অনুমোদন ছাড়াই রিফাইনারি স্থাপনের চেষ্টার অভিযোগ সুপার পেট্রোকেমিক্যালের বিরুদ্ধে
জ্বালানি বাজারের অস্থিরতার সুযোগ নিয়ে অনুমোদনের বাইরে নতুন কার্যক্রম পরিচালনার চেষ্টা করছে সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি (এসপিসিএল) — এমন অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। প্রতিষ্ঠানটির এই কার্যক্রম ও নতুন লাইসেন্স পাওয়ার প্রচেষ্টা নিয়ে জ্বালানি খাতে আলোচনা-সমালোচনা চলছে।
সুপার পেট্রোকেমিক্যাল ২০১৩ সাল থেকে কনডেনসেট ফ্র্যাকশনেশন প্ল্যান্ট পরিচালনার লাইসেন্স নিয়ে ব্যবসা করে আসছে। অভিযোগ রয়েছে, সম্প্রতি প্রতিষ্ঠানটি অনুমোদিত কার্যক্রমের সীমা ছাড়িয়ে পূর্বানুমোদন ছাড়াই একটি ক্রুড অয়েল রিফাইনারি স্থাপনের চেষ্টা করছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ প্রতিষ্ঠানটির ক্রুড অয়েল আমদানির আবেদন সরাসরি নাকচ করে দিয়েছে। এরপরও বিভিন্ন মহলে প্রভাব খাটিয়ে নতুন লাইসেন্স বা অনুমোদন পাওয়ার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।
আইনি দিক তুলে ধরে সংশ্লিষ্টরা বলছেন, এসপিসিএল শুধু গ্যাস ফিল্ড বা আমদানিকৃত কনডেনসেট প্রক্রিয়াজাত করার লাইসেন্সপ্রাপ্ত। 'কনডেনসেট ফ্র্যাকশনেশন প্ল্যান্ট নীতিমালা, ২০১৪'-এর ধারা ১.১ ও ১.৪ অনুযায়ী এই লাইসেন্সের অধীনে কোনোভাবেই ক্রুড অয়েল রিফাইনারি স্থাপন বা বড় করার সুযোগ নেই।
একই নীতিমালার ধারা ৮(ঙ) অনুযায়ী, এই প্ল্যান্টে উৎপাদিত পরিশোধিত পণ্য সরাসরি খোলা বাজারে বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ। সংশ্লিষ্টদের মতে, যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে শুরু থেকেই খোলা বাজারে পণ্য বিক্রির অপচেষ্টার অভিযোগ রয়েছে, তাদের নতুন কোনো বড় কাজ বা রিফাইনারির অনুমোদন দেওয়া নীতিবিরোধী।
'বেসরকারি পর্যায়ে রিফাইনারি স্থাপন নীতিমালা-২০২৩' অনুযায়ী রিফাইনারি স্থাপনের জন্য অবকাঠামো তৈরি বা যন্ত্রপাতি আমদানির আগে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে নীতিগত ও চূড়ান্ত অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। অথচ অভিযোগ উঠেছে, এসপিসিএল কোনো অনুমতি ছাড়াই রিফাইনারির অবকাঠামো ও যন্ত্রপাতি এনে ফেলেছে।
একই নীতিমালার ধারা ৭ ও ৭.১ অনুযায়ী বৈধ রিফাইনারি লাইসেন্স ছাড়া কেউ ক্রুড অয়েল আমদানি করতে পারে না। পুরোনো ফ্র্যাকশনেশন প্ল্যান্টের লাইসেন্স দিয়ে ক্রুড অয়েল আমদানির কোনো আইনি সুযোগ নেই বলেও উল্লেখ করা হয়েছে।
জাতীয় শিল্পনীতির ধারা ৩.২.১৫ ও পরিশিষ্ট-৭ অনুযায়ী 'ক্রুড অয়েল রিফাইনারি' অত্যন্ত সংবেদনশীল ও সরকারের কঠোর নিয়ন্ত্রণে থাকা একটি শিল্পখাত। এই খাতে যেকোনো বিনিয়োগ বা যন্ত্রপাতি আমদানির আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র নেওয়া বাধ্যতামূলক। নিয়ন্ত্রিত খাত হওয়ায় জ্বালানি বিভাগের অনুমতি ছাড়া বিডা বা অন্য কোনো সংস্থার পক্ষে এই খাতের যন্ত্রপাতি আমদানির অনুমতি দেওয়ার আইনগত এখতিয়ার নেই।
'কাস্টমস আইন, ২০২৩' এবং আমদানি ও রপ্তানি (নিয়ন্ত্রণ) আইন, ১৯৫০ অনুযায়ী পূর্বানুমোদন ছাড়া নিয়ন্ত্রিত কোনো পণ্য আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ। সাধারণ শিল্প বা ফ্র্যাকশনেশন প্ল্যান্টের কথা বলে ক্রুড অয়েল রিফাইনারির যন্ত্রপাতি আমদানি করা কাস্টমস আইন অনুযায়ী 'অসত্য ঘোষণা' ও দণ্ডনীয় অপরাধ; এ ধরনের পণ্য রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তযোগ্য এবং জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি মামলায় কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে।
জ্বালানি বিভাগের ১৬ নভেম্বর ২০২৫ তারিখের চিঠিতে এসপিসিএলের আবেদন পরিষ্কারভাবে নামঞ্জুর করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ের অভিজ্ঞদের মন্তব্য, প্রতিষ্ঠানটির এই কার্যক্রম আইনসম্মত নয়; এটি বন্ধ করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়াই সঠিক সিদ্ধান্ত হবে।
