সরকারের চাপে হ্যামিল্টনে ১৭৫ শ্রমিককে ফেরাচ্ছে স্টেলকো, বকেয়া বেতনসহ
কানাডার ইস্পাত প্রস্তুতকারক স্টেলকো বলেছে, হ্যামিল্টনের কারখানায় ছাঁটাই হওয়া ১৭৫ শ্রমিকের সবাইকে ফিরিয়ে নেবে এবং তাঁদের বকেয়া বেতন দেবে। যুক্তরাষ্ট্রের মালিকের বিরুদ্ধে শ্রমিক ও কানাডা সরকারের সপ্তাহব্যাপী বিরোধের পর এই ঘোষণা এলো।
শুক্রবার এই ঘোষণা আসে কানাডার শিল্পমন্ত্রী মেলানি জলি বলার কিছুক্ষণ পর। তিনি বলেছিলেন, দিনের শেষে ব্যবস্থাপনার কাছ থেকে কোনো সাড়া না পেলে তিনি ক্লিভল্যান্ড-ক্লিফসকে স্টেলকো বিক্রি করতে বাধ্য করার জন্য আদালতের আদেশ চাইবেন।
কোম্পানিটি শুক্রবার এক বিবৃতিতে জানায়, তারা পর্যাপ্ত গ্রাহকের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে, যাতে তাদের ফিনিশিং কার্যক্রম আবার চালু করা যায়। শ্রমিকদের ১ ডিসেম্বর ফিরিয়ে নেওয়া হবে এবং ছাঁটাইয়ের সময় তাঁরা যে স্বাভাবিক মজুরি পেতেন, তার বকেয়া তাঁদের দেওয়া হবে।
ইউনাইটেড স্টিলওয়ার্কার্স লোকাল ১০০৫-এর সভাপতি রন ওয়েলস এই ঘোষণাকে স্বাগত জানান এবং শ্রমিক, ইউনিয়ন ও সরকারের চাপকে এর কৃতিত্ব দেন। এক সংবাদ সম্মেলনে তিনি ছাঁটাইকে ‘অবৈধ’ ও ‘অনৈতিক’ বলে অভিহিত করেন এবং বলেন, এটি কখনোই হওয়া উচিত ছিল না।
তাঁর পাশে ছিলেন জলি। তিনি বলেন, এই ফলাফল বিনিয়োগকারীদের কাছে এই বার্তা দিয়েছে যে কানাডা ‘আইনের শাসনের দেশ এবং আইন সবার ক্ষেত্রে প্রযোজ্য, আপনার মানিব্যাগের আকার যাই হোক না কেন’। তিনি বলেন, ‘এই লড়াই একেবারেই সার্থক ছিল।’
ক্লিভল্যান্ড-ক্লিফস ২০২৪ সালে স্টেলকো কিনেছিল। সেপ্টেম্বরের শেষ দিকে কোম্পানিটি ঘোষণা করে, অন্টারিওর হ্যামিল্টন ও ন্যানটিকোকের কারখানায় ৫০০ জন পর্যন্ত শ্রমিক ছাঁটাই করা হবে। এর কারণ হিসেবে তারা গাড়ি থেকে যন্ত্রপাতি তৈরিতে ব্যবহৃত কোল্ড-রোলড ও কোটেড ইস্পাত পণ্যের দুর্বল চাহিদা ও কঠিন বাজার পরিস্থিতির কথা বলে।
কানাডার ইস্পাতের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ককেও তারা দায়ী করে। এই শুল্ক যুক্তরাষ্ট্রে কানাডার ইস্পাতকে আরও ব্যয়বহুল করে তুলেছে। এছাড়া সস্তা বিদেশি ইস্পাতের প্রতিযোগিতাও কানাডার ইস্পাতের দেশীয় চাহিদা কমিয়ে দিচ্ছে বলে তারা যুক্তি দেয়।
অটোয়া বলে, এই ছাঁটাই স্টেলকো কেনার সময় কোম্পানির দেওয়া বাধ্যতামূলক প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে। সেই প্রতিশ্রুতির মধ্যে ছিল ২০২৯ সাল পর্যন্ত একই সংখ্যক কানাডীয় ইউনিয়নভুক্ত কর্মী রাখা।
সরকার ও ইউনিয়ন আরও যুক্তি দেয়, ক্লিভল্যান্ড-ক্লিফসের প্রধান নির্বাহী লরেনসো গনকালভেস কানাডা ও যুক্তরাষ্ট্র—দুটো দেশের ইস্পাত শিল্পের জন্য উপকারী নীতির পক্ষে কথা বলার প্রতিশ্রুতি লঙ্ঘন করেছেন। কারণ তিনি কানাডাসহ ইস্পাতের ওপর ট্রাম্পের শুল্কের প্রকাশ্যে সমর্থন করেছিলেন।
শুল্কের প্রতি গনকালভেসের প্রকাশ্য সমর্থন প্রশ্ন তুলেছিল, কারণ তিনি স্টেলকোর আর্থিক সমস্যার জন্যও সেই শুল্ককেই দায়ী করছিলেন। ক্লিভল্যান্ড-ক্লিফস তাদের বিবৃতিতে বলে, হ্যামিল্টনে তাদের কার্যক্রমকে সমর্থন করতে গ্রাহকেরা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন, যদিও ফেডারেল সরকার শুল্ক মোকাবিলার কর্মসূচির ঘাটতি পূরণে সাড়া দেয়নি।
গ্রাহকদের সঙ্গে তারা কী চুক্তিতে পৌঁছেছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি কোম্পানিটি। কার্যক্রম আবার চালু করা সম্ভব হওয়ার পেছনে কী বদলেছে, তাও তারা ব্যাখ্যা করেনি। মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি ক্লিভল্যান্ড-ক্লিফস।



