স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে থামল ঢাকাগামী আন্তঃনগর ট্রেন
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে স্বাধীনতার পর প্রথমবারের মতো দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি শুরু হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজধানীমুখী ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনটি স্টেশনে থামার মধ্য দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘটে।
স্টেশনে প্রথমবার আন্তঃনগর ট্রেন থামার মুহূর্তে যাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় বাসিন্দারা।
হিলি রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, স্থানীয় যাত্রীদের দীর্ঘদিনের দাবি এবং রেলওয়ের রাজস্ব আয়ের দিকটি বিবেচনায় রেখে গত ২৮ অক্টোবর স্টেশনটিতে ‘নীলসাগর এক্সপ্রেস’ ও ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনের যাত্রাবিরতির অনুমোদন দেয় কর্তৃপক্ষ।
আজ থেকে ট্রেন দুটির আনুষ্ঠানিক যাত্রাবিরতি কার্যকর হওয়ায় হিলিসহ আশপাশের অঞ্চলের মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশ ও আনন্দ ছড়িয়ে পড়েছে।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের ভাষ্যমতে, ব্রিটিশ আমলে নির্মিত গুরুত্বপূর্ণ এই রেলস্টেশনে দেশ স্বাধীন হওয়ার পর থেকে ঢাকাগামী কোনো আন্তঃনগর ট্রেন থামত না।
এর ফলে হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহারকারী যাত্রী, ব্যবসায়ী ও শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে ঢাকায় যাতায়াতের জন্য পার্শ্ববর্তী বিরামপুর কিংবা জয়পুরহাটের পাঁচবিবি স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হতো। এতে তাদের বাড়তি সময় ও অর্থ খরচের পাশাপাশি তীব্র ভোগান্তি পোহাতে হতো।
নতুন এই যাত্রাবিরতি চালুর মাধ্যমে রাজধানীর সঙ্গে হিলির সরাসরি রেল যোগাযোগ প্রতিষ্ঠিত হলো বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।


