বিশ্বব্যাংক বলছে ভারতে দারিদ্র্য থেকে উঠেছে প্রায় ৫০ কোটি মানুষ, তবু ধাক্কা খেলেই ফেরার ঝুঁকিতে অনেকে
বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী ভারত রেকর্ডসংখ্যক নাগরিককে দারিদ্র্য থেকে বের করে এনেছে। কিন্তু যারা সেই সীমা পেরিয়েছেন, তাদের লাখ লাখ মানুষ এখনো এমন প্রান্তে বাস করেন, যেখানে একটি ধাক্কাই তাদের আবার চরম দারিদ্র্যে ঠেলে দিতে পারে।
বিশ্বব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্য থেকে বের করে এনেছে, আর এই সময়ে চরম দারিদ্র্যের হার ২৭ দশমিক ১ শতাংশ থেকে নেমে এসেছে ২ দশমিক ৬ শতাংশে।
এই মাত্রার দারিদ্র্য হ্রাসের একমাত্র তুলনীয় উদাহরণ চীনের — দেশটি চার দশকে ৮০ কোটির বেশি মানুষকে চরম দারিদ্র্য থেকে বের করে এনেছে।
বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত এখন আর নিজের দরিদ্র জনগোষ্ঠী গুনে হিসাব প্রকাশ করে না। এক দশকেরও বেশি সময় ধরে দেশটি ভোগভিত্তিক দারিদ্র্যের কোনো আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করেনি। ফলে আন্তর্জাতিকভাবে তুলনীয় হিসাব দিচ্ছে বিশ্বব্যাংক — নতুন ভোগ জরিপ ও নিজস্ব দারিদ্র্যসীমা ব্যবহার করে।
কয়েকজন অর্থনীতিবিদ বলেছেন, ভারতের এই অর্জন তাৎপর্যপূর্ণ এবং বিশ্বব্যাংকের হিসাবের পদ্ধতি প্রশ্নের ঊর্ধ্বে, যদিও তারা এটাও বলেছেন, দারিদ্র্য জয় করেছে দাবি করার আগে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটিকে আরও অনেক পথ পাড়ি দিতে হবে। অন্য অর্থনীতিবিদেরা বিশ্বব্যাংকের ব্যাপক সিদ্ধান্ত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের অধীনে ভারতের নিজস্ব দারিদ্র্য হিসাব না করার অনিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন।
রাজস্থানের রাজসামান্দ জেলার হেমা প্রজাপতের বয়স ২৫ বছর। তিনি বলেন, তার পেটের ভেতরে কাঁটা গজালেও ক্ষুধার যন্ত্রণার চেয়ে বেশি কষ্ট হবে না। মাসের শেষে তার রান্নাঘরের তাক খালি হয়ে যায়, স্বামী হরি প্রজাপত আরও ঋণে ডুবে যান, আর খাবারের ক্রমবর্ধমান অংশ আলাদা করে রাখা হয় তাদের নয় বছর বয়সী ছেলে দিব্যাংশের জন্য। অথচ কাগজে-কলমে হেমার পরিবার আর দরিদ্র নয়।
তিন সদস্যের পরিবারের জন্য হেমা মাসে খরচ করেন ১১ হাজার রুপি (১১৭ ডলার)। বিশ্বব্যাংকের দারিদ্র্যসীমা অনুযায়ী এই আকারের পরিবারের জন্য মাসিক সীমা প্রায় ৭ হাজার ৩৮০ রুপি (৭৮ ডলার) — হেমার খরচ তার চেয়ে প্রায় ৪৯ শতাংশ বেশি।
হেমা বলেন, ‘এই দারিদ্র্যসীমা, এই মাপকাঠি, খুবই নিচু। এই টাকায় কোনো মানুষ মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারে না।’ প্রতিবেদন তৈরির কর্মকর্তাদের উদ্দেশে তিনি প্রশ্ন ছুড়ে দেন, ‘তারা কি আদৌ তাদের শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ি থেকে বের হয়েছিলেন?’
