চাঁদপুরের হাইমচরে গড়ে উঠেছে শতকোটি টাকার সুপারি-বাণিজ্য, যুক্ত কয়েক হাজার মানুষ

বাড়ির আঙিনা থেকে বাণিজ্যিক আড়ত—সবখানেই অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করেছে সুপারি। চাঁদপুরের হাইমচর উপজেলায় এই কৃষিপণ্য ঘিরে গড়ে উঠেছে শতকোটি টাকার বাজার। স্থানীয় বাগানে উৎপাদিত সুপারি সংগ্রহ, বাছাই, সংরক্ষণ ও বিপণনের মাধ্যমে পৌঁছে যাচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে।
সংশ্লিষ্ট কৃষক ও ব্যবসায়ীদের হিসাবে, হাইমচরে বছরে প্রায় ১০০ কোটি টাকার সুপারি কেনাবেচা হয়। উপজেলার ৫২৮ হেক্টর জমিতে উৎপাদিত এই কৃষিপণ্য স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের বাজারেও জায়গা করে নিয়েছে। কৃষকের আয় থেকে শুরু করে পাইকারি ও খুচরা ব্যবসা—বিস্তৃত এই সরবরাহব্যবস্থার সঙ্গে যুক্ত রয়েছেন কয়েক হাজার মানুষ।
মাত্র ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত ১৩৪ বর্গকিলোমিটারের হাইমচর উপজেলার মোট আবাদি জমি ৫ হাজার ১৫২ হেক্টর। এই জমির প্রায় ১০ শতাংশে সুপারি চাষ হচ্ছে। মেঘনার পূর্ব পাড়ের গ্রামগুলোতে বাড়ির আঙিনা, বাগান ও বরজের চারপাশে সারি সারি সুপারিগাছ রয়েছে।
অনেক পরিবারের কাছে এসব গাছ দীর্ঘদিনের সঞ্চিত সম্পদ। মৌসুমে সুপারি বিক্রি করে তাঁরা সংসারের উল্লেখযোগ্য ব্যয় মেটান।
সুপারির প্রধান উৎপাদন ও বিপণন মৌসুম বাংলা বছরের ভাদ্র-আশ্বিন থেকে অগ্রহায়ণ পর্যন্ত। এ সময় উপজেলার বিভিন্ন গ্রাম, বাজার ও সড়কের পাশে কৃষকদের কাছ থেকে সুপারি সংগ্রহ করেন পাইকারি ব্যবসায়ীরা। পরে এসব সুপারি নিয়ে যাওয়া হয় উপজেলার বৃহত্তম পাইকারি আড়ত হাওলাদার বাজারে।
হাওলাদার বাজারে ১০ থেকে ১৫ জন বড় পাইকারি ব্যবসায়ী স্থানীয় উৎপাদকদের কাছ থেকে সুপারি কিনে দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীদের কাছে সরবরাহ করেন।
এই বাণিজ্যে সংরক্ষণও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থানীয় কিছু ব্যবসায়ী মৌসুমে কাঁচা সুপারি কিনে আকার অনুযায়ী বড় ও ছোট ভাগে বাছাই করেন। পরে পানিতে ভিজিয়ে সংরক্ষণ করে চাহিদা অনুযায়ী বিভিন্ন জেলায় পাঠান। এতে মৌসুমি উৎপাদনের পরও বছরজুড়ে বাজারে সুপারি সরবরাহ অব্যাহত থাকে। কৃষক, সংগ্রহকারী, আড়তদার, পরিবহনশ্রমিক ও খুচরা বিক্রেতা—সব মিলিয়ে তৈরি হয়েছে একটি বিস্তৃত স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড।
তবে নতুন বাগান সৃষ্টির প্রবণতা কমে যাওয়া এবং পুরোনো সুপারিগাছ কেটে ফেলার কারণে ভবিষ্যৎ উৎপাদন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। গন্ডামারা গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মানিক শিকদার বলেন, হাইমচরে সুপারির ভালো উৎপাদন হলেও নতুন করে গাছ লাগানোর প্রবণতা কমছে। অনেকে পুরোনো বাগান কেটে বাড়িঘর ও অন্যান্য স্থাপনা নির্মাণ করছেন। এতে ভবিষ্যতে সুপারির উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
হাওলাদার বাজারের ব্যবসায়ী রফিকুল ইসলাম কাজী বলেন, চলতি বছর সুপারির বাজারদর তুলনামূলক ভালো। বর্তমানে ৮০টি সুপারি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ২০০ টাকায়। শুকনা সুপারি প্রতি কেজি ৩৮০ থেকে ৪১০ টাকা। তাঁর দাবি, হাওলাদার বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারে বছরে ১০০ কোটি টাকার বেশি সুপারি কেনাবেচা হয়।
হাওলাদার বাজারের প্রবীণ ব্যবসায়ী রব হাওলাদার প্রায় ৪০ বছর ধরে এই ব্যবসায় যুক্ত। তিনি বলেন, হাইমচরের পাশাপাশি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সুপারিও এই বাজারের আড়তে বিক্রি হয়। শুধু হাওলাদার বাজারেই বছরে ৩৫ থেকে ৪০ কোটি টাকার সুপারি বেচাকেনা হয়। এই ব্যবসার আয় দিয়ে অনেক পরিবার সারা বছরের সংসার খরচ নির্বাহ করে, আর সুপারিকে কেন্দ্র করে বহু পরিবার আর্থিকভাবে সচ্ছল হয়েছে।
হাইমচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাকিল খন্দকার বলেন, সুপারি এই উপজেলার একটি লাভজনক কৃষিপণ্য। বছরজুড়ে এই ফসলের আবাদ, সংগ্রহ ও বিক্রির কার্যক্রম চলে। চলতি বছর কৃষকেরা সুপারির ভালো দাম পাচ্ছেন। কৃষকেরা যাতে স্বাভাবিকভাবে সুপারি চাষ ও উৎপাদন চালিয়ে যেতে পারেন, সে জন্য উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে।
এদিকে স্থানীয় উৎপাদক ও ব্যবসায়ীরা দেশীয় বাজারে বিদেশি সুপারির প্রবেশ ঠেকাতে আমদানি বন্ধ রাখার দাবি জানিয়েছেন।




