ছবির গোপনীয়তা লঙ্ঘনে মেটাকে ৮০ কোটি ৫০ লাখ ইউরো জরিমানা করল ইতালি
ব্যবহারকারীদের সম্মতি ছাড়া তাঁদের স্মার্টফোনের ছবিতে প্রবেশ করার অভিযোগে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ৮০ কোটি ৫০ লাখ ইউরো জরিমানা করেছে ইতালির তথ্য গোপনীয়তা কর্তৃপক্ষ গারান্তে। ডলারের হিসাবে এই জরিমানার পরিমাণ প্রায় ৮৮ কোটি ৭০ লাখ। শনিবার কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা জানায়।
গারান্তে বলেছে, অ্যান্ড্রয়েড ফোনে ফেসবুক অ্যাপটি ইতালীয় ব্যবহারকারীদের স্মার্টফোনে সংরক্ষিত ছবি, ভিডিও ও সেগুলোর সঙ্গে যুক্ত তথ্যে (মেটাডেটা) নির্দিষ্ট সম্মতি ছাড়াই এবং ব্যবহারকারীদের না জানিয়েই প্রবেশ করেছে।
বিষয়টি জড়িত ফেসবুকের ‘গ্যালারি থেকে পরামর্শ পান’ (গেট সাজেশনস ফ্রম গ্যালারি) নামের সুবিধার সঙ্গে। ফেসবুক ঘাঁটার সময় এই সুবিধাটি ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও পোস্ট করার জন্য পরামর্শ হিসেবে সামনে আনে।
কর্তৃপক্ষের মতে, এই প্রক্রিয়া ইউরোপীয় ইউনিয়নের ই-প্রাইভেসি নির্দেশনা বাস্তবায়নে প্রণীত ইতালির আইন লঙ্ঘন করেছে।
গারান্তে আরও বলেছে, সম্মতি নেওয়ার ক্ষেত্রে অ্যাপটির প্রক্রিয়া অত্যধিক সাধারণ ধরনের; ব্যবহারকারী সম্মতি দিতে গিয়ে ঠিক কোন কোন অনুমতি দিচ্ছেন, তা পুরোপুরি বুঝতে পারেন না। তা ছাড়া এই পরামর্শের সুবিধাটি শুরু থেকেই (ডিফল্টভাবে) চালু রাখা ছিল।
কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, ইতালিতে প্রায় দুই কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এতে ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারেন।
জরিমানার অঙ্কটি ইতালির এই নিয়ন্ত্রক সংস্থার ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড়। গারান্তে বলেছে, জরিমানার আকার নির্ধারণে মেটার ‘সহযোগিতার অভাব’ এবং ক্ষতিগ্রস্ত মানুষের বিপুল সংখ্যা ভূমিকা রেখেছে। একই সঙ্গে ২০১৯ সালে আরেকটি লঙ্ঘনের ঘটনায় মেটাকে দেওয়া আগের জরিমানার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।
এই জরিমানার পরিমাণ মেটার বৈশ্বিক লেনদেনের প্রায় শূন্য দশমিক ৪৭ শতাংশের সমান।
গারান্তে মেটাকে অস্পষ্ট সম্মতি-বিজ্ঞপ্তি ঠিক করতে এবং পরামর্শ সুবিধাটি ডিফল্টভাবে চালু রাখা বন্ধ করতে বলেছে।
এই কার্যক্রমে সংগৃহীত বিষয়বস্তু কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণে ব্যবহারের সম্ভাব্য প্রশ্নটি বিবেচনায় নেওয়া হয়নি; মেটা অবশ্য এমন ব্যবহারের কথা অস্বীকার করে।
বিষয়টি নিয়ে মেটা এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। নিয়ন্ত্রক সংস্থার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার অধিকার প্রতিষ্ঠানটির রয়েছে।

