ইংল্যান্ডে ক্যানসার চিকিৎসার লক্ষ্য পূরণে ঘাটতি প্রায় ১০ হাজার রোগী, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ইংল্যান্ডে প্রায় ১০ হাজার বেশি ক্যানসার রোগী সময়মতো চিকিৎসা পাবেন না, কারণ সরকার তার নির্ধারিত লক্ষ্য পূরণে ব্যর্থ হতে যাচ্ছে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। তাঁদের ভাষায়, এর পেছনে রয়েছে নেতৃত্ব, মনোযোগ ও সম্পদের ঘাটতি।
এনএইচএস একটি অন্তর্বর্তী লক্ষ্য ঠিক করেছিল—২০২৭ সালের মার্চের মধ্যে জরুরি রেফারেল বা পরামর্শকের আপগ্রেডের ৬২ দিনের মধ্যে ৮০ শতাংশ ক্যানসার রোগীর চিকিৎসা শুরু করতে হবে। কিন্তু হাতে ১০০ দিনের কিছু বেশি সময় থাকতেই সেপ্টেম্বরে সময়মতো চিকিৎসা শুরু হওয়া রোগীর হার ছিল ৭০ দশমিক ৭ শতাংশ, যা আগস্টের ৭১ দশমিক ৯ শতাংশ থেকে কম, এনএইচএসের পরিসংখ্যানে দেখা গেছে।
সরকারি পরিসংখ্যানের বিশ্লেষণে দেখা গেছে, রোগীর সংখ্যা একই থাকলে পথে ফিরতে এনএইচএসকে প্রতি মাসে আরও ২ হাজার ৮৫০ জন রোগীর চিকিৎসা সময়মতো শুরু করতে হবে।
রেডিওথেরাপি ইউকের হিসাব অনুযায়ী, মার্চে ৮০ শতাংশ লক্ষ্য পূরণ করতে হলে প্রতি মাসে ২৪ হাজার ৪০০ জন ক্যানসার রোগীর চিকিৎসা সময়মতো শুরু করতে হবে। কিন্তু এনএইচএস বর্তমানে ৬২ দিনের লক্ষ্যের মধ্যে প্রতি মাসে প্রায় ২১ হাজার ৫০০ রোগীর চিকিৎসা শুরু করছে। ফলে মাসে ঘাটতি ২ হাজার ৮৫০ জন এবং মোট ঘাটতি দাঁড়াচ্ছে ৯ হাজার ৪৯০ জন রোগী, দাতব্য সংস্থাটি জানিয়েছে।
রেডিওথেরাপি ইউকের চেয়ারম্যান ও শীর্ষস্থানীয় ক্যানসার বিশেষজ্ঞ অধ্যাপক প্যাট প্রাইস বলেন, ‘সরকার তার ক্যানসার চিকিৎসার লক্ষ্য পূরণে ব্যর্থ হবে, কারণ দরজায় আসা রোগীর সংখ্যা অনুযায়ী চিকিৎসা দেওয়ার মতো যথেষ্ট কর্মী বা সরঞ্জাম এনএইচএসের নেই। নেতৃত্বের এই ঘাটতির অর্থ হলো আরও হাজার হাজার মানুষ মারা যেতে পারেন, কারণ তাঁরা সময়মতো চিকিৎসা পাবেন না।’
বিশ্লেষণে সাধারণ ক্যানসারের ধরনভেদে চিকিৎসায় বড় পার্থক্যও পাওয়া গেছে। প্রোস্টেট ও স্তন ক্যানসারের রোগীদের দুই-তৃতীয়াংশের বেশি দুই মাসের মধ্যে চিকিৎসা পেলেও (যথাক্রমে ৭০ দশমিক ১ ও ৬৮ দশমিক ৮ শতাংশ) ফুসফুসের ক্যানসারে তা ৬০ দশমিক ৯ শতাংশ এবং স্ত্রীরোগ-সংক্রান্ত ক্যানসারে ৬০ শতাংশ। মাথা ও ঘাড়ের ক্যানসারে সময়মতো চিকিৎসা পেয়েছেন মাত্র ৫৬ দশমিক ৫ শতাংশ রোগী।
