জলবায়ু সহনশীলতায় সিআইএফের ৩ কোটি ডলার: অর্থ ছাড় ও প্রকল্প নিয়ে কপ সম্মেলনস্থলে বৈঠক
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা ও দেশের জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশের জন্য ঘোষিত ৩ কোটি (৩০ মিলিয়ন) মার্কিন ডলার অর্থায়ন ছাড়ের প্রক্রিয়া, অগ্রাধিকারভিত্তিক প্রকল্প নির্বাচন এবং অর্থের কার্যকর ব্যবহার নিয়ে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের (সিআইএফ) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
শনিবার (১৪ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে কপ সম্মেলনস্থলে সিআইএফ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সিআইএফের প্রধান নির্বাহী কর্মকর্তা তারিয়ে গবাদেগেসিন এবং অংশীদারত্ব ও অংশীজন সম্পৃক্ততা বিভাগের প্রধান জ্যাকব থপিল অংশ নেন।
বৈঠকে সিআইএফের ‘অ্যারাইজ’ কর্মসূচির আওতায় বাংলাদেশের জন্য ঘোষিত এই ৩ কোটি ডলারের অর্থায়ন ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সিআইএফ প্রতিনিধিরা জানান, এ কর্মসূচির লক্ষ্য জলবায়ু ঝুঁকিকে বিনিয়োগের সুযোগে রূপান্তর করা এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট আর্থিক অভিঘাত থেকে অর্থনীতিকে সুরক্ষা দেওয়া।
কর্মসূচির আওতায় কৃষি, পানি, জ্বালানি, পরিবহন ও শিল্প খাতে জলবায়ু সহনশীলতা বাড়ানোর সুযোগ রয়েছে। এ জন্য অনুদান, শর্তসাপেক্ষ অনুদান, স্বল্পসুদে ঋণ, ইকুইটি বিনিয়োগ ও গ্যারান্টিসহ বিভিন্ন আর্থিক উপকরণ ব্যবহারের পাশাপাশি ছয়টি বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকের মাধ্যমে সহ-অর্থায়নের সুযোগও রয়েছে।
অর্থ ছাড়ের প্রক্রিয়া সম্পর্কে সিআইএফ প্রতিনিধিরা জানান, বাংলাদেশের জাতীয় অগ্রাধিকার ও জলবায়ু ঝুঁকিপূর্ণ খাতগুলোর চাহিদা বিবেচনায় একটি দেশীয় নেতৃত্বাধীন বিনিয়োগ পরিকল্পনা তৈরি করা হবে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় পরিকল্পনাটি প্রণয়ন করা হবে এবং এর ভিত্তিতেই অর্থায়ন বাস্তবায়নের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
বৈঠকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের জলবায়ু ঝুঁকি ও অবকাঠামোগত চ্যালেঞ্জ তুলে ধরেন। তিনি জানান, উপকূলীয় এলাকায় ১০ থেকে ১৫ বছর আগে নির্মিত অনেক ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র লবণাক্ততার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে নিরাপদ পানীয় জলের সংকট ওই অঞ্চলের মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলছে।
প্রতিমন্ত্রী আশ্রয়কেন্দ্রগুলোকে বহুমুখী ব্যবহারের উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন, যাতে দুর্যোগের সময় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের পাশাপাশি বছরের অন্যান্য সময়ে শিক্ষা ও জীবিকাভিত্তিক কার্যক্রম পরিচালনা করা যায়। আশ্রয়কেন্দ্রের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন এবং উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন তিনি।
বনায়ন ও উপকূলীয় সুরক্ষা কার্যক্রমের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে প্রতি সপ্তাহে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি পর্যবেক্ষণ করছেন। এ কর্মসূচিতে মোট বৃক্ষরোপণের ৩৫ থেকে ৪০ শতাংশ ম্যানগ্রোভ প্রজাতির গাছ রাখার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে কার্বন সংরক্ষণ, উপকূলীয় সুরক্ষা এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবিকার সুযোগ সৃষ্টির লক্ষ্য রয়েছে।
বৈঠকে বাংলাদেশের পাইলট প্রোগ্রাম ফর ক্লাইমেট রেজিলিয়েন্স (পিপিসিআর) কর্মসূচির অগ্রগতিও পর্যালোচনা করা হয়। সিআইএফ প্রতিনিধিরা জানান, ২০০৮ সালে শুরু হওয়া এ কর্মসূচির পরিকল্পনা প্রণয়ন থেকে মূল্যায়ন পর্যন্ত পূর্ণাঙ্গ অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের।
পিপিসিআরের বিনিয়োগ পরিকল্পনার সমাপনী কার্যক্রম সম্পন্ন করতে সিআইএফের ফলাফল মূল্যায়ন, গভর্ন্যান্স ও যোগাযোগবিষয়ক প্রতিনিধিদল ২০২৭ সালের জানুয়ারিতে ঢাকা সফর করবে। এ ছাড়া ২০২৭ সালের এপ্রিল মাসে, সম্ভাব্য ২৪ এপ্রিল, বাংলাদেশে সিআইএফের গভর্ন্যান্স সভা আয়োজনের বিষয়ে সরকার সম্মতি দিয়েছে। এতে সিআইএফের বোর্ড সদস্য, পর্যবেক্ষক এবং উন্নয়ন ব্যাংকগুলোর প্রতিনিধিরা অংশ নেবেন।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলে জলবায়ু অর্থায়ন বিশেষজ্ঞ শাহ আদনান মাহমুদ এবং ইয়ুথ ফর এনডিসির আমানউল্লাহ পরাগ উপস্থিত ছিলেন।
উভয় পক্ষ বাংলাদেশের জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, ঘোষিত অর্থায়নের কার্যকর ব্যবহার এবং অগ্রাধিকারভিত্তিক প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত হয়।



