…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

পাকিস্তানের পুরোনো ভিডিও বাংলাদেশের বলে প্রচার, যাচাইয়ে মিলল আসল তথ্য

নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানের পুরোনো ভিডিও বাংলাদেশের বলে প্রচার, যাচাইয়ে মিলল আসল তথ্য
ছবি: সংগৃহীত

বাংলাদেশে হিন্দু নারী ও ধর্মীয় সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছেন—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয়।

‘Sakina Khan’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে দাবি করা হয়, বাংলাদেশের মোট জনসংখ্যার ৫০ শতাংশ নারী হওয়া সত্ত্বেও তাঁদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। দেশটির সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে নারীদের প্রতিনিধিত্ব ৩ শতাংশের কাছাকাছি উল্লেখ করে পোস্টে প্রশ্ন তোলা হয়, তাহলে নারীদের অধিকার সুরক্ষায় আইন প্রণয়ন করবে কারা? বিশ্বের উচিত বাংলাদেশের বাস্তব পরিস্থিতি দেখা।

ছড়িয়ে পড়া ভিডিওতে এক নারীকে মাথার চুল ধরে রাস্তায় টেনেহিঁচড়ে নিয়ে যেতে দেখা যায়। এ সময় কয়েকজন নারী ও পুরুষ মিলে তাঁকে মারধর করে।

আলোচিত দাবির বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড দিয়ে অনুসন্ধান করে দেশের কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে এ ঘটনার সমর্থনে তথ্য পাওয়া যায়নি।

পরে ভিডিওটির কয়েকটি কি-ফ্রেম নিয়ে অনুসন্ধানে ‘SSG of Pti’ নামের একটি এক্স অ্যাকাউন্টে হুবহু একই ভিডিও পাওয়া যায়। ২০২৪ সালের ১ এপ্রিল উর্দু ভাষায় পোস্ট করা ওই পোস্টের ক্যাপশনে দাবি করা হয়, কাজে যোগ না দেওয়ার শাস্তি হিসেবে এক নারীকে নির্যাতন করা হচ্ছে। ঘটনাটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুর নির্বাচনী এলাকার। সেখানে এক প্রভাবশালী জমির মালিকের লোকজন ওই নারীকে টেনেহিঁচড়ে নিয়ে নির্যাতন করেন।

তবে ওই পোস্টের কমেন্টে পাকিস্তানি পাঞ্জাব পুলিশের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টের একটি কমেন্ট পাওয়া যায়। ওই কমেন্টে তারা জানান, এই ঘটনাটি ২০২২ সালের জানুয়ারিতে শিয়ালকোটে ঘটে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করে তাৎক্ষণিক ব্যবস্থাও নেওয়া হয়। অনুগ্রহ করে পুরোনো খবরে মিথ্যা ক্যাপশন জুড়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করবেন না।

এ ছাড়া, ২০২২ সালে অন্য একটি অ্যাকাউন্টে শেয়ার করা ভিডিওর সঙ্গেও আলোচিত ভিডিওর মিল রয়েছে। ৯ জানুয়ারি শেয়ার করা ওই ভিডিওর ক্যাপশনে বলা হয়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পাকিস্তানের শিয়ালকোটে প্রভাবশালী ব্যক্তিদের হাতে মুনাওয়ার নামে এক বৃদ্ধা নারী চরম নির্যাতনের শিকার হয়েছেন। ঘটনাটি শিয়ালকোটের কোটলি সৈয়দ আমির থানার পালুরা কালান এলাকায় ঘটেছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘Nine arrested for torture of woman in Sialkot’ শিরোনামে পাকিস্তানি গণমাধ্যম ডনের একটি প্রতিবেদন পাওয়া যায়। ২০২২ সালের ১০ জানুয়ারি প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, পাকিস্তানের শিয়ালকোট জেলার পালুরা কালান গ্রামে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে এক নারীকে নির্যাতনের ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। এ ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, জমি নিয়ে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে আগেও দুই পক্ষের সদস্যদের মধ্যে একাধিকবার বাগ্‌বিতণ্ডা হয়। গত শনিবার বিরোধী পক্ষের দুই নারী মুনাওয়ার কানওয়াল ও নাসরিন বিবির মধ্যে আবারও কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নাসরিন তাঁর স্বজনদের নিয়ে মুনাওয়ারের ওপর নির্যাতন চালান। নাসরিনের এক চাচাতো ভাই মুনাওয়ারের চুল ধরে গ্রামের রাস্তায় টেনেহিঁচড়ে নিয়ে যান। এ সময় নারীসহ অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে চড়, ঘুষি ও লাথি মারেন এবং লোহার রড দিয়েও আঘাত করেন।

প্রতিবেদনে আরও বলা হয়, নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। এ ঘটনায় পুলিশের মহাপরিদর্শক রাও সরদার আলী খান গুজরানওয়ালার আঞ্চলিক পুলিশ কর্মকর্তার কাছে প্রতিবেদন চান এবং শিয়ালকোট পুলিশকে অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন। পরে মুনাওয়ারের অভিযোগের ভিত্তিতে কোটলি সৈয়দ আমির থানার পুলিশ ১৫ জনের বিরুদ্ধে মামলা করে। তাঁদের মধ্যে আরিফ, তিমুর কাসিম, নূর হোসেন, হায়দার আলী, মুবাশির আলী, জিশান আলী, আসাদ আলী, সাজ্জাদ হোসেন ও ইয়াসমিন বিবিসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়।

সব মিলিয়ে যাচাইয়ে স্পষ্ট হয়েছে, বাংলাদেশে হিন্দু নারী ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা দাবিতে প্রচারিত ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ২০২২ সালের জানুয়ারিতে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে মুনাওয়ার কানওয়াল নামের এক নারীকে নির্যাতনের।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

ম্যানিলা সম্মেলনে দক্ষিণ চীন সাগর আচরণবিধি চুক্তি হওয়ার সম্ভাবনা কম, বলছেন বিশ্লেষকেরা

বিতর্কিত দক্ষিণ চীন সাগর নিয়ে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ান ও চীনের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত আচরণবিধি চুক্তি এই সপ্তাহে ম্যানিলায় জোটের বার্…

আন্তর্জাতিক

জর্ডানে গির্জায় হামলায় নয়জন নিহতের ঘটনায় তিনজনের ফাঁসির রায়

জর্ডানের দক্ষিণাঞ্চলে একটি গির্জায় প্রাণঘাতী বন্দুক হামলা চালানোর দায়ে তিনজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। গত মাসে চালানো…

আন্তর্জাতিক

ম্যানিলায় আসিয়ান শীর্ষ সম্মেলন: জ্বালানি সংকট, দক্ষিণ চীন সাগর ও শুল্কযুদ্ধ এজেন্ডায়

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের শীর্ষ সম্মেলন এ সপ্তাহে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বসছে। ১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চলা এই সম্মেলনে যুক…

সোনিয়া গান্ধীর স্মৃতিকথার প্রকাশনা অনুষ্ঠান সোমবার নয়াদিল্লিতে, যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী বিজয়
আন্তর্জাতিক

সোনিয়া গান্ধীর স্মৃতিকথার প্রকাশনা অনুষ্ঠান সোমবার নয়াদিল্লিতে, যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী বিজয়

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধীর স্মৃতিকথার আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিতে পারেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজ…