরুতে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, ‘মেড ইন ইউরোপ’ শিল্প কর্মসূচিতে প্রবেশাধিকার পেলে ইইউ শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের টিউশন ফিতে ছাড় দিতে বছরে সর্বোচ্চ ৪৫ কোটি পাউন্ড পর্যন্ত ব্যয় করতে প্রস্তুত যুক্তরাজ্য।
চলতি সপ্তাহের শুরুতে ইইউ আলোচনার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সদস্য হামিশ ফ্যালকনার বলেন, ইউরোপীয় বিদ্যুৎ বাজারে প্রবেশাধিকারের বিনিময়ে ইইউর অপেক্ষাকৃত দরিদ্র অংশগুলোর অবকাঠামো প্রকল্পে অর্থ দেওয়ার বিষয়ে আলোচনা করতে রাজি আছে ব্রিটেন।
তবে বার্নহামের সাম্প্রতিক ইইউ-ঘনিষ্ঠ মন্তব্য সত্ত্বেও ব্রাসেলসের জ্যেষ্ঠ কর্মকর্তারা বলেছেন, যুক্তরাজ্য যেসব ইউরোপীয় প্রকল্পে প্রবেশাধিকার চায়, সেগুলোর জন্য দেশটিকে অর্থ দেওয়া শুরু করতে দেখতে চান তাঁরা।
ইইউর সাবেক ব্রেক্সিট আলোচক মিশেল বার্নিয়ে গত সপ্তাহে বিবিসিকে বলেন, ‘একটি স্বাধীনতা পেয়ে অন্যটি না পাওয়ার কোনো সুযোগ থাকবে না। একক বাজারের ভেতরে থাকার শর্ত হিসেবে চারটি স্বাধীনতাই স্পষ্ট শর্ত।’
আগামী ২০ নভেম্বর ব্রাসেলসে এক শীর্ষ সম্মেলনে বার্নহামের সঙ্গে বৈঠক করবেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লায়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রধান আন্তোনিও কস্তা। সেখানে খাদ্য ও পানীয়, কার্বন নির্গমন এবং যুব বিনিময় নিয়ে চুক্তি সই হতে পারে।

