রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতাকে পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার হুমকি, প্রক্টরের কাছে অভিযোগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রদলের এক নেতাকে ‘রাজপাড়া থানার সদস্য’ পরিচয়ে ফোন করে হল থেকে তুলে নেওয়া ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বন্ধ করে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। নিজের নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ওই শিক্ষার্থী।
অভিযোগকারী শিক্ষার্থীর নাম মো. নাহিদ হাসান নয়ন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদ হবিবুর রহমান হলের আবাসিক ছাত্র। পাশাপাশি তিনি ছাত্রদলের শহীদ হবিবুর রহমান হল শাখার সিনিয়র সহ-সভাপতি।
লিখিত অভিযোগে নাহিদ উল্লেখ করেন, গত ১৩ নভেম্বর রাত আনুমানিক ৮টার দিকে তাঁর মোবাইল নম্বরে একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। ফোনে এক ব্যক্তি নিজেকে রাজপাড়া থানার সদস্য পরিচয় দিয়ে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একই সঙ্গে তাঁকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তুলে নেওয়া এবং বিশ্ববিদ্যালয়ে যেন আর পড়াশোনা করতে না পারেন, সে ব্যবস্থা নেওয়ার হুমকি দেন।
অভিযোগে আরও বলা হয়, পরে খোঁজ নিয়ে ফোনদাতার নাম মুস্তাকিম এবং তিনি পেশায় একজন কারারক্ষী বলে জানতে পারেন নাহিদ। একজন সরকারি কর্মচারী হয়ে পুলিশের পরিচয় ব্যবহার করে এমন হুমকি দেওয়ায় নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে আবেদনে উল্লেখ করেন তিনি। তাঁর ধারণা, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কারণে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে ভয়ভীতি দেখানো হচ্ছে।
অভিযোগের সত্যতা যাচাই করতে প্রতিবেদক নাহিদের কাছ থেকে কল রেকর্ড সংগ্রহ করেন। অভিযোগপত্রে উল্লেখ করা নম্বরের সঙ্গে কল রেকর্ডের তথ্য মিলিয়ে দেখার পর ওই নম্বরে ফোন দেওয়া হয়। ফোনটি রিসিভ করে অপর প্রান্ত থেকে মুস্তাকিম পরিচয়ে একজন কথা বলেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রথমে তিনি বলেন, ‘আপনি একটু শাখা ছাত্রদলের দফতর সম্পাদক জীবন ভাইকে আমার নাম বইলেন। তাহলেই সব জানতে পারবেন।’ পরে পুনরায় জানতে চাইলে তিনি বলেন, ‘মেয়েলি বিষয় নিয়ে ওনার (নাহিদের) সঙ্গে দেখা করে কথা বলতে চাইছিলাম।’
প্রক্টর দফতরে লিখিত অভিযোগ দেওয়ার কথা জানালে তিনি বলেন, ‘ওনার নামেও থানায় জিডি করব ও প্রক্টর দফতরে অভিযোগ যাবে, সমস্যা নাই। উনি আমার বোনকে নাকি স্কুল থেকে উঠিয়ে নিয়ে যাবেন। কাহিনি ওনার থেকেই শুনেন।’
পুলিশ পরিচয় দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘না ভাই, উনি ভুল শুনেছেন। গতকাল কনসার্টের কারণে নেটওয়ার্কের সমস্যা ছিল হয়তো। আমি সাধারণ পাবলিক। ঘুরি-ফিরি খাই।’
নিজের বক্তব্যে নাহিদ হাসান নয়ন বলেন, ‘অনেকদিন ধরে আমার সঙ্গে রাজশাহী কলেজের এক মেয়ের প্রেমের সম্পর্ক রয়েছে। কিন্তু মেয়ের পরিবার চায় না যে, আমরা রিলেশন কন্টিনিউ করি। এজন্য হয়তো ভাড়াটে সন্ত্রাসী দিয়ে আমাকে হুমকি-ধামকি দেওয়াচ্ছে। আমি মেয়ের সঙ্গে কথা বলে জেনেছি, ওই ছেলে ওদের পরিবারের কেউ না।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ‘হ্যাঁ, আমি অভিযোগপত্র পেয়েছি। সত্যতা যাচাই করার কাজ চলছে।’

