…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় খুলল ইনভেস্ট বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

বিদেশি বিনিয়োগ আকর্ষণে বৈশ্বিক পরিসরে কার্যক্রম বিস্তারের অংশ হিসেবে চীনের গুয়াংজু শহরে নিজেদের প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু করেছে ইনভেস্ট বাংলাদেশ। রোববার (১৫ নভেম্বর) সংস্থাটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন এই কার্যালয়ের মাধ্যমে চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্র, প্রয়োজনীয় বিধিবিধান এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের বিষয়ে প্রত্যক্ষ সহায়তা পাবেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত মার্চে ঘোষিত ১৮০ দিনের বিনিয়োগ কর্মপরিকল্পনার আওতায় চীনে প্রতিনিধি কার্যালয় স্থাপনের এই উদ্যোগ নেওয়া হয়েছে। গুয়াংজু কার্যালয়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ধাপে ধাপে বিদেশি বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ অন্যান্য বাজারেও কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

বাংলাদেশে বিদেশি বিনিয়োগের অন্যতম প্রধান উৎস চীন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) জরিপ অনুসারে, ২০২৫ সালে বাংলাদেশে নিট এফডিআইয়ের দ্বিতীয় বৃহত্তম উৎস ছিল দেশটি। ওই বছর চীন থেকে ৩২ কোটি ১১ লাখ ৫০ হাজার মার্কিন ডলারের নিট এফডিআই আসে, যা বাংলাদেশের মোট নিট এফডিআইয়ের ১৮ দশমিক ১৩ শতাংশ।

ইনভেস্ট বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন বিভাগের প্রধান নাহিয়ান রহমান রচি জানান, সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন এবং বিনিয়োগ পরিকল্পনার প্রাথমিক ধাপ থেকেই প্রয়োজনীয় সহায়তা প্রদান করা এ উদ্যোগের প্রধান লক্ষ্য।

গুয়াংজুর শক্তিশালী শিল্পভিত্তি ও বিস্তৃত উৎপাদন খাত বিবেচনায় শহরটিকে প্রথম বিদেশি কার্যালয়ের জন্য নির্বাচন করা হয়েছে বলে জানান তিনি। তিনি আরও জানান, চীন ও বাংলাদেশের বাণিজ্যিক পরিবেশ সম্পর্কে অভিজ্ঞতাসম্পন্ন চীনা পেশাজীবীদের এই দপ্তরে যুক্ত করা হয়েছে, যারা বিনিয়োগকারীদের প্রাথমিক আগ্রহ থেকে শুরু করে বাস্তব বিনিয়োগ প্রকল্প গড়ে তোলা পর্যন্ত প্রতিটি পর্যায়ে সহায়তা দেবেন।

নতুন এই গুয়াংজু কার্যালয়ে প্রধান প্রতিনিধি ও ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করবেন মে ঝৌ এবং প্রতিনিধি ও ব্যবসা উন্নয়ন বিশ্লেষক হিসেবে রয়েছেন ইয়াং ওয়েনচুয়াং।

চীন ও বাংলাদেশের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতায় এক দশকের বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে মে ঝৌর; এর আগে তিনি চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের নির্বাহী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অপরদিকে ইয়াং ওয়েনচুয়াংয়েরও দুই দেশের ব্যবসায়িক সহযোগিতায় ১০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি বাংলাদেশে চীনের একটি বৃহৎ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন এবং পাশাপাশি চীনের আইনজীবী হিসেবেও তার যোগ্যতা রয়েছে; বিনিয়োগসংক্রান্ত বিধিবিধান ও বাণিজ্যিক আলোচনায়ও তিনি অভিজ্ঞ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চীনা বিনিয়োগকারীদের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে ইনভেস্ট বাংলাদেশ ইতিমধ্যেই বিনিয়োগবিষয়ক প্রচার কার্যক্রম, ব্যবসায়িক ফোরাম ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক অংশীদারত্বের মাধ্যমে কাজ করে যাচ্ছে, আর নতুন এই কার্যালয় সেই প্রচেষ্টাকে আরও গতিশীল করবে। বিশেষ করে চীনা বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা এবং তাদের বিনিয়োগের আগ্রহকে কার্যকর প্রকল্পে রূপান্তরের ওপর গুরুত্ব দেওয়া হবে।

কার্যালয়টির ঠিকানা ইউনিট ২৪০৭, জিয়ানহে সেন্টার, ১১১–১১৩ তিয়ু ওয়েস্ট রোড, তিয়ানহে জেলা, গুয়াংজু, গুয়াংডং প্রদেশ, চীন। এ বিষয়ে বিস্তারিত তথ্য ইনভেস্ট বাংলাদেশের ওয়েবসাইটে পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

অনুমোদন ছাড়াই রিফাইনারি স্থাপনের চেষ্টার অভিযোগ সুপার পেট্রোকেমিক্যালের বিরুদ্ধে

জ্বালানি বাজারের অস্থিরতার সুযোগ নিয়ে অনুমোদনের বাইরে নতুন কার্যক্রম পরিচালনার চেষ্টা করছে সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি (এসপিসিএল) — এমন অভিযোগ উঠেছে…

অর্থনীতি ও ব্যবসা

ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে যুক্ত হবে বাংলাদেশ, জানালেন অর্থমন্ত্রী

আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন প্রোগ্রামে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্যে সংস্থাটির সঙ্গে সরকারের দুটি ও…

অর্থনীতি ও ব্যবসা

চার মাসে প্রবাসী আয় ১ হাজার ১৪৬ কোটি ডলার, সবচেয়ে বেশি পাঠিয়েছেন সৌদিপ্রবাসীরা

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) প্রবাসীরা দেশে মোট ১ হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদে…

অর্থনীতি ও ব্যবসা

পল্লী অবকাঠামোতে তহবিল জোগাতে ৩ হাজার কোটি টাকার সুকুক ছাড়ছে সরকার, মুনাফা ৭.৫০ শতাংশ

দেশের পল্লী অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নকাজে তহবিল জোগাতে ৩ হাজার কোটি টাকা মূল্যের স্বল্পমেয়াদি ইসলামি বন্ড বা বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক বাজারে ছা…