হেমার বিয়ে হয়েছিল ১১ বছর বয়সে, ঐতিহ্যবাহী মাটির পাত্র তৈরির পরিবারের এক ব্যক্তির সঙ্গে। পাত্র বিক্রি করে আর সংসার চলছিল না বলে স্বামী হরি রাস্তার ধারে পানিপুরি বিক্রির দোকান শুরু করেছিলেন, কিন্তু মহামারির কারণে তা বেশি দিন টেকেনি। গত এক বছর ধরে হেমা পাড়ায় বাসাবাড়ি পরিষ্কার ও বাসন মাজার কাজ করে মাসে ৫ হাজার রুপি (৫৩ ডলার) আয় করেন, তবু অভাব কাটেনি। তিনি বলেন, ‘বাজার থেকে আমাদের প্রতিটি জিনিস কিনতে হয়’ — পরিবারটির কোনো কৃষিজমি নেই।
হেমা বলেন, ‘কাজ শুরু করার পর থেকে আমাদের ঘরে কিছুটা স্বস্তি এসেছে, কিন্তু এখন টাকা আরও দ্রুত ফুরিয়ে যাচ্ছে, আর আমরা আরও বেশি ঋণে পড়ছি। দাম গত কয়েক বছরে কয়েক গুণ বেড়েছে, আর আমরা যা আয় করি, তা-ই কম পড়ে।’
বিশ্বব্যাংক ভারতের দারিদ্র্য হার কমার পেছনে নারীদের শ্রমশক্তিতে অংশগ্রহণ বাড়াকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে, যদিও নারীদের নিরাপদ ও পর্যাপ্ত মজুরির চাকরি পাওয়া এখনো একটি চ্যালেঞ্জ। সংস্থাটি আরও উল্লেখ করেছে, জাতীয় খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রতি মাসে প্রায় ৮০ কোটি নাগরিককে বিনামূল্যে বা ভর্তুকি মূল্যে খাদ্যশস্য দেওয়া চরম দারিদ্র্য মোকাবিলায় সাহায্য করেছে।
তবে জীবনযাত্রার ব্যয় বাড়ায় সরকারি ভর্তুকি ও সহায়তা হেমার মতো পরিবারগুলোর ওপর বাড়তে থাকা অর্থনৈতিক চাপের সঙ্গে পাল্লা দিচ্ছে। সরকারি ভোক্তা মূল্যসূচক অনুযায়ী, ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে ভারতে সামগ্রিক ভোক্তা মূল্য বেড়েছে অন্তত ৫১ শতাংশ। এই সময়ে মজুরি সেই হারে বাড়েনি।
কিছু সরকারি প্রকল্প সাহায্য করে — যেমন শিশুদের জন্য সরকারি স্কুল কিংবা বিনামূল্যে বা ভর্তুকিতে চিকিৎসা দেওয়া সরকারি হাসপাতাল। কিন্তু হেমা বলেন, বিনামূল্যের চিকিৎসা মানুষের মধ্যে খুব একটা আস্থা তৈরি করে না। দুই মাস আগে ছেলে দিব্যাংশের তীব্র ঠান্ডা ও জ্বর হলে তিনি তাকে বেসরকারি হাসপাতালে ছুটে নিয়ে যান, কারণ সরকারি হাসপাতালে অপেক্ষার সময় প্রায়ই দীর্ঘ হয়, ওয়ার্ডে ভিড় থাকে, চিকিৎসকেরা চাপে থাকেন এবং সম্পদ সীমিত। হেমা বলেন, ‘আমি ভয় পেয়েছিলাম। ওর জ্বর বাড়ছিল।’ বেসরকারি হাসপাতালে চিকিৎসায় খরচ হয় প্রায় ৬ হাজার রুপি (৬৪ ডলার) — যা তার এক মাসের আয়ের চেয়েও বেশি। তিনি বলেন, ‘আমি চাই না আমার ছেলে বেসরকারি হাসপাতাল বা তাদের ওষুধে অভ্যস্ত হয়ে যাক। প্রতিবার তাকে সেখানে নিয়ে যেতে পারব না।’
নয়াদিল্লির উন্নয়ন অর্থনীতিবিদ সন্তোষ মেহরোত্রা বলেন, ভারতে দারিদ্র্যের সীমা খুবই নিচু। তার ভাষায়, আবার সেই সীমার নিচে নেমে যেতে লাগে মাত্র ‘একটি ধাক্কা’ — ‘সেই ধাক্কা হতে পারে মহামারি, খরা, বন্যা, এমনকি একটি বিয়েও।’ মেহরোত্রা আরও বলেন, এই সীমা গ্রাম ও শহরের জনগোষ্ঠীর মধ্যে পার্থক্য করে না, যদিও তাদের বাস্তবতা আলাদা — এটিও সমস্যাজনক।
হেমার প্রতিবেশী সুশীলা সালভির জীবনে এসেছিল এমনই এক ধাক্কা। গত বছরের ডিসেম্বরে ৩১ বছর বয়সী সালভি ১৪ বছরের ব্যবধানে দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন জেনেছিলেন। সরকারি হাসপাতালে আস্থা না থাকায় তিনি সব চিকিৎসা বেসরকারি ক্লিনিকে করাতে চেয়েছিলেন। আগের আট বছরে তিনি মেকআপের কাজ শিখে রাজসামান্দের ছোট শহর কানক্রোলিতে এক আসনের ছোট একটি স্যালুন খুলেছিলেন এবং ১৪ বছর বয়সী মেয়ের উচ্চশিক্ষার জন্য সঞ্চয় করছিলেন; মেয়েটি সরকারি স্কুলে পড়ে। কিন্তু গর্ভকালীন সেবায় তার খরচ হয় প্রায় ৬৫ হাজার রুপি (৬৯৫ ডলার), যা তার সঞ্চয় শেষ করে দেয়, এবং মেয়েকে মাসে ৬০০ রুপি (৬ ডলার) খরচের অতিরিক্ত টিউশনি থেকে ছাড়িয়ে নিতে হয়।
নয়াদিল্লির উপকণ্ঠে থাকেন ৩৭ বছর বয়সী সীমা কুমার; তিন সদস্যের পরিবারের জন্য তিনি খরচ করেন ২০ হাজার রুপি (২১৪ ডলার)। উৎসব বা ১৭ বছর বয়সী ছেলের জন্মদিনের মতো সময়ে খরচ বেড়ে গেলে তিনি ঋণের দিকে ঝুঁকেন। গত সপ্তাহে দীপাবলি উদ্যাপন ও আতশবাজির পর বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর একটি নয়াদিল্লির বাতাসের মান রেকর্ড পর্যায়ে পৌঁছায়; পরদিন সকালে ঘন বিষাক্ত ধোঁয়াশার মধ্যে পরিবারের তিনজনই কাজে বের হন, সন্ধ্যায় ছেলের গলা ব্যথা, সবার নাক দিয়ে পানি পড়া এবং সীমার প্রচণ্ড মাথাব্যথা নিয়ে দিন শেষ হয়। সীমা বলেন, ‘আমি আমার ছেলের জন্য একটি মাস্কও কিনতে পারিনি, অথচ তারা বলে আমি আর দরিদ্র নই।’
রাজসামান্দে পাড়ার বাগানে ঝাড়ু দিতে দিতে হেমা স্বামী হরিকে ফোন করে মনে করিয়ে দেন, সেদিন তাদের সন্তানের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার কথা ছিল। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে তেলের দাম বাড়ায় পেট্রল ভরার সামর্থ্য আর নেই বলে জানান হরি; হেমা নিজে তার মোটরসাইকেলের ট্যাংক ভরে নিকটস্থ হাসপাতালে যাওয়ার প্রস্তাব দেন। হেমা বলেন, ‘আমার একমাত্র আশা, আমার ছেলে জীবনে কিছু একটা করুক। আমি যদি এক দিন — এক মাস তো দূরের কথা — কাজ না করি, আমরা আবার চরম দারিদ্র্য ও অভাবের দিনে ফিরে যেতে পারি।’
১৪০ কোটি মানুষের দেশ ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতিগুলোর একটি এবং নামমাত্র মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাবে চতুর্থ বৃহত্তম অর্থনীতি — কোভিড-১৯ মহামারি এবং ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধসহ সাম্প্রতিক একের পর এক ধাক্কা সত্ত্বেও। একই সঙ্গে এটি বিশ্বের সবচেয়ে অসম দেশগুলোর একটি — দেশটির শীর্ষ ১ শতাংশ মানুষের হাতে রয়েছে মোট সম্পদের ৪০ শতাংশ, যা বিশ্বব্যাংকের প্রতিবেদনেও উদ্বেগ হিসেবে উঠে এসেছে।