আঞ্চলিক বৈষম্যও ছিল স্পষ্ট। সময়মতো চিকিৎসা পাওয়ার হার সবচেয়ে কম ছিল মিডল্যান্ডসে, ৬৬ দশমিক ৬ শতাংশ; লন্ডনে তা ছিল ৭৭ দশমিক ৩ শতাংশ।
কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্টের ডিজিটাল হেলথের অধ্যাপক ও ট্রান্সলেশনাল ক্যানসার জিনোমিকসের চেয়ারম্যান মার্ক ললার মনে করেন, জবাবদিহি ও মনোযোগের ব্যর্থতাই এর জন্য দায়ী। তিনি বলেন, ‘পুরো ব্যবস্থাটি শুধু সদিচ্ছার আঠা দিয়ে ধরে রাখা হয়েছে। নেতৃত্বের ঘাটতি ক্যানসারে বেঁচে থাকার হার উন্নত করার চেষ্টাকে পথভ্রষ্ট করছে।’
ক্যানসার রিসার্চ ইউকের সর্বশেষ রোগনির্ণয় লক্ষ্যের বিশ্লেষণে দেখা গেছে, গত এক বছরে জরুরি রেফারেলের ২৮ দিনের মধ্যে রোগনির্ণয় হয়েছে মাত্র ৫৫ দশমিক ৪ শতাংশ রোগীর, যেখানে দ্রুত রোগনির্ণয়ের মানদণ্ডের লক্ষ্য ৮০ শতাংশ। অন্যদিকে যাঁদের ক্যানসার নেই বলে নিশ্চিত করা হয়েছে, তাঁদের ক্ষেত্রে এই হার ছিল ৭৯ দশমিক ১ শতাংশ।
ক্যানসার রিসার্চ ইউকের স্বাস্থ্যনীতি ও প্রমাণ বিভাগের পরিচালক নাসের তুরাবি বলেন, ক্যানসার নির্ণয়ের চাহিদা বাড়ার সঙ্গে হাসপাতালের সক্ষমতা তাল মেলাতে পারছে না—শুধু গত চার বছরেই ইংল্যান্ডে জরুরি রেফারেল বেড়েছে প্রায় ২০ শতাংশ।
রয়্যাল কলেজ অব ফিজিশিয়ানসের ক্লিনিক্যাল ভাইস-প্রেসিডেন্ট ও মেডিক্যাল অনকোলজির পরামর্শক ডা. হিলারি উইলিয়ামস বলেন, দ্রুত রোগনির্ণয় তখনই কাজে আসে, যখন রোগীরা তারপর দ্রুত চিকিৎসাও পান। ঘাটতি মেটাতে পুরো ক্যানসার পথজুড়ে এনএইচএসের সক্ষমতা দরকার বলে তিনি উল্লেখ করেন।
রয়্যাল কলেজ অব রেডিওলজিস্টসের সভাপতি ডা. স্টিফেন হার্ডেন বলেন, রোগ নির্ণয় ও চিকিৎসা করা ক্লিনিক্যাল রেডিওলজিস্ট ও ক্লিনিক্যাল অনকোলজিস্টদের ‘দীর্ঘস্থায়ী ঘাটতি’ বিপজ্জনক বিলম্ব তৈরি করছে।
স্বাস্থ্য ও সামাজিক সেবা বিভাগের একজন মুখপাত্র বলেন, ‘ক্যানসারের অপেক্ষার সময় সঠিক দিকে এগোচ্ছে; তিনটি ক্যানসার মানদণ্ডই এক বছর আগের চেয়ে ভালো, এবং গত এক বছরে আগের বছরের তুলনায় প্রায় ২ লাখ ৯০ হাজার বেশি মানুষ সময়মতো রোগনির্ণয় পেয়েছেন বা তাঁদের ক্যানসার নেই বলে নিশ্চিত করা হয়েছে।’ মুখপাত্র আরও বলেন, জাতীয় ক্যানসার পরিকল্পনা আরও বেশি মানুষকে আগেভাগে নির্ণয় ও দ্রুত চিকিৎসা শুরু করতে সাহায্য করবে।